শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৪৫ মিনিটের বিশেষ অভিযান


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৭.২০১৬

133070_148-550x330

ডেস্ক রিপোর্ট :

অভিযান শুরুর এক ঘন্টা আগে সকাল সাড়ে ৬টায় গুলশানে হলি আর্টিজেন রেস্তোরাঁর ছাদে এক বিদোশি নাগরিককে নিয়ে দুই জিম্মিকারীকে হাঁটতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল সাড়ে ৭টায় পুলিশ, র‍্যাব, বিজিবি, সোয়াত ও সেনাবাহিনীর সমন্বয়ে শুরু হয় যৌথ বাহিনীর বিশেষ অভিযান। কানে আসে মুহুর্মুহু গুলির শব্দ। জিম্মি অবস্থা থেকে উদ্ধার করা হয় ১২ জনকে। ঘড়ির কাটা তখন ৮টা ১৬ মিনিটের ঘরে। খবর পাওয়া যায় পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। এর কিছুক্ষণ পর আরো ৬ জনকে উদ্ধার করা হয়। ততক্ষণে রেস্তোরার ভেতরে অবস্থান নেয়া ৫ হামলাকারি নিহত হয়। উদ্ধার অভিযানের একপর্যায়ে ওই রেস্তোরাঁয় সাতটি অ্যাম্বুলেন্স নেওয়া হয়।

এর আগে শুক্রবার মধ্য রাত থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুতি নিতে শুরু করে যা ভোর পাঁচটার দিকে শেষ হয়। পরে আশপাশে অবস্থান নেওয়া সংবাদকর্মীদের পুলিশ নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। শনিবার সকাল ৬টার দিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি সেখানে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের সঙ্গে কথা বলেন। সকাল সাতটায় সাতটি সাঁজোয়া যাসহ সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় অবস্থান নেয়।

ঊল্লেখ্য, শুক্রবার রাত পৌনে নয়টার দিকে গুলশানের ৭৯ নম্বরের আর্টিজান রেস্তোরাঁয় ৮ থেকে ১০ জন যুবক অতর্কিত হামলা চালায়। এরপর তারা ওই রেস্তোরাঁয় থাকা লোকজনকে জিম্মি করে। জিম্মিদের মধ্যে অন্তত ২০ জন বিদেশি নাগরিকসহ ৩০-৩৫ জন আছেন বলে ধারণা করা হয়। এরপর থেকে পুরো চার কিলোমিটার এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রাখে।

জঙ্গি হামলার কিছুক্ষণ পর পুলিশের অগ্রগামী দলের দুই কর্মকর্তা জঙ্গিদের গুলি ও বোমায় নিহত হন। আহত হন অন্তত ৪০ জন পুলিশ সদস্য। নিহত দুই পুলিশ কর্মকর্তা হলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন।

গুলশানের ইউনাইটেড হাসপাতাল সূত্র জানায়, ওই হাসপাতালে মোট ৩৬ জন আহত ব্যক্তিকে নেওয়া হয়েছিল। এর মধ্যে দুজন মারা গেছেন। এখন ভর্তি আছেন ২৪ জন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, হামলা ও জিম্মি করার এই ঘটনার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। কিছু কিছু গণমাধ্যম বলছে আল-কায়েদাও এর দায় স্বীকার করেছে। তবে ভারতীয় গণমাধ্যম একমাত্র এনডিটিভিই বলছে হামলাকারিদের পক্ষ থেকে জঙ্গি নেতাদের মুক্তির দাবি জানানো হয়েছে। তবে এ ধরণের কোন খবর অন্যকোন দেশি-বিদেশি গণমাধ্যমের বরাতে জানা যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি