

নিজস্ব প্রতিবেদক:
দেশের চলমান সংকট মোকবিলা এবং সন্ত্রাসীদের বিরুদ্ধ ঐক্য গড়ে তোলার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার বিকালে গুলশানে বিএনপির চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। এরপরই রোববার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বান ‘প্রত্যাখ্যান’ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
খালেদা জিয়া বলেন, কোনো অর্জনই টিকবে না, যদি সন্ত্রাসবাদ মোকাবেলা করতে না পারি। তাই আসুন সন্ত্রাস বিরোধী ঐক্য গড়ে তুলি। খালেদা আরও বলেন, আমাদের একতাবদ্ধ হতেই হবে। কে ক্ষমতায় থাকবে, কে থাকবে না, এটি বড় কথা নয়। একদিন আমরা কেউ থাকবো না, কিন্তু দেশটা থাকবে।
খালেদা জিয়া বলেন, শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে দেশের চলমান সংকট মোকাবেলা করা যাবে না। সন্ত্রাস দমন কার্যক্রমকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে গেলে এই সংকট আরো প্রকট আকার ধারণ করবে।
এর আগে গুলশানে জঙ্গি হামলার ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ রুখতে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যের আহ্বান জানান। আজ রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির নেত্রীও ঐক্য চাইলেন। জাতীয় এই সংকটের মুহূর্তে অন্যান্য দলের পক্ষ থেকেও ঐক্যের আহ্বান এসেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস ও গয়েশ্বয় চন্দ্র রায়।
একই দিন খালেদা জিয়ার বক্তব্যের জবাব দিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ। এতে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক হানিফ বলেন, ‘অবশ্যই, জাতীয় ঐক্যের প্রয়োজন আছে। এটা আমরাও মনে করি। কিন্তু জাতীয় ঐক্য হবে কার সঙ্গে? যিনি জঙ্গি লালন করছেন, জঙ্গি-সন্ত্রাসী কর্মকান্ডে পৃষ্ঠপোষকতা করছেন তার সঙ্গে? কিভাবে তার সঙ্গে জাতীয় ঐক্য সম্ভব?’ প্রশ্ন তোলেন তিনি।
খালেদা জিয়াকে ইঙ্গিত করে হানিফ বলেন, ‘উনি আগে যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করুক। অতীত ভুলের জন্য অনুশোচনা প্রকাশ করুক। তাহলে উনার সঙ্গে জনগণের ঐক্য হতে পারে। আমাদের ঐক্যও হতে পারে। কারণ জাতীয় ঐক্য আমরাও চাই। তিনি বলেন, ‘আজকে খালেদা জিয়া বেশ কিছু ভাল কথা বলেছেন। কিন্তু ওই বক্তব্য শুনে দেশবাসীর সঙ্গে আমরাও অবাক হয়েছি। কারণ তিনি বলেছেন, কোন বিবেকবান মানুষ এ সকল হত্যাকান্ড ঘটাতে পারে না। তার এই কথাগুলো সুন্দর ও মূল্যবান। কিন্তু এসব কথা বলছেনটা কে? যিনি একবছর আগেও সরকার বিরোধী হরতাল ধর্মঘটের ডাক দিয়ে পেট্রোল বোমা ও আগুন সন্ত্রাসের মাধ্যমে ২২১ জন মানুষকে হত্যা করেছেন’ দাবি আওয়ামী লীগের এই মুখপাত্রের।
তিনি দাবি করেন, ‘বাংলাদেশে সকল সন্ত্রাসী কর্মকান্ডের উৎস হচ্ছে বেগম জিয়া। আমরা তার সময়ে বাংলা ভাইসহ সব জঙ্গিদের উত্থান দেখেছি। তিনি বলেন, ‘বাংলাদেশে আইএস ও আলকায়েদা বলে কিছু নেই। এদের সঙ্গে আর্ন্তজাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা আলকায়েদার সম্পর্কও নাই। এরা সবাই জামায়াতের যারা বিভিন্ন সংগঠনের নামে সরকারকে বিব্রত করা এবং বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, স্বাস্থ্য সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু প্রমুখ।






















































