শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আওয়ামী লীগ-জামায়াত সখ্যতা হবে না, এ গ্যারান্টি চায় বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৭.২০১৬

front3-bপূর্বাশা ডেস্ক:

জামায়াত প্রশ্নে সরকারের আচরণ ও মনোভাব নিয়ে বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে বিএনপি। জামায়াতকে বাদ দিলে বিএনপির সঙ্গে আলোচনা বা ঐক্যের সম্ভাবনার কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তা বিশ্বাস করতে পারছে না বিএনপি। দলটির নীতিনির্ধারকরা মনে করেন, জামায়াত প্রশ্নে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অবস্থান পরিষ্কার নয়। কারণ জামায়াতকে নিষিদ্ধ করার মতো সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও ক্ষমতাসীন আওয়ামী লীগ তা করছে না। তারা সংসদে জামায়াতকে নিষিদ্ধ করে দিলেই সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু তা সরকার করছে না। ফলে জামায়াতকে জোট থেকে বাদ দিলে আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা হবে না এর কোনো গ্যারান্টি নেই। বিএনপি সরকারের কাছ থেকে সেই গ্যারান্টি পেতে চায়।

দলটির নীতিনির্ধারকদের মতে, বিএনপির চেয়ে জামায়াতের সঙ্গে বেশি সখ্যতা আওয়ামী লীগের। বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও ভোটের রাজনীতিতে সে কথাই বলে। এ কারণে বিএনপি জামায়াতকে ছাড়ার প্রশ্নে যে বিষয়টি ভয় পাচ্ছে সেটা হলো জামায়াতের যে ভোটব্যাংক রয়েছে তা হাত ছাড়া হতে পারে। অন্যদিকে আওয়ামী লীগ কৌশলে আবার জামায়াতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে পারে। বর্তমান সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা জামায়াতের বিরোধিতা করলেও সরকারের বেশ কিছু অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের নিকট থেকে বড় ধরনের আর্থিক সুবিধা নেওয়া হয়েছে। এছাড়া ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পর্ষদে আওয়ামী লীগ নেতাদের বসানো হয়েছে। ফলে এসব নিয়ে মূলত জামায়াত প্রশ্নে আওয়ামী লীগকে বিশ্বাস করতে পারছে না বিএনপি।

জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জামায়াত প্রশ্নে আওয়ামী লীগ জাতিকে ব্লাকমেইল করছে। তারা ইসলামী ব্যাংকের মালিক হয়ে যাবেন। গভর্নমেন্টের দু-তিনটা ফাংশনে ইসলামী ব্যাংক সবচেয়ে বড় ডোনার হয়। টাকা নেওয়ার সময় রাজাকার থাকে না। অন্য সময় রাজাকার বলবেন। এটা ব্লাকমেইল না? বিচার করছেন, বচার করেন। জামায়াতের সব লোকতো আর রাজাকার না। তাদের অনেকের তো মুক্তিযুদ্ধের সময় জন্মই হয়নি। আমাদের তো জামায়াতকে বাদ দেওয়ার প্রয়োজন হয় না। আপনারা বাতিল করে দিলেই তো হয়। আর আমরা বাদ দিলে আপনি জামায়াতের সঙ্গে সম্পর্ক করবেন না এই গ্যারান্টিটা কী?

তিনি বলেন, নিবন্ধন বাতিল করেছেন, জামায়াত দলগতভাবে নির্বাচন করতে পারছে না। কিন্তু স্বতন্ত্র তো করতে পারবে। অনেক জায়গায় ১৪ দলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হয়নি? কোথাও নৌকা দিয়েছে, সেখানে নৌকা যায়নি। আবার নৌকা দিয়ে নৌকার মাঝিকে আলাদা দাড় করিয়ে পাস করিয়ে এনেছে। সুতরাং যেটা বলেন স্বচ্ছ বলেন। যেটা বলেন আন্তরিকভাবে বলেন। আপনি আপনার স্বার্থে বলবেন। আপনার স্বার্থ রক্ষা করার জন্য আমি আমার স্বার্থ বির্সজন দেব কেন। আমারও রাজনৈতিক স্বার্থ রয়েছে। ভোটের স্বার্থ রয়েছে। আগে আপনি বিসর্জন দেন তারপর দেখেন আমরা কী করি।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, সুতরাং তারা এতো কিছু পারে তারা পার্লামেন্টে জামায়াতকে বাতিল করে দিতে পারে। সেটা করে না। আর অতিত বলে রাজনৈতিক সখ্যতা জামায়াতের সাথে আওয়ামী লীগের বেশি। তত্ত্বাবধায়ক সরকার বিল প্রথম জামায়াত এনেছে। সেটা নিয়ে তারা আন্দোলন করেছে। মতিউর রহমান নিজামী, আলি আহসান মুজাহিদের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতারা মিটিং করেছেন এসব ছবিও তো আছে। তারা যুগপৎ আন্দোলন করেছে। আমি বলছি না তারা এক মঞ্চে বসেছে। এই যুগপৎ আন্দোলনে বিএনপির সাত দল, জামায়াত বাদে আওয়ামী লীগের আট দল, বামদলগুলোর নেতৃত্বে পাঁচ দল করেছে। তাই বলছি ভিন্ন কক্ষ পথে থেকেও আন্দোলন করা যায়। যদি লক্ষ্যপথ এক ও অভিন্ন হয়।

বিএনপির নীতিনির্ধারদের মতে, জামায়াত এখনো একটি রাজনৈতিক দল। জামায়াতের এমন লোক আছে যার সংখ্যা হবে ৬০ ভাগ। যাদের মুক্তিযুদ্ধের সময় জন্ম হয়নি। তাদের মধ্যে এমনও আছে যাদের মা-বাবার বিয়েও হয়নি। জামায়াতের যাদের দোষী মনে করা হয়, সন্দেহের তীর রয়েছে তাদের তো বিচার হচ্ছে। এ বিচার তো জনগণ বাধা দিতে আসেনি। কোনো রাজনৈতিক দল বাধা দেয়নি।  বিএনপিও না। রাজনীতি না করেও যদি কোনো ক্রিমিনাল অপেন্স করে তাহলে তার বিচার হবে। কিন্তু তাদের বাইরে যেলোকগুলো আছে, তাদের রাজনীতি করার অধিকার আছে না।

দলটির সিনিয়র এক নেতা বলেন, যদি সরকার মনে করে জামায়াত সব কিছুর জন্যই প্রতিবন্ধকতা। তাহলে ওনি (প্রধানমন্ত্রী) সংসদে কত বে আইনকে আইন বানিয়েছে। বিচারপতিদের অপসারণসহ কত আইন বানিয়েছেন। আবার একটা আইন করেছেন, কিছু আইন আছে ওই আইনগুলোকে পরির্বতন করা যাবে না। এটাও তো একটা বে আইনি আইন। যদি কোনো আইন পরির্বতন করা না যাবে তাহলে সংসদের দরকার কী।

দলটির এই নেতা  মনে করেন, সরকার বিএনপি-জামায়াতকে নিয়ে আবার নতুন খেলা শুরু করেছে। বিএনপি চেয়ারপারসন সম্প্রতি জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছেন সেই ডাকে সাড়া না দিয়ে ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে। এ কারণে তারা জামায়াতকে বাদ দেওয়ার কথা বলছে। কিন্তু বিগত এরশাদবিরোধী আন্দোলন, বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের আন্দোলন করেছে এসব প্রমাণ তো রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি