শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » জিম্মি উদ্ধারে কমান্ডো অভিযান সমাপ্ত, ৫ হামলাকারী নিহত, জিম্মি ১৮ জনকে উদ্ধার


জিম্মি উদ্ধারে কমান্ডো অভিযান সমাপ্ত, ৫ হামলাকারী নিহত, জিম্মি ১৮ জনকে উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৭.২০১৬

 

133070_148-550x330

ডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জিম্মিকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান প্রাথমিকভাবে সমাপ্ত করা হয়েছে।

অভিযানে পাঁচজন হামলাকারীর নিহত হয়েছে বলে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে চ্যানেল আই অনলাইন এ খবর দিয়েছে।

রেস্টুরেন্টে আটকা পড়া জিম্মিদের উদ্ধারে সকাল ৭টা ৪৫ মিনিটে অভিযান শুরু করে যৌথবাহিনী। জিম্মি থাকা ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। ১০ সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

তবে বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, অভিযানে জিম্মি থাকা ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার সকাল পৌনে ৯টার দিকে এ তথ্য জানানো হয়।

পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে আরো বলা হয়, উদ্ধার ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। উদ্ধার হওয়া একজন বিদেশিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে র‍্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ ঘটনাস্থলে আমাদের সময় ডটকমের প্রতিবেদককে বলেন, রেস্টুরেন্টের ভেতরে পাঁচজন মারা গেছে। ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহত ও উদ্ধার করা ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

১৩৩০৭০থ১৪৮ঘটনাস্থলের কাছাকাছি থাকা প্রতিবেদকেরা জানান, উদ্ধার অভিযানের একপর্যায়ে ওই রেস্তোরাঁয় সাতটি অ্যাম্বুলেন্স নেওয়া হয়। সেগুলোতে অনেককে সরিয়ে আনা হয়।

এদিকে অভিযান শুরুর আগে আইএসের (ইসলামিক স্টেট) কথিত বার্তা সংস্থা আমাক নিউজ ওই রেস্তোরাঁর ভেতরে তাদের হাতে নিহত কয়েকজনের রক্তাক্ত ছবি প্রকাশ করে। আমাক নিউজের সেসব ছবি যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ টুইটারে প্রকাশ করে অভিযান শুরুর প্রায় আধা ঘণ্টা আগে।

rab-0120160702040233

সকাল ৭টা ৪০ মিনিটে সেনা, নৌ কমান্ডো ও সোয়াতের অভিযান শুরু করেছে। ইতোমধ্যে সেনাপ্রধান ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। ১২৫ জন কমান্ডো ভিতরে প্রবেশ করেছে।

রেস্টুরেন্টের চার বর্গ কিলোমিটার এলাকা এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। গণমাধ্যমকর্মীদের ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রেস্টেুরেন্টের ভেতরে সন্ত্রাসীরা এখনও জিম্মি করে রেখেছে দেশি-বিদেশিদের নাগরিকদের। এর মধ্যেই যৌথ বাহিনীর পক্ষ থেকে হ্যান্ড মাইকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হচ্ছে। অন্যদিকে চলছে অভিযানের প্রস্তুতি। তবে অভিযানের প্রস্তুতি কোন পর্যায়ে বা কখন শুরু হবে সে সম্পর্কে কিছুই জানানো হচ্ছে না।

জিম্মি অবস্থা চলছে শুক্রবার রাত সোয়া ৯টা থেকে। পুলিশ বেষ্টনীর বাইরে উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন জিম্মিদের স্বজনরা। এরমধ্যেই নিহত ডিবির এসি রবিউল করিম ও বনানী থানার ওসি সালাহউদ্দিনের আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে এসে চলে গেছেন।

সাংবাদিকরা ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে অবস্থান করছেন। এর মধ্যেই শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। এছাড়া গুলশানের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা।

ঘটনাস্থলে নিরাপত্তা বলয় তৈরি করতে ৮৪ নম্বর রোডের ইরানি অ্যাম্বাসি ও ইতালি অ্যাম্বাসির সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে। পুলিশের রায়ট কার ও ফায়ার সার্ভিসের গাড়িও এলাকায় মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, র‌্যাব ও নেভির কমান্ডো এবং সোয়াত টিম মূল অভিযানের প্রস্তুতি নিয়েছে। তারা রেস্টুরেন্টের ভেতরে অস্ত্রধারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। রেস্টুরেন্টের ফোনে বারবার ফোন করা হলেও ফোনটি কেউ ধরছে না বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে, যৌথবাহিনী গুলশানের রেস্টুরেন্টে জিম্মি সংকটের অবসান ঘটাতে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানালে জঙ্গিরা তিনটি শর্ত দিয়েছিলো। শর্ত তিনটি হলো- ১. একদিন আগে ডেমরা থেকে আটক জেএমবি নেতা খালেদ সাইফুল্লাহকে মুক্তি দিতে হবে। ২. তাদেরকে নিরাপদে বের হয়ে যেতে দিতে হবে। ৩. ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের এই অভিযান- স্বীকৃতি দিতে হবে।

প্রত্যক্ষদর্শী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, জঙ্গিরা বার বার রেস্টুরেন্টের ভেতর থেকে চিৎকার করে তাদের শর্তের কথা জানাচ্ছে।

প্রসঙ্গত, রাজধানীর গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের একটি রেস্তোরাঁয় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ডিবির সহকারী (এসি) রবিউল করিম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন নিহত হয়েছেন। এছাড়া পুলিশসহ অর্ধশত আহত হয়েছেন।

গুলশান ২ নম্বরের কাছে হলি আর্টিজান বেকারির ভেতরে গোলাগুলি শুরু হয়। রেস্টুরেন্টটি লেকভিউ ক্লিনিক ও নর্ডিক ক্লাবের কাছে অবস্থিত। এ ঘটনায় ডিবির এসি রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাহউদ্দিন নিহত হয়েছেন।

এছাড়া পুলিশসহ অর্ধশত আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন এডিসি আহাদুল ইসলাম, পুলিশ কনস্টেবল প্রদীপ (২৮), পুলিশ কনস্টেবল আলমগীর (২৬) ও মাইক্রোবাস চালক আব্দুর রাজ্জাক (৩০)।

ইত্তেফাকের অনলাইন সংস্করণে এপর্যন্ত ৪ জন নিহত হওয়ার সংবাদ দিয়েছে।

এছাড়া, ভারতের এনডিটিভিতে ২ জন বিদেশী কুটনৈতিক নিহত হওয়ার সংবাদ প্রচার করছে।

এ সময় হোটেলের ভেতরে ৪ জন জাপানি নাগরিকসহ প্রায় ২০ জিম্মি হয়ে পড়েছেন। একই ভবনে ও কিচেন নামে আরেকটি রেস্টুরেন্ট আরও ৫জনকে জিম্মি করা হয়েছে বলে জানিয়েছেন আইজিপি। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনার সূত্রপাত ঘটে।

আইজিপির প্রটোকলে থাকা এএসআই ইসমাইল জানান, রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে বনানী থানার ওসি সালাহউদ্দিন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার লাশ ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগের পাশে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। হাসপাতালটিকে পুলিশ ঘেরাও করে রেখেছে। আইজিপি হাসপাতালের ভেতরেই আছেন।
এনএসআইয়ের এক কর্মকর্তা জানান, রাত বারোটার পর ইউনাইটেড হাসপাতারে চিকিৎসাধীন অবস্থায় ডিবির এসি রবিউল ইসলাম মারা যান।

আব্দুর রাজ্জাক গলায় ও শরীরের অন্যান্য স্থানে, প্রদীপের বাম গাল ও ডান পায়ে, আলমগীরের ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের ইউনাইটেড হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আমরা হোটেল ঘিরে রেখেছি। সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

রেস্টুরেন্ট ও কিচেনের সুপারভাইজার সুমন রেজা বলেন, আল্লাহু আকবর ধ্বনি দিয়ে তিন চার জনের একটি দল রেস্টুরেন্টে ঢুকে সবাইকে জিম্মি করার চেষ্টা করে। তখন রেস্টুরেন্টের ভেতরে সবাই দৌড়াদৌড়ি শুরু করে। এ সময় সন্ত্রাসীরা গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। আমি রেস্টুরেন্টের কিচেনের ছাদ দিয়ে পালিয়ে আসি। তখনও ভেতরে স্টাফসহ ২২ জন জিম্মি অবস্থায় ছিলেন।

আহত পুলিশ কনস্টেবল প্রদীপ জানান, একজন ব্যক্তিকে রেস্টুরেন্টের সামনে গুলি করে কেউ ফেরে রেখেছে বা গুলি করতেছে, এমন সংবাদের ভিত্তিতে আমরা তাকে রক্ষা করার জন্য সেখানে যাই। ঠিক ওই এলোপাতাড়ি গুলি এসে আমাদের গায়ে লাগে।

তবে, এ ঘটনার কারণ ও রেস্টুরেন্টের ভেতরের পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। র‌্যাব-পুলিশ-বিজিবি ওই এলাকা ঘেরাও করে রেখেছে। ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা হাজির হয়েছেন। রেস্টুরেন্টের ভেতর আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের জন্য প্রস্তুতি চলছে।

ঘটনার প্রতক্ষ্যদর্শীরা জানান, কিছুক্ষণ পরপরই রেস্টুরেন্টের মধ্য থেকে গুলি ও গ্রেনেডের শব্দ পাওয়া যাচ্ছে। নিরাপত্তার কারণে পুরো এলাকার সড়কের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের আইজি একে এম শহিদুল ইসলাম, র‌্যাবের ডিজি বেনজির আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। এছাড়া পুলিশের বিশেষ টিম সোয়াত ঘটনাস্থলে পৌঁছেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি