মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ‘ঈশ্বরের অমূল্য উপহারটির যত্ন নিক আর্জেন্টিনা’


‘ঈশ্বরের অমূল্য উপহারটির যত্ন নিক আর্জেন্টিনা’


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৬.২০১৬

706fba9fa8dd47af8d5a9162d01ee94f

স্পোর্টস ডেস্ক ঃ

অর্থনৈতিক শক্তির দিক দিয়ে তারা বিশ্বের প্রথম সারিতে নেই, নেই সামরিক শক্তিতেও। হলিউড-বলিউডের মতো প্রভাবশালী মাধ্যমও নেই তাদের। আর্জেন্টিনার আছে ফুটবল, গর্বের ফুটবল। এখনো ফিফা র‍্যাঙ্কিংয়ে আকাশি-নীলরাই আছে চূড়ায়! আর্জেন্টিনা যদি পরিচিত হয় ফুটবল দিয়ে, তবে এই মুহূর্তে সেটির সবচেয়ে বড় বিজ্ঞাপন লিওনেল মেসি!
একের পর এক ব্যর্থতার যন্ত্রণা সইতে না পেরে কোপা আমেরিকার ফাইনালের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন মেসি। তাঁর বিদায়ে হাহাকার, তোলপাড় তৈরি হয়েছে বিশ্ব ফুটবলে; নিজের দেশ আর্জেন্টিনায় তো অবশ্যই। এ কারণে আমজনতা থেকে রাষ্ট্রপ্রধানের আকুতি—‘ফিরে এসো মেসি।’ মেসিকে সিদ্ধান্তটা বদলানোর অনুরোধ করে টুইট করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মরিসিও মাকরি। মন্ত্রিপরিষদের বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে তিনি মেসিকে আগলে রাখার কথাই বললেন, ‘আমরা সৌভাগ্যবান, সে আমাদের জীবনের অন্যতম তৃপ্তি। আমাদের মতো ফুটবলপ্রিয় দেশে বিশ্বের সেরা খেলোয়াড়কে পাওয়াটা ঈশ্বরের উপহার। ঈশ্বরের অমূল্য এই উপহারকে আমাদের যত্ন নিতেই হবে।’

অবসর ভেঙে ফেরার অনুরোধ করে এরই মধ্যে প্রেসিডেন্ট নিজেই মেসিকে ফোন দিয়েছেন। কোনো সমালোচনায় কান না দেওয়ার জন্যও পরামর্শ দিয়েছেন। মানসিক বিপর্যয় কাটিয়ে উঠতে মেসিকে অনুপ্রাণিত করেছেন মাকরি, ‘তার সঙ্গে কথা বলে অভিনন্দন জানিয়েছি। বলেছি, দল অসাধারণ এক টুর্নামেন্ট খেলেছে।’

চারদিকে এত অনুরোধ, এত হাহাকার—মেসি কানে তুললে তো! আর্জেন্টিনা অধিনায়কের মুখে যে তালা। এএফপি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি