পূর্বাশা ডেস্ক:
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে অর্থ পাচার মামলায় সাজা দেওয়া হয়েছে বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার সকালে রায় ঘোষণার পর মুঠোফোনে প্রথম আলোকে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন।
ফখরুল বলেন, সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তারেক রহমানের খালাসের রায় বাতিল করে তাঁকে সাজা দেওয়া হয়েছে।
আজ হাইকোর্টের একটি বেঞ্চ অর্থ পাচার মামলায় তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করে রায় দেন। ২০১৩ সালে তারেক রহমান নিম্ন আদালতে এই মামলায় খালাস পান। পরে ওই বছর দুর্নীতি দমন কমিশন (দুদক) খালাসের বিরুদ্ধে আপিল করে। অবশ্য নিম্ন আদালত এই মামলায় তারেকের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেন এবং ৪০ কোটি টাকা জরিমানা করেন।























































