শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পুলিশের ওপর প্রথম হামলাটি ছিল গ্রেনেডের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৭.২০১৬

011623solakia-kalerkantho-pic-550x367

পূর্বাশা ডেস্ক:

ঈদের দিন সকালে শোলাকিয়ায় পুলিশের ওপর হামলায় জঙ্গিরা প্রথমেই গ্রেনেড ব্যবহার করে। পর পর দুটি গ্রেনেডের শক্তিশালী বিস্ফোরণে ঘটনাস্থলে দায়িত্বরত ১৪ জন পুলিশ সদস্যের মধ্যে ১০ জনই গুরুতর আহত হন। পরে তাঁদের মধ্যে দুজনকে জঙ্গিরা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে বলেছে, বিস্ফোরিত গ্রেনেডের স্প্লিন্টার পুলিশ সদস্যদের মুখ, বুক, পেট, হাত, পাসহ শরীরের বিভিন্ন জায়গায় বিদ্ধ হয়। তাঁরা মাটিতে লুটিয়ে পড়েন। বিস্ফোরণের ধোঁয়ায় ঘটনাস্থল অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। আর সেই ফাঁকে জঙ্গিরা আহত পুলিশ সদস্য জহিরুল ও আনসারুল হককে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে হাসপাতালে নিলে তাঁদের মৃত ঘোষণা করা হয়।

পুলিশের সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুসল্লিবেশে দুই জঙ্গি চেকপোস্টের কাছাকাছি গিয়েই পুলিশের ওপর পর পর দুটি গ্রেনেড ছুড়ে মারে। এ সময় অপেক্ষাকৃত সুস্থ পুলিশ সদস্যরা জঙ্গিদের ওপর গুলি ছুড়লেও ধোঁয়ার কারণে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছেন কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন এবং ওসি তদন্ত মোর্শেদ জামান সন্ত্রাসীদের প্রতিহত করার চেষ্টা করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার এস এম মোস্তাইন হোসেনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো এলাকা ঘিরে জঙ্গিদের ধরতে অভিযান চালায়। পুলিশের সঙ্গে গোলাগুলিতে এলাকার রেনু মিয়ার বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে আবির রহমান মারা যায়। ওই সময় সে ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে আড়াল থেকে বেরিয়ে এসেছিল। আর শরিফুল ইসলাম ওরফে শফিউল ইসলাম সবুজবাগ এলাকার একটি বাড়িতে ঢুকে পড়ে। পরে ওই টিনশেড বাড়ির টয়লেটের ওপর থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করা হয়। পুলিশ অভিযান চালিয়ে এ সময় একই এলাকার আবদুল হান্নান ভূঁইয়া বাবুলের বাড়ির উঠান থেকে গ্রেপ্তার করে জাহিদুল হক তানিমকে।

পুলিশের দায়িত্বশীল সূত্র এ ব্যাপারে খোলাসা করে কিছু না বললেও একটি সূত্র জানায়, যাদের গ্রেপ্তার করা হয় তারা পুলিশের কাছে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

জানা গেছে, নিহত আবিরের পাশ থেকে জাপানে তৈরি একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুটি তাজা গুলি ও একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। তা ছাড়া বিস্ফোরিত গ্রেনেডের একটি সেফটি পিনও তল্লাশি চালিয়ে উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে দুটি পিস্তল ও বেশ কিছু ধারালো অস্ত্রসহ আরো কিছু আলামত জব্দ করা হয়। সন্ত্রাসীদের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী যুদ্ধে ৬৭২ রাউন্ড গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

হামলায় জঙ্গিদের ব্যবহার করা বিস্ফোরকগুলো গ্রেনেড ছিল কি না এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সৈয়দ আবু সায়েম গতকাল মঙ্গলবার বলেন, যে বিস্ফোরকই হোক না কেন তা ছিল খুবই শক্তিশালী। তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, তদন্ত নির্দিষ্ট গতিতে চলছে।

র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক রাজীব কুমার দেব জানান, পুলিশের পাশাপাশি র‌্যাবও ঘটনার ছায়া তদন্ত চালিয়ে যাচ্ছে। পুলিশকে সহযোগিতা করতেই এমন উদ্যোগ। তিনি মন্তব্য করেন, ওই দিন জঙ্গিদের ব্যবহার করা বিস্ফোরকগুলো খুবই শক্তিশালী ছিল।

এদিকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জাহিদুল হক তানিমকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে জাহিদ হামলায় নিজের সংশ্লিষ্টতার কথা বা ঘটনার বিষয়ে পুলিশকে কোনো তথ্য দিয়েছে কি না তা জানা যায়নি। এ ব্যাপারে জানতে গতকাল সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোর্শেদ জামানকে ফোন করলে সন্ধ্যায় সেটি বন্ধ পাওয়া যায়।

এদিকে এ ঘটনায় আটক পাঁচজনকে গতকাল কিশোরগঞ্জ আদালতে নেওয়া হলে চিফ জুডিশিয়াল আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ না এনে ৫৪ ধারায় আদালতে পাঠিয়েছিল। তবে স্বজনদের অভিযোগ, পুলিশ অহেতুক তাদের গ্রেপ্তার করেছে। এ বিষয়ে চেষ্টা করেও পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ঈদের দিন সকালে শোলাকিয়া ঈদগাহের কাছে টহলরত পুলিশের ওপর বোমা, গুলি ও চাপাতি নিয়ে হামলা চালায় জঙ্গিরা। এতে দুই পুলিশসহ চারজন নিহত হন। আহত হন ১০ পুলিশ সদস্যসহ ১৩ জন। হামলাকারীদের মধ্যে একজন গুলিতে নিহত হয়। এক গৃহবধূও গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি