ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আরও একজন শিবির নেতা সাবেক সভাপতি ইবনুল ইসলাম পারভেজ (২৯) নিহত হয়েছেন।
শুক্রবার দিনগত রাত ৩টার দিকে সদর উপজেলার মধুপুর কবরস্থানের কাছে এ বন্দুকযুদ্ধে হয়।
তিনি ছাত্রশিবিরের ঝিনাইদহ শহর শাখার সাবেক সভাপতি ছিলেন এবং জেলা শহরের বনানীপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
তার স্বজনেরা জানিয়েছেন, কয়েক দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন ইবনুল। এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় জেলায় ছাত্রশিবির তিনজন নেতাকর্মী বন্দুকযুদ্ধে নিহত হলেন।
পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলি ও বোমা উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, রাতে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে যাওযার পর আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা গুলি চালায়।
পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে অজ্ঞাত এক দুর্বৃত্ত গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে আনা হয়। তিনি আরও জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।
এর আগে গত বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের রাস্তার মোড়ে নিহত হন শিবির নেতা শহীদ আল হোসেন ও আনিসুর রহমান।























































