পূর্বাশা ডেস্ক:
স্কুলের পোশাক পরেই হোক কিংবা পোশাক বদলে ব্যাগে লুকিয়ে—স্কুল পালিয়ে সিনেমা হলে ঢুঁ মারার অভিজ্ঞতা অনেকেরই আছে। এই করতে গিয়ে স্কুলে পিটুনি, নিল ডাউন কিংবা টিসি খাওয়ার উদাহরণও কিন্তু কম নয়। কিন্তু এমন যদি হয়, নিয়মই করে দেওয়া হলো স্কুলের শিক্ষার্থীদের সিনেমা দেখতে হবে। না দেখলেই বরং শাস্তি! অনেকটা এ রকমই ঘটতে চলেছে ভারতের ছত্তিশগড়ের একটি জেলায়। সালমান খানের সুলতান দেখে মুগ্ধ বিলাসপুরের শিক্ষা কর্মকর্তারা জেলার সব স্কুলের প্রধান শিক্ষকের কাছে চিঠি পাঠিয়েছেন, এই ছবি যেন সব শিক্ষার্থীই দেখে।
এক কুস্তিগিরকে নিয়ে বানানো এই ছবি দেখে শেখার, অনুপ্রাণিত হওয়ার অনেক উপকরণ আছে বলে মনে করেন সেই কর্মকর্তারা। পাশাপাশি তাঁরা চান, কুস্তির মতো খেলাগুলো যেন হারিয়ে না যায়। নোটিশে বলা হচ্ছে, প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক সব শিক্ষার্থীই যেন এই ছবিটি দেখে। দিনক্ষণ, এমনকি টিকিটের দামও ঠিক করে দেওয়া হয়েছে নোটিশে। গত ৩০ জুলাই থেকে ৪ আগস্টের মধ্যে দেখতে হবে ছবিটি। প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য টিকিটের দাম ২০ রুপি। উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের টিকিট কিনতে হবে ৩০ রুপি করে। হিন্দুস্তান টাইমস।


























































