পূর্বাশা ডেস্ক:
জঙ্গিবাদের বিরুদ্ধে গতকাল বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ ছাড়া নরসিংদী, গাজীপুর, মুন্সিগঞ্জে শোভাযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে নয়টায় প্রতিষ্ঠানের প্রধান ফটক-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন করা হয়। উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপাচার্য বলেন, ‘দেশে তথা বিশ্বে এ ধরনের সন্ত্রাসী হামলার কারণে আমরা শঙ্কিত। ইতিহাস বলে, আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু আমরা সাহসের সঙ্গে এর মোকাবিলা করেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ দেশের মানুষ হুমকির কাছে নত হয় না।’ এ সময় তিনি এ সংকট মোকাবিলার জন্য সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান।
নরসিংদী: বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের আরশিনগর এলাকা থেকে পৌরসভা মোড় হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব এলাকা পর্যন্ত মানববন্ধন করা হয়। এতে অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম। মানববন্ধনে শহর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ বিভিন্ন ব্যবসায়ী সমিতি ও সংগঠনের নেতারা অংশ নেন। এ সময় তাঁরা জঙ্গিবাদবিরোধী স্লোগান লেখা বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।
গাজীপুর: সকালে গাজীপুর নগরের কাশিমপুর হাতিমারা স্কুল মাঠে সমাবেশ হয়। জয়দেবপুর থানা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে সমাবেশে অতিথি ছিলেন পুলিশ সুপার মো. হারুন অর রশীদ। সঞ্চালনা করেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন। বিকেলে কোনাবাড়ীতে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয়ের সামনে সমাবেশ হয়।
মুন্সিগঞ্জ: সকাল সাড়ে ১০টায় জেলার সিরাজদিখান উপজেলার বিক্রমপুর কেবি ডিগ্রি মহাবিদ্যালয় ও সিরাজদিখান থানার উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি ইছাপুরা চৌরাস্তায় এসে শেষ হয়। এখানে সমাবেশও হয়। এতে বক্তব্য দেন বিক্রমপুর কেবি ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সামসুল হক হাওলাদার, সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান, সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মতিন হাওলাদার, ইছাপুরা মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন প্রমুখ।























































