দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এবং তার বাসভবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিএনপি। কারণ গুলশানে বাসার পাশেই হলি আর্টিজান বেকারিতে হামলার পর নিরাপত্তাহীনতা ঘিরে ধরেছে তাকে। এ ঘটনার পর খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার জন্য ইতিমধ্যে সরকারকে চিঠি দিয়েছে বিএনপি। চিঠিতে তার বাসভবনে অতিরিক্ত ১ প্লাটুন পুলিশ এবং বাসভবনের বাইরে গেলে অতিরিক্ত ৬ পুলিশ কনস্টেবল এবং ২ গানম্যান চাওয়া হয়েছে। তবে সরকারের তরফ থেকে এখনো কোন সদত্তুর পাওয়া যায়নি।
সার্বিক পরিস্থিতিতে চেয়ারপারসনের বাসা বদলের চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছে দলের একটি সূত্র। বাসার কাছেই সহিংস ওই ঘটনার পর তিনি বাসা বদল করার কথা বিবেচনা করছেন, সেখানে স্বস্তি বোধ করছেন না। এখন বিএনপি চেয়ারপারসনের জন্য একটি সুরক্ষিত নিরাপদ বাড়ি খোঁজা হচ্ছে। সুবিধাজনক স্থানে একক বাড়ি পাওয়া গেলে বাসা বদল করতে পারেন বেগম জিয়া। দলের একজন সিনিয়র নেতা জানান, এখন বেশিরভাগ বাড়িতেই বহুতল ভবন গড়ে উঠছে। ফলে একক বাড়ি পাওয়া কঠিন। ক্যান্টনমেন্টের ভেতরে তার বসবাসের ইচ্ছা থাকলেও তা সম্ভব নয়।
পাশাপাশি সরকার গুলশান এলাকার বাসা-বাড়িতে বাণিজ্যিক অফিস, প্রতিষ্ঠান তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়ায় চেয়ারপার্সনের গুলশানের অফিস স্থানান্তর করার চাপও রয়েছে। খালেদা জিয়ার অফিস স্থানান্তরের জন্য রাজউক সময় বেধে দিয়ে চিঠি দিবে বলেও জানা গেছে। প্রসঙ্গত, রাজউক বলছে, গত কয়েক দিন ধরে গুলশান-বনানী-বারিধারা এলাকায় অনুমোদনহীন প্রতিষ্ঠান ও স্থাপনার তালিকা হালনাগাদ করার কার্যক্রম চলছে। এটি শেষ হলেই উচ্ছেদ কার্যক্রম শুরু করা হবে।
প্রসঙ্গত, বেগম জিয়া ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে গুলশানের ৭৯ নম্বর রোডের বাসায় উঠেন। তার আগে থেকেই গুলশান-২ এর ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িটি ব্যবহূত হচ্ছে তার রাজনৈতিক কার্যালয় হিসেবে। সরকার চেয়ারপারসনের অফিস সরানোর সিদ্ধান্ত নিলে নতুন করে একটা ঝামেলা বাড়বে। অফিস বদল করলে বাসাও বদল করতে হতে পারে।
খালেদা জিয়ার একান্ত সচিব আবদুস সাত্তার জানান, গুলশান ও শোলাকিয়ার জঙ্গি হামলা ও চলমান পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে দল উদ্বিগ্ন। বিএনপি মনে করে দলের চেয়ারপারসনের বর্তমানে যে নিরাপত্তা ব্যবস্থা আছে, তা যথেষ্ট নয়। তাই সাবেক এই প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত পুলিশ চেয়ে গত ১২ জুলাই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর পাঠানো হয়েছে। কিন্তু এখনো কোন সাড়া না পাওয়ায় তারা হতাশ।
উল্লেখ্য, বর্তমানে খালেদা জিয়ার নিরাপত্তায় একজন এএসআইয়ের নেতৃত্বে ৯ সদস্যবিশিষ্ট পুলিশের একটি প্যাট্রোল টিম নিয়োজিত রয়েছে। এ ছাড়া ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী সিএসএফ’র সঙ্গে দুই জন গানম্যান (এসআই) খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকেন। গত বছরের এপ্রিলে সর্বশেষ খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার সামনে থেকে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রত্যাহার করে নেয়া হয়। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে তা পুনর্বহাল করা হয়।


























































