এমন প্রতিভা বার্সেলোনা কি আর পাবে? শুধু বার্সা? ফুটবল বিশ্বই আর এমন রতœ কখনো পাবে না বলেই মনে করেন জাভি হার্নান্দেজ। বার্সার মাঝমাঠের এই সাবেক জাদুকর এও বলেছেন, ফুটবল যাঁরা বোঝেন, তাঁরা জানেন, যতই তুলনা করা হোক, ক্রিস্টিয়ানো রোনালদোও মেসির যোগ্য নন। মেসি-রোনালদোর যে দ্বৈরথ দেখানো হয়, সেটি পত্রিকাওলারা বানিয়েছে বলে মন্তব্য করেছেন এই ফুটবল মায়েস্ত্রো।
রোনালদো কদিন আগে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন। মেসি খালি হাতে ফিরেছেন কোপা থেকে। আর্জেন্টিনার জার্সিতে মেসির সাফল্য না থাকলেও জাভির মন্তব্য, সন্দেহাতীতভাবেই মেসি সর্বকালের সেরা।
জাভি বলেছেন, ‘মেসির মতো আর কেউ নেই, আর কেউ আসবেও না। ভালো ভালো ফুটবলার আসবে, কিন্তু কেউই মেসির সমপর্যায়ের হবে না। এতগুলো বছর ধরে শীর্ষে থাকা, ব্যক্তিগত ও দলীয় এত এত ট্রফি জেতা, এই কীর্তি পেরিয়ে যাওয়া অসম্ভব। ভবিষ্যতে আর কেউ এতটা ব্যবধানে বাকিদের চেয়ে এগিয়ে থাকবে না, সেরারা কাছাকাছি মানের হবে।’
জাভি এমনও দাবি করলেন, ‘মেসি আর রোনালদোর মধ্যে লড়াই দেখিয়ে গল্প বেচার চেষ্টা করা হয়, কিন্তু আমরা যারা ফুটবল বুঝি, তারা জানি তুলনা হওয়ার প্রশ্নই আসে না।’
রোনালদোই যদি মেসির ‘কাছাকাছি’ মানের হতে না পারেন, আর কে পারবে? জাভি দেখেনও না কাউকে। এমনকি নেইমারকেও না, ‘মেসি যখন তার ক্যারিয়ার শেষ করবে, তখন নেইমার থাকবে, এডেন হ্যাজার্ডসহ আরও ৫-১০ জন থাকবে, যারা কাছাকাছি মানের। কিন্তু কারও পক্ষেই মেসির মতো অবিসংবাদিত হওয়া হবে না।’

























































