শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জঙ্গি হামলায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৭.২০১৬

Mahmud-ali20160713163446

পূর্বাশা ডেস্ক:

গুলশান ও শোলাকিয়ার ‘জঙ্গি’ হামলার ঘটনায় কোনোভাবেই বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

বুধবার (১৩ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এশিয়া-ইউরোপ মিটিংয়ের (আসেম) ১১তম শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেওয়ার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

আগামী ১৫-১৬ জুলাই মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, ওই ঘটনায় কোনোভাবেই বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়নি। জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যায় রুপ নিয়েছে। এটি সেই সমস্যারই অংশ’।

হামলার ধরনকে নির্দেশ করে তিনি বলেন, ‘বিশেষ কোনো দেশকে লক্ষ্য করে এ হামলা কিংবা কোনো দেশ এ আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে, এমনটা নয়।  তাই ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার সুযোগ নেই। তবে এ অপশক্তিকে প্রতিহত ও পরাজিত করতে হবে। এজন্য একবাক্যে সব বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশকে সমর্থন দিয়েছে’।

গত ১ জুলাই গুলশানে ও ঈদের দিন শোলাকিয়ার জঙ্গি হামলা সফলতার সঙ্গে সরকার মোকাবেলা করেছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘মনে হয়, পৃথিবীর খুব কম দেশ, বলতে গেলে কোথাও এভাবে মোকাবেলা করেনি’।

জঙ্গি হামলার ওইসব ঘটনাকে নিন্দনীয় ও দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, ‘এ শোককে আমরা শক্তিতে পরিণত করেছি। পৃথিবীর যেখানে এ নিয়ে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ রয়েছে, সেখানেই বাংলাদেশ অংশগ্রহণ করছে’।

সন্ত্রাসবাদ দমনে বন্ধুপ্রতিম দেশের সহযোগিতার প্রশ্নে মাহমুদ আলী বলেন, ‘আমরা অবশ্যই বন্ধু রাষ্ট্রের সহযোগিতা নিতে চাই। জাতীয় স্বার্থ এবং আমাদের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে সম্ভাব্য কারিগরি ও প্রশিক্ষণের যে সুযোগগুলো আছে, সেগুলো বিবেচনা করেই নেওয়া হবে’।

তবে যুক্তরাষ্ট্র ও ভারত ছাড়া আর কোন কোন দেশ এ তালিকায় রয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘চোখ-কান খোলা রাখুন, জানতে পারবেন’।

জঙ্গি হামলা পরবর্তী সময়ে  ঢাকার মার্কিন দূতাবাস তাদের  কর্মকর্তাদের পরিবারকে দেশে ফেরত যাওয়ার সুযোগ দিয়েছে। সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‌মার্কিন যুক্তরাষ্ট্র সে দেশের আইন অনুযায়ী করেছে। আরো ৩৩টি দেশে তারা এ ধরনের নোটিশ দিয়েছে। তাদের অভ্যন্তরীণ আইন অনুযায়ী এ পদক্ষেপ গ্রহণ করে। এর সঙ্গে ভাবমূর্তি সংকটের কোনো বিষয় নেই’।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহীদুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি