শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নারায়ণগঞ্জ-কুমিল্লা সিটি নির্বাচনের উপকরণ গুছিয়ে নিচ্ছে ইসি


নারায়ণগঞ্জ-কুমিল্লা সিটি নির্বাচনের উপকরণ গুছিয়ে নিচ্ছে ইসি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৭.২০১৬

EC-logo_banglanews2420160719091924

পূর্বাশা ডেস্ক:

নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন একযোগে সম্পন্ন করার প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে নির্বাচনী উপকরণের মজুদ ও প্রয়োজনীয়তা খতিয়ে দেখছে সংস্থাটি।

সূত্রগুলো জানিয়েছে, প্রতিটি নির্বাচনের পর কিছু কমন উপকরণ থেকে যায়। সেগুলো কি পরিমাণে রয়েছে এবং সেগুলোর ব্যবহারের উপযোগিতা  কতোটুকু রয়েছে তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে ইসি। সে অনুযায়ী সংশ্লিষ্ট শাখা কর্মকর্তারা এখন নির্বাচনী উপকরণ গুছিয়ে নিতে ব্যস্ত রয়েছেন।

মূলত ব্যালট বাক্স, প্যাড, গালা, রশি, ব্যাগ ইত্যাদি উপকরণের হিসাব-নিকাশ চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এক কর্মকর্তা বাংলানিউজকে জানান, প্রতিটি নির্বাচনেই ৫ শতাংশ বেশি উপকরণ কেনা হয়। সেগুলো থেকেই ভালোগুলো নিয়ে পরবর্তী কোনো নির্বাচনে ব্যাবহার করা হয়। এছাড়া এর ওপরেই নির্ভর করে, কি পরিমাণ উপকরণ কিনতে হবে। বর্তমানে সে কাজটিই চলছে।

সংস্থাটির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব রাজীব আহসান  বলেন, ওই দুই সিটি নির্বাচনের নথি প্রস্তুত করার নির্দেশনা আরো আগেই এসেছে। তবে ঠিক কবে এ নিয়ে কমিশন বৈঠক হবে তা বলা যাচ্ছে না।

এদিকে একটি দায়িত্বশীল সূত্র বলছে, আগামী ডিসেম্বরে একযোগে এই দুই সিটির নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে ইসি’র।

জানা গেছে, সর্বশেষ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১২ সালের ৫ জানুয়ারি। আর নির্বাচিত করপোরেশনের প্রথম সভা হয় একই বছরের ৯ ফেব্রুয়ারি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১১ সালের ৩০ অক্টোবর। এ সিটিতে প্রথম সভা হয় ওই বছরের ২৭ ডিসেম্বর।

সিটি করপোরেশন আইন অনুসারে, নির্বাচিত করপোরেশনের প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর হয় এর মেয়াদ। আর নির্বাচন করতে হয় মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে।

এজন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এ বছরের ২৬ ডিসেম্বরের আগেই সম্পন্ন করতে হবে। অন্যদিকে কুমিল্লা সিটির নির্বাচন করতে হবে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারির আগের ১৮০ দিনের মধ্যে।

গত ২৯ জুন থেকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে। আর আগামী ১২ আগস্ট থেকে শুরু হবে কুমিল্লা সিটি নির্বাচনের সময় গণনা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডের ৪ লাখ ৩ হাজার ৭০৬ ভোটার ২০১১ সালে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছিলেন। আর কুমিল্লা সিটিরও একই পরিমাণ ওয়ার্ডের ১ লাখ ৬৯ হাজার ২৭৩ জন ভোটার ২০১২ সালের নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছিলেন।

ইসি’র উপ-সচিব পর্যায়ের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, বর্তমান কমিশনের মেয়াদ ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। এই মেয়াদে বড় নির্বাচন হিসেবে বাকি রয়েছে কুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। তাই এ দু’টি নির্বাচন একসঙ্গেই ডিসেম্বরে সম্পন্ন করার কথা ভাবছে বর্তমান কমিশন।

বর্তমান নির্বাচন কমিশন দায়িত্বে আসার পর ২০১৩ সালে চার সিটি নির্বাচন একযোগে করেছিল। এরপর সর্বশেষ ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটির নির্বাচনও একসঙ্গেই সম্পন্ন করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি