শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদা জিয়া ২৫ মামলার চাপে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৭.২০১৬

030752khaleda_kalerkantho_pic-550x367

পূর্বাশা ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ওপর মামলার চাপ বাড়ছে। গত এক বছরে হত্যা, বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক দ্রব্য আইনসহ ১২টি নাশকতার মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে। গত দুই মাসে ৯টি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। শুধু তাই নয়, নাশকতার আরো মামলায় তাঁকে অভিযুক্ত করে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হচ্ছে।

দুই মাসের মধ্যে একই থানায় দায়ের করা ৯টি নাশকতার মামলায় অভিযোগপত্র দেওয়ার বিষয়টিকে ‘খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ওপর সরকারি হুমকি’ বলে মনে করেন বিএনপির অনেক নেতা। তবে তাঁরা বলছেন, মামলা দিয়ে হয়রানি করা যাবে, কিন্তু খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ইতি টানা অত সহজ নয়। কারণ হিসেবে তাঁরা মনে করছেন, দেশের জনগণ খালেদা জিয়ার সঙ্গে আছেন। আর খালেদা জিয়াও আইনগতভাবে এসব মামলা মোকাবিলা করতে সক্ষম। তবে তাঁরা এটা স্বীকার করছেন, খালেদার ওপর ক্রমেই মামলার চাপ বাড়ছে।

গত সপ্তাহে তারেক রহমানকে অর্থপাচার মামলায় সাত বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। এই দণ্ডাদেশে বিএনপি দলীয়ভাবে হতাশ, নেতাকর্মীরা স্তম্ভিত হয়ে পড়ে। মনে করা হচ্ছে, খালেদার বিরুদ্ধে দায়ের করা মামলায়ও তাঁকে শাস্তি দেওয়া হতে পারে। আর এ কারণে তারেকের মামলার রায়ের পর খালেদা জিয়ার ওপর মানসিক চাপও বেড়ে গেছে।

একের পর এক নাশকতার মামলায় অভিযোগপত্র দেওয়ায় খালেদাকে এখন আইনি লড়াইয়ে নামতে হবে। আদালত সূত্রে জানা গেছে, অভিযোগপত্র দেওয়া মামলাগুলোতে খালেদা জিয়াকে পলাতক দেখানো হয়েছে। এসব মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিসহ তাঁর অস্থাবর সম্পত্তি ক্রোকের আবেদন জানিয়ে তদন্ত কর্মকর্তারা প্রতিবেদন দাখিল করেছেন। সে ক্ষেত্রে অভিযোগপত্র গ্রহণের তারিখের আগে খালেদা জিয়া আদালতে আত্মসমর্পণ না করলে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।

নাশকতার ১২ মামলা ছাড়াও খালেদা জিয়ার বিরুদ্ধে পাঁচটি দুর্নীতির মামলা চলছে। একটি মামলার বিচারকাজ প্রায় শেষ পর্যায়ে। অন্য মামলাগুলোও বিচারের জন্য প্রস্তুত রয়েছে। এ ছাড়া রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে দায়ের করা মামলা রয়েছে পাঁচটি। সব মিলে আগামী কয়েক দিনের মধ্যে খালেদা জিয়াকে ২৫ মামলার মুখোমুখি হতে হবে। হত্যা ও নাশকতার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রামে দুটি ও খুলনায় একটি মামলার এজাহারে খালেদা জিয়াকে আসামি করা হয়েছিল। গুলশান থানায় দায়ের করা একটি নাশকতার মামলায়ও খালেদা জিয়াকে এজাহারভুক্ত আসামি করা হয়। এ চারটি মামলা তদন্তাধীন রয়েছে। শিগগিরই এ দুটি মামলায়ও অভিযোগপত্র দেওয়া হতে পারে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

খালেদা জিয়ার অন্যতম আইনজীবী সানাউল্লাহ মিয়া কাছে স্বীকার করেন, মোট ২৫টি মামলা খালেদা জিয়ার বিরুদ্ধে সচল রয়েছে। আগামী দু-এক মাসের মধ্যে এসব মামলার বিচারকাজ শুরু হবে। সে ক্ষেত্রে খালেদা জিয়াকে আইনি লড়াই চালিয়ে যেতে হবে। সানাউল্লাহ মিয়া বলেন, বিএনপি নেত্রী আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছেন। এসব মামলা করে খালেদা জিয়াকে ভীতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, সব মামলা মিথ্যা। আইনি লড়াই করে তিনি তা প্রমাণ করবেন। অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, কোনো দলীয় প্রধানের বিরুদ্ধে এত মামলা আগে কখনো দায়ের হয়নি। মামলার চাপ বাড়ানো হচ্ছে, যাতে খালেদা জিয়াকে স্বাভাবিক রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা যায়। আগামী আগস্টে খালেদা জিয়া আদালতে যাবেন এবং নতুন চার্জশিট হওয়া মামলাগুলোতে আত্মসমর্পণ করবেন বলে এই আইনজীবী জানান।

হত্যা ও নাশকতার বিভিন্ন মামলায় পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছরের ৫ জানুয়ারি খালেদা জিয়া দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য হরতাল ও অবরোধের ডাক দেন এবং সরকার পতন না হওয়া পর্যন্ত তা অব্যাহত রাখার নির্দেশ দেন। বিএনপি ও ২০ দলীয় জোট সাধারণ জনগণকে জিম্মি করে রাজনীতির নামে পেট্রলবোমা, হাতবোমা, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে নিরীহ মানুষকে হত্যা করে। টাকার বিনিময়ে বেকার, উচ্ছৃঙ্খল যুবক, গাড়ির হেলপার, দিনমজুর, ভবঘুরে, কিশোর ও টোকাইদের ব্যবহার করে মানুষ হত্যা করিয়েছে ২০ দলীয় জোট। এরই ধারাবাহিকতায় গাড়ি পোড়ানো, পুলিশের কর্তব্যকাজে বাধা দান, মানুষ হত্যা ও হত্যাচেষ্টা, বে আইনি সমাবেশ, বোমা হামলা, পেট্রলবোমা হামলার মতো ঘটনা ঘটে বিভিন্ন স্থানে। খালেদা জিয়ার নির্দেশে এসব ঘটে বলে অভিযোগপত্রগুলোতে উল্লেখ করা হয়।

অভিযোগপত্রগুলোতে আরো বলা হয়, ২০১৫ সালে যে ধরনের নাশকতার ঘটনা ঘটে, তার আগে দেশের বিভিন্ন স্থানের ঘটনা বিশ্লেষণ করে দেখা যায়, নাশকতামূলক কর্মকাণ্ড, পেট্রলবোমা ও ককটেল দিয়ে যানবাহন পোড়ানো ও মানুষ মারার ঘটনা ঘটে ২০১৩ সালে ২০ দলীয় জোট আহৃত হরতাল-অবরোধের সময়। এসব নাশকতার ঘটনা ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সংঘটিত হতে থাকে। এরপর বিএনপিসহ ২০ দলীয় জোট কোনো ধরনের কর্মসূচি না ডাকায় আর নাশকতার ঘটনা ঘটেনি। গত বছরের ৫ জানুয়ারি থেকে আবার অবরোধ ও হরতাল ডাকলে ফের নাশকতার ঘটনা ঘটতে থাকে। জনগণ হরতাল-অবরোধে সম্পৃক্ত না থাকার কারণে জোটের কর্মসূচি সফল না হওয়ায় নাশকতা সৃষ্টি করে জনগণকে হরতাল-অবরোধে বাধ্য করতে বিএনপি ও জামায়াত নেতারা এই পথ বেছে নেন। ঘটনার পারিপার্শ্বিকতা ও সাক্ষীদের জবানবন্দিতে প্রাথমিকভাবে প্রমাণিত হয় খালেদা জিয়াই পেট্রলবোমা হামলা, গাড়িতে অগ্নিসংযোগ করা এবং বিভিন্ন ধরনের নাশকতার ঘটনার প্ররোচনাকারী ও নির্দেশদাতা।

বাসে পেট্রলবোমা হামলা করে হত্যা : গত বছরের ৬ মে একটি মামলায় এবং হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে মহানগর গোয়েন্দা পুলিশ। একই ঘটনায় একই বছরের ১৯ মে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আরেকটি অভিযোগপত্র আদালতে দাখিল করে একই সংস্থা।

তিনটি অভিযোগপত্রেই খালেদা জিয়া ছাড়াও আসামি করা হয় অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, এম কে আনোয়ার, শওকত মাহমুদ, রুহুল কবীর রিজভী, হাবিব-উন-নবী খান সোহেল, নবী উল্লাহ নবীসহ দলের আরো ৩৭ নেতাকর্মীকে। এর মধ্যে পেট্রলবোমা নিক্ষেপের পরিকল্পনাকারী হিসেবে ১৮ জনকে এবং বাস্তবায়নকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে ১৯ জনকে।

গত বছরের ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় ৩১ যাত্রী দগ্ধ ও জখম হয়। তাদের মধ্যে নূর আলম নামে একজনের মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইন এবং বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করা হয়েছিল। উভয় মামলা তদন্ত করছিল গোয়েন্দা পুলিশ। হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি তদন্ত করেন এসআই বশির উদ্দিন। আর বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলা তদন্ত করেন এসআই জাহিদুল ইসলাম।

শাহ আলী থানার ৯ মামলা : গত দুই মাসে এক থানায় দায়ের করা ৯টি নাশকতার মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। রাজধানীর দারুসসালাম থানায় নাশকতার অভিযোগে দায়ের করা চার মামলায় এ বছরের ৬ জুন অভিযোগপত্র দেয় পুলিশ। চারটি মামলাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দলীয় ১০৫ নেতাকর্মীকে আসামি করা হয়। খালেদাকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় পৃথক চার মামলায় তিনজন তদন্ত কর্মকর্তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অভিযোগপত্রগুলো দাখিল করেন।

গত বছরের ৬ জানুয়ারি দারুসসালাম থানাধীন শাহ আলী মাজার রোডের জমিদারবাড়ির পাশের এবি ব্যাংকের এটিএম বুথের সামনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও পুলিশের কর্তব্যকাজে বাধা সৃষ্টি করে। এ ঘটনায় এসআই (উপপরিদর্শক) কামরুল হোসেন বাদী হয়ে মামলা করেন। এ মামলায় খালেদাসহ ২৪ জনকে অভিযুক্ত করে এসআই (উপপরিদর্শক) রায়হানুজ্জামান অভিযোগপত্র দাখিল করেন।

একই বছরের ২৯ জানুয়ারি দারুসসালাম থানাধীন মিরপুর ১ নম্বর মুক্তি প্লাজার পূর্ব পাশের রাস্তার ওপর অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা গাড়ি ভাঙচুর ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন একটি মামলা করেন। এ মামলায় এসআই জুবায়ের হোসেন খালেদাসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

গত বছরের ২ ফেব্র“য়ারি দারুসসালাম থানাধীন এ্যাপেক্স শোরুমের সামনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা গাড়ি ভাঙচুর ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় একই থানার এসআই আবদুর রাজ্জাক বাদী হয়ে মামলা করেন। এ মামলায় এসআই রায়হানুজ্জামান খালেদাসহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

একই বছরের ২০ ফেব্র“য়ারি একই থানাধীন দিয়াবাড়ী কবিরের ঝুটের ঘরের অন্য পাশে বালুর মাঠসংলগ্ন এলাকায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা ঘটায়। এ ঘটনায় একই থানার এসআই কামরুল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় খালেদাসহ ২১ জনকে অভিযুক্ত করে এসআই রায়হানুজ্জামান অভিযোগপত্র দাখিল করেন।

এর আগে গত ২৬ মে খালেদা জিয়াসহ ২৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে দারুসসালাম থানার আরেকটি মামলায় অভিযোগপত্র দাখিল করেন ওই থানার এসআই আবদুর রাজ্জাক। ২০১৫ সালের টানা হরতাল-অবরোধ চলাকালে ৩ ফেব্র“য়ারি আসামিরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে বিকেল ৩টা ৫০ মিনিটের সময় থানা এলাকায় গাবতলী টু সদরঘাট রুটে চলাচলকারী যাত্রীবাহী মিনিবাসে (ঢাকা মেট্রো-জ-১৪-১৭৭২) থাকা যাত্রীদের হত্যার উদ্দেশ্যে তাতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনা তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হয়।

গত বছরের ৩ মার্চ গাবতলী বি আরটিসি বাসস্ট্যান্ড সংলগ্ন গ্রেট ওয়ালের মাঠে পার্ক করা একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। একই বছরের ৪ ফেব্র“য়ারি আনন্দ সুপার নামের একটি যাত্রীবাহী মিনিবাসে হজরত শাহ আলী মাজারের খালি বালুমাঠের পূর্ব পাশে ৩৩ নম্বর হজরত আলী কলা মার্কেটের উল্টো দিকের রাস্তায় যাত্রীদের হত্যার উদ্দেশ্যে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় শাহ আলী থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়। দুটি মামলা তদন্ত শেষে শাহ আলী থানা পুলিশ গত ১১ মে খালেদা জিয়াসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দুটি মামলায়ই খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। এ ছাড়া খালেদা জিয়ার বিরুদ্ধে দারুসসালাম থানায় দায়ের করা আরো দুটি নাশকতার মামলায় গত মাসে অভিযোগপত্র দেওয়া হয়েছে। গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যাচেষ্টার অভিযোগ এনে অভিযোগপত্রে বলা হয়েছে, খালেদা জিয়ার নির্দেশেই এসব নাশকতার ঘটনা ঘটেছে।

দুর্নীতির পাঁচ মামলাই সচল : জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুদক। ২০১১ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। এ মামলার বিচারকাজ চলছে।

এর আগে এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে জিয়া অরফানেজ ট্রাস্টের নামে একটি বিদেশি ব্যাংক থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক। এ মামলায় খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনকে আসামি করে ২০১০ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। মামলার অন্য আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ মামলাটি বিচারাধীন। বিচারকাজ প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। যুক্তিতর্ক শুনানির দিন ধার্য রয়েছে। মামলাটির বিভিন্ন আইনগত দিক নিয়ে কয়েকবার উচ্চ আদালতে আবেদন করা হয়েছে খালেদা জিয়ার পক্ষে। কিন্তু উচ্চ আদালত তা গ্রাহ্য করেননি। শিগগিরই এই মামলার রায় ঘোষণা করা হতে পারে।

এ ছাড়া বড়পুকুড়িয়া কয়লাখনির ঠিকাদারি কাজে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক দুর্নীতির অভিযোগে খালেদাসহ ১৬ জনকে আসামি করে ২০০৮ সালের ২৬ ফেব্র“য়ারি শাহবাগ থানায় মামলা করে দুদক। তার আগে রাজধানীর তেজগাঁও থানায় ২০০৭ সালের ২ সেপ্টেম্বর গ্যাটকো-সংক্রান্ত দুর্নীতি মামলা এবং একই বছরের ৯ ডিসেম্বর নাইকো-সংক্রান্ত দুর্নীতি মামলা করে দুদক। তিনটি মামলা বাতিলে খালেদা জিয়ার আবেদন নামঞ্জুর হয়েছে। তিনটি মামলায়ই ঢাকার বিভিন্ন বিশেষ জজ আদালতে বিচারকাজ শুরু হতে যাচ্ছে।

বড়পুকুরিয়া মামলায় চার্জ গঠনের শুনানি ১০ আগস্ট : বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১০ আগস্ট ফের দিন ধার্য করা হয়েছে।

গতকাল রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক হোসনে আরা বেগম এ দিন ধার্য করেন। অসুস্থতার কারণে খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় পরবর্তী সময়ে শুনানির আবেদন করা হয়।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মহসিন মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার। মামলার বাদী দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল ও মীর আহমেদ আলী সালাম।

এ মামলার চার্জশিটভুক্ত আসামি ১৬ জন। এঁদের মধ্যে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া, এম শামসুল ইসলাম মারা গেছেন। ফলে মামলা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া ওই মামলার আসামি সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ফলে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বর্তমানে আসামির সংখ্যা ১১ জন।

খালেদা জিয়া ছাড়া অন্যরা হলেন সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার, সাবেক বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক পরিচালক মুঈনুল আহসান, সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার মো. আমিনুল হক, মো. সিরাজুল ইসলাম চৌধুরীসহ (পলাতক) মোট ১১ জন।

অনিয়মের মাধ্যমে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা কনসোর্টিয়াম অব চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনকে (সিএমসি) দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি থেকে কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্র“য়ারি শাহবাগ থানায় মামলাটি করে দুদক। একই বছর ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

এরপর মামলাটি বাতিল চেয়ে ওই বছরই হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। এর পরিপ্রেক্ষিতে একই বছর ১৬ অক্টোবর হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। একই সঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না তার কারণ জানতে চেয়ে রুল জারি করেন। এরপর বেশ কয়েক দফায় স্থগিতাদেশ বাড়ানো হয়।

বড়পুকুরিয়া কয়লাখনি ছাড়াও নাইকো ও গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতার প্রশ্নে বাতিলের আবেদন জানিয়ে পৃথক রিট করেন খালেদা।

এর পরিপ্রেক্ষিতে ওই দুর্নীতি মামলাগুলোর কার্যক্রম স্থগিত করে রুল জারি করা হয়। কয়েক বছর ধরে স্থগিত থাকার পর মামলাগুলো সচলের উদ্যোগ নেয় দুদক। ওই আবেদনগুলোর পৃথক শুনানি শেষে গত বছরের ১৮ জুন ও ৫ আগস্ট ওই মামলা দুটিও সচলের রায় দেন হাইকোর্ট।

প্রসঙ্গত, নাইকো দুর্নীতির মামলায় চার্জ শুনানির জন্য একই দিন ধার্য রয়েছে। গ্যাটকো দুর্নীতি মামলায় চার্জ শুনানির জন্য আগামী ২৮ আগস্ট দিন ধার্য রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি