রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ডিরেক্টরস গিল্ডের নতুন সভাপতি গাজী রাকায়েত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৭.২০১৬

rakayet-sm20160723063318

পূর্বাশা ডেস্ক:

টিভি নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন গাজী রাকায়েত। তার কাছে হেরেছেন জাহিদ হাসান ও কায়েস চৌধুরী।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এ হক অলিক। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। শনিবার (২৩ জুলাই) ভোর সাড়ে চারটায় ফলাফল ঘোষণা করা হয়।

শুক্রবার ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সাততলার চার নম্বর কক্ষে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯টায় শুরু হয়ে মাঝে এক ঘণ্টার বিরতি ছাড়া বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে। সংগঠনটির ৩৮৪ জন ভোটারের মধ্যে ৩৫৪ জন ভোট প্রদান করেন।

বিকেল সাড়ে পাঁচটায় ভোটগণনা শুরু করা হয়। রাতভর কৌতূহল নিয়ে অবস্থান করেছেন নির্মাতারা। অবশেষে ভোরে ফলাফল ঘোষণা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ড. ইনামুল হক। কমিশনার পদে দায়িত্ব পালন করেন এসএম মহসীন ও খায়রুল আলম সবুজ।

ডিরেক্টরস গিল্ড নির্বাচনের ফলাফল
সভাপতি: গাজী রাকায়েত
সহ-সভাপতি: কচি খন্দকার, সকাল আহমেদ, সৈয়দ শাকিল
সাধারণ সম্পাদক: এস এ হক অলিক
সহ-সাধারণ সম্পাদক: হৃদি হক, মাসুদ মহিউদ্দিন
সাংগঠনিক সম্পাদক: কামরুজ্জামান সাগর
অর্থ সম্পাদক: নঈম ইমতিয়াজ নেয়ামূল
প্রচার সম্পাদক: জুয়েল মাহমুদ

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ১০ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি