স্পোর্টস ডেস্ক ঃ
মেসি কি আর ফিরে আসবেন ? এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। জনতার দাবি তো আছেই। সেই দাবিতে শামিল এমনকি আর্জেন্টিনা কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাও। হকি কিংবদন্তি লুসিয়ানা আইমার। দেশটির প্রেসিডেন্ট মরিসিও মাকরিও অনুরোধ করেছেন। কিন্তু লিওনেল মেসি সিদ্ধান্তটা আরও একবার ভেবে দেখবেন তো?
এই কারণেই নতুন করে আগ্রহ তৈরি হয়েছে, মেসি কি এত অনুরোধ উপেক্ষা করতে পারবেন? নাকি আসলেই আর ফিরবেন না?
প্রেরণা হিসেবে অনেকেই ফ্রেঞ্চ কিংবদন্তি জিনেদিন জিদানের প্রসঙ্গে টেনে আনছেন। ২০০৬ বিশ্বকাপের বাছাইপর্বে দেশের অবস্থা বেগতিক দেখে ঠিকই ফিরে এসেছিলেন ফরাসি মিডফিল্ডার। মেসিও কি তেমন কিছু করবেন?
মেসি ঘোষণা দিতে গিয়ে বলেছিলেন, যা দেওয়ার ছিল সবই দিয়েছি। চ্যাম্পিয়ন হতে না পারাটা সব সময়ই পোড়ায়। কথাটা সত্যি। একটা টুর্নামেন্টের ফাইনালে উঠে হারই যেখানে মেনে নেওয়া যায় না, সেখানে টানা তিন-তিনটি ফাইনালে হার তো অনেক কঠিনই। তার ওপর দেশের মানুষ, সংবাদমাধ্যমের নিয়মিত সমালোচনাও সহ্য করতে হয়েছে মেসিকে। সঙ্গে যোগ হয়েছে ম্যারাডোনার সঙ্গে নিয়মিত অযাচিত তুলনা।
কদিন আগেই ম্যারাডোনা বলেছিলেন, মেসির মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো সেই ব্যক্তিত্বই নেই। কে জানে, এই সবকিছু চাপ হয়ে এসেছে বলেই এত তাড়াতাড়ি সরে গেছেন কি না মেসি?
চার কোটি মানুষের দেশের প্রত্যাশা নিয়মিত বয়ে বেড়ানোর চাপের ওপর এই চাপ তো অসহনীয় হয়ে ওঠারই কথা। প্রতিটি টুর্নামেন্টের আগেই যেখানে মনে করিয়ে দেওয়া হয়, এখনো দেশের হয়ে কিছু জিততে পারনি। এবার কিছু করে দেখাও। ম্যারাডোনা তো পেরেছিলেন, তুমি কেন পারবে না? হয়তো এই চাপগুলোই প্রতিটি টুর্নামেন্টের ফাইনালে জেঁকে বসে মেসির ওপর।
তবে অবসর নিয়ে চলে যাওয়া মানে তো সেই চাপের কাছে চিরদিনের জন্য নতি স্বীকার করে নেওয়া। মেসির মতো চ্যাম্পিয়ন খেলোয়াড়ের কাছে সেটি নিশ্চয়ই প্রত্যাশিত নয়। প্রবাদ তো আছেই, পড়ে যাওয়া মানেই হেরে যাওয়া নয়, পড়ে গিয়ে আর উঠতে চেষ্টা না করাই আসল হার।
মেসি কি সেটি হতে দেবেন? সবকিছু যখন শান্ত হয়ে যাবে, যখন এই হারের দুঃখ কিছুটা সয়ে যাবে, তখন কি এই সিদ্ধান্ত বদলের চিন্তাটা মাথায় আসবে না। সমর্থকদের প্রত্যাশা তেমনই। বিশেষ করে বয়স সাবেক আর্জেন্টিনা ফরোয়ার্ডের পক্ষে। মাত্রই কদিন আগে ২৯-এ পা দেওয়া মেসি এখনো চাইলে অন্তত চার–পাঁচ বছর খেলে যেতে পারবেন আর্জেন্টিনার হয়ে।
তার চেয়েও বড় কথা, ২০১৮ বিশ্বকাপ সামনে। তখন মেসির বয়স হবে ৩১। নতুন করে ইতিহাস লেখার ক্ষমতা তখনো হয়তো পুরোপুরিই থাকবে।
মেসি কি সেই হাতছানি উপেক্ষা করবেন?
আশার কথা হলো, মেসির ঘোষণাটি যেন অনেক বেশি অনানুষ্ঠানিক ছিল। এখনো আনুষ্ঠানিকভাবে মেসি বলেননি, ‘না, আর খেলব না।’ তার চেয়েও বড় কথা, আর্জেন্টিনার পরের প্রতিযোগিতামূলক ম্যাচের ঢের বাকি আছে। বিশ্বকাপ বাছাইপর্ব হবে আগামী সেপ্টেম্বরে। মেসি তাঁর সিদ্ধান্ত বদলাতে, কিংবা বাকিরা মিলে মেসিকে সিদ্ধান্ত নিয়ে আরেকবার ভাবতে রাজি করানোর জন্য যথেষ্ট সময় পাচ্ছেন।

























































