গুলশান হলি আর্টিজান রেস্টুরেন্টের নৃশংস হত্যাকান্ডের একমাস আজ।
পহেলা জুলাই রাতের প্রথম প্রহর। গুলশানের ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান রেস্তোরায় দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করেছে সন্ত্রাসীরা। এমন খবরে কেঁপে উঠে গোটা দেশ।
ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অসংখ্য সদস্য। রাতভর নানা উদ্বেগ উৎকণ্ঠার পর ভোরে ১৩ মিনিটের অভিযান ‘অপারেশন থান্ডারবোল্টের’ মাধ্যমে শেষ হয় জিম্মি সংকট
কিন্তু এরআগেই হত্যা করা হয় ১৭ বিদেশিসহ ২২ জনকে। এরপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ‘অপারেশনের সময় নিহত হয় আরো ৬ জঙ্গি। দেশের ইতিহাসে প্রথমবারের মতো নিরীহ মানুষকে জিম্মি করে হত্যার ঘটনায় তোলপাড় হয়েছে বিশ্বমহল।
পুলিশ মহাপরিদর্শক বলছেন, একমাসে গুলশান হত্যাকান্ডের তদন্তে অগ্রগতি হয়েছে অনেকটাই।
তবে তরুণ প্রজন্মের উগ্রবাদের সঙ্গে জড়িয়ে যাওয়াটা সমাজের জন্য উদ্বেগজনক। এই পরিস্থিতি মোকাবেলায় পুলিশি কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা প্রত্যাশা করছেন তিনি।
উচ্চবিত্ত পরিবারের সন্তান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের উগ্রবাদে জড়িয়ে পড়ার তথ্য নাড়িয়ে দেয় গোটা সমাজকে। আর এই পরিস্থিতি মোকাবেলায় সমাজের সর্বস্তরের সহযোগিতার কথা বলছেন সংশ্লিষ্টরা।
এক মাস আগে গুলশানে ছিল জন জীবনের কোলাহলপূর্ণ আনাগোনা। কিন্তু পহেলা জুলাই নৃশংস হামলা শুধু গুলশান নয় পুরো দেশকে বদলিয়ে দিয়েছে। তবে সবারই প্রত্যাশা উগ্রবাদের চোখ রাঙ্গানী নয় অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের জয় হবে।























































