শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আগামী জাতীয় নির্বাচনে খালেদা ও তারেক বাদ?


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৭.২০১৬

230072_1পূর্বাশা ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আগামী জাতীয় নির্বাচনে অযোগ্য হতে পারে। এর মধ্য তারেক রহমানের ৭ বছর সাজার রায়ে নির্বাচনে দাঁড়াতে পারছেন না। তারেক রহমান রায়ের বিরুদ্ধে আপিল করলে যদি রায় স্থগিত হয়ে যায় তাহলেই তিনি নির্বাচনে দাঁড়াতে পারবেন। আর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলো দ্রত এগিয়ে চলছে। আগামী ২ থেকে ৩ মাসের মধ্য ২টি মামলার রায় হতে পারে। এ রায়ে যদি ২ বছর জেল হয় তাহলেই খালেদা জিয়া নির্বাচনে দাঁড়াতে পারবেন না।

আর আদালতের রায়ের দিকেই চেয়ে আছে আওয়ামী লীগ। এখন বেগম খালেদা জিয়ার সাজা হলেই আগামী নির্বাচনের চিন্তা করবে আওয়ামী লীগ। দ্রুত বেগম জিয়ার সাজা হলে মধ্যবর্তী নির্বাচন দিতে পারে আওয়ামী লীগ। খালেদা জিয়া ও তারেক রহমানকে বাইরে রেখেই জাতীয় নির্বাচন আয়োজন করা হতে পারে বলে আওয়ামী লীগ ও সরকারের একাধিক সূত্র জানিয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ গণমাধ্যমকে বলেন, তারেক রহমান দুর্নীতি করেছেন। সে জন্য মহামান্য আদালত তথ্য-প্রমাণসাপেক্ষে তাকে দ- দিয়েছেন। আর খালেদা জিয়াও দুর্নীতি করেছেন বলে আদালতে বিচার চলছে।

তথ্য-প্রমাণ পেলে আদালত তাকে সাজা দেবেন আর নির্দোষ হলে খালাস দেবেন। এতে আমাদের কোনো হাত নেই। আর তাদের দ-ের কারণে আইন অনুযায়ী নির্বাচনে অযোগ্য হলে সেখানে আমাদের কিছুই করার নেই। কারণ আইন সবার জন্য সমান। আর আদালতও সম্পূর্ণ স্বাধীন।

সূত্রগুলো জানায়, সংবিধান অনুযায়ী ২০১৯ সালেই জাতীয় নির্বাচন হওয়ার কথা। পরিস্থিতি আওয়ামী লীগের অনুকুলে থাকলে মধ্যবর্তী নিবাচনও হতে পারে।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে আওয়ামী লীগ। নির্বাচনে বিজয়ের ধারা অব্যাহত রাখতে ইতোমধ্যে নানা কৌশল নিয়ে কাজ শুরু করে দিয়েছেন ক্ষমতাসীন দলের নীতিনির্ধারকেরা। ওই কৌশলে প্রথমেই খালেদা জিয়া ও তারেক রহমানকে বিজয়ের পথে বড় ধরনের বাধা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সে জন্য শুরুতেই খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচন থেকে বাইরে রাখার বিষয়টি বেশ সক্রিয়ভাবে চিন্তাভাবনা করা হচ্ছে।

সরকারের নীতিনির্ধারকেরা মনে করছেন, খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচনের বাইরে রাখা গেলে বিএনপি দুর্বল হয়ে পড়বে। শুধু তাই নয়, সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দেয়া হলেও দলের দুই শীর্ষ নেতাকে বাদ দিয়ে বিএনপি নির্বাচনে না-ও যেতে পারে। এতে আওয়ামী লীগ আগের মতো ‘একতরফা’ নির্বাচনে কোনো রকম বাধা ছাড়াই আবারো ক্ষমতায় চলে আসতে পারবে।

অন্যদিকে বিএনপি যদি দুই শীর্ষ নেতাকে বাদ দিয়েই নির্বাচনে আসতে রাজি হয় তবে ওই নির্বাচনে নেতাকর্মীদের আর তেমন কোনো আগ্রহ থাকবে না। ফলে এমনিতেই আওয়ামী লীগ বিজয়ী হয়ে আবারো সরকার গঠন করতে পারবে। সে জন্য নির্বাচনে বিজয় নিশ্চিত করতে খালেদা জিয়া ও তারেক রহমানকে বাইরে রাখার বিষয়টি বেশ জোরেশোরে ভাবা হচ্ছে।

আওয়ামী লীগের নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায়, আদালত তারেক রহমানকে সাত বছরের সাজা দেয়ায় ইতোমধ্যে তিনি আগামী নির্বাচনে অযোগ্য হয়ে পড়েছেন। আর তাকে সাজা দেয়ার পর এখন বিএনপির মাঠ যাচাই করছে সরকার। তারেক রহমানকে নিয়ে দলের নীতিনির্ধারকেরা কী ভাবছেন, নেতাকর্মীরা শক্ত কোনো আন্দোলন গড়ে তুলতে পারেন কি না এবং দেশ-বিদেশে কী ধরনের প্রতিক্রিয়া হয় তা পর্যবেক্ষণ  করছেন সরকারের নীতিনির্ধারকেরা। বিষয়টি যদি মোটামুটি সামাল দেয়া যায় তবে খালেদা জিয়ার বিষয়টিও খুব সক্রিয়ভাবে সামনে চলে আসবে। বর্তমানে খালেদা জিয়ার বিরুদ্ধে ২৯টি মামলা রয়েছে। এর মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, গ্যাটকো, নাইকো ও বড় পুকুরিয়া দুর্নীতি মামলা অন্যতম।

আগামী জাতীয় নির্বাচনে কোনোভাবেই হারতে রাজি নয় আওয়ামী লীগ। কট্টরপন্থী নীতিনির্ধারকদের কেউ কেউ ওই নির্বাচনেও বিএনপিকে সংসদের বিরোধী দল হিসেবে দেখতে চান না। তারা এবারের মতো কৌশলে বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে জাতীয় পার্টিকে আবারো বিরোধী দল হিসেবে দেখতে চান।

আর এর মাধ্যমে বিএনপি একসময় রাজনীতি থেকেই হারিয়ে যাবে বলে মনে করছেন তারা। ফলে বিএনপির দুর্বল অবস্থান আর জাতীয় পার্টির উত্থানে আওয়ামী লীগও রাজনীতিতে নিরাপদ অবস্থানে থাকবে। এতে আওয়ামী লীগ টানা আরো কয়েক মেয়াদে ক্ষমতায় থাকতে পারবে। সে জন্য খালেদা জিয়া ও তারেক রহমানকে বাইরে রেখে নির্বাচনের আয়োজন করতে চান তারা। এ অবস্থায় বিএনপি নির্বাচনে না এলে তাদের সেই উদ্দেশ্যও সফল হবে।

তবে অপেক্ষাকৃত মধ্যমপন্থী নীতিনির্ধারকদের কেউ কেউ নির্বাচনে সরকারের বিজয় নিশ্চিত করতে চাইলেও বিএনপিকে বাইরে রাখতে চান না। তারা বিএনপিকে সংসদের বিরোধী দল হিসেবে দেখতে চান। তাদের মতে, গতবারের নির্বাচনের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন ছিল। সরকারের রাজনৈতিক কৌশলের কারণে বিএনপি নির্বাচনে আসতে পারেনি, যা দেশ-বিদেশে এখনো ব্যাপক সমালোচিত। তাই বিএনপিকে এবারো নির্বাচনের বাইরে রাখা হলে দেশ-বিদেশে আরো কঠোর সমালোচনার মুখে পড়বে সরকার। এ ছাড়া বিএনপির মতো একটি বড় দলকে বাইরে রেখে জাতীয় পার্টিকে আবারো বিরোধী দলের আসনে নেয়া দেশের সাধারণ মানুষ ভালোভাবে নেবে না।

এতে দেশে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। তাই খালেদা জিয়া ও তারেক রহমান বাইরে থাকলেও বিএনপিকে সংসদে দেখতে চান তারা। সে জন্য বিএনপির সিনিয়র নেতাদের ‘ম্যানেজ’ করে হলেও নির্বাচনে আনার পক্ষে তারা। তবে খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচনের বাইরে রাখতে চান উভয় পক্ষই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি