শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মীর কাসেমের রিভিউ আবেদনের শুনানি আজ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৭.২০১৬

kashem-ali-1 পূর্বাশা ডেস্ক:

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর করা রিভিউ আবেদনের শুনানির জন্য আজ সোমবার দিন ধার্য রয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে আপিল বিভাগে এ শুনানি হবে। আপিল বিভাগের আজকের কার্যতালিকায় এ রিভিউ আবেদনটি ৬৩ নম্বরে রয়েছে।

এদিকে মীর কাসেম আলীর আইনজীবীরা শুনানি দুই মাস স্থগিত রাখার জন্য আবেদন করেছেন। এ আবেদনটিও রিভিউ আবেদনের সঙ্গে কার্যতালিকাভুক্ত হয়েছে। গতকাল রবিবার আপিল বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত সোমবারের কার্যতালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২১ জুন রাষ্ট্রপক্ষে করা এক আবেদনে আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শুনানির জন্য এ দিন ধার্য করেন। এর আগে গত ১৯ জুন মীর কাসেম আলী রিভিউ আবেদন দাখিল করেন। আপিল বিভাগ যে সাতটি অভিযোগে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন তার সবকয়টিতেই খালাস চেয়ে এ আবেদন করা হয়।

মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে ২০১৪ সালের ২ নভেম্বর রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাঁকে মৃত্যুদণ্ডের পাশাপাশি বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ৩০ নভেম্বর খালাস চেয়ে মীর কাসেম আলী আপিল করেন। এ আপিলের ওপর শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ কিশোর মুক্তিযোদ্ধা জসিম হত্যার দায়ে ফাঁসির দণ্ড বহাল রেখে গত ৮ মার্চ সংক্ষিপ্ত রায় দিয়েছিলেন। এর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় গত ৬ জুন। ওই দিনই রায়ের কপি কারাগারে পৌঁছে। সেই সঙ্গে মীর কাসেম আলীকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়। এরপর তিনি রিভিউ আবেদন করেন।

নিয়ম অনুযায়ী রিভিউ আবেদন করা হলে রায়ের কার্যক্রম স্থগিত থাকে। রিভিউ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রায় কার্যকর করা যায় না। মীর কাসেম আলী ইতিমধ্যে রিভিউ আবেদন করায় তাঁর ফাঁসি কার্যকর করতে পারেনি সরকার। আপিল বিভাগে বিচারাধীন রিভিউ খারিজ হলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার জন্য আবেদন করার সুযোগ পাবেন তিনি। রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন নাকচ করলে যেকোনো সময় সরকার কারা কর্তৃপক্ষের মাধ্যমে দণ্ড কার্যকর করবে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ১০ মে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর, গত বছর ২১ নভেম্বর (২০ নভেম্বর দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে) জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর, একই বছরের ১১ এপ্রিল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের এবং ২০১৩ সালের ১২ ডিসেম্বর রাতে আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করার পর তাঁরা প্রত্যেকেই রিভিউ আবেদন করেছিলেন। কিন্তু সব রিভিউ আবেদনই খারিজ হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি