শুক্রবার,১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


জাতীয় ঐক্যের নামে নির্বাচনি ঐক্য গড়ছে বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৮.২০১৬

bnp-logo-1

পূর্বাশা ডেস্ক:

জঙ্গিবাদ রুখতে বেশ কয়েক দিন ধরেই জাতীয় ঐক্যের কথা বলছে জাতীয়তাবাদী দল বিএনপি। এই জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে ক্রমাগত আহ্বান জানিয়ে যাচ্ছে দলটি। তবে আওয়ামী লীগ জামায়াতকে জাতীয় ঐক্যের প্রধান বাধা হিসেবে দেখছে। অপরদিকে বিএনপি জামায়াতকে যেকোনো উপায়ে ২০ দলীয় জোটে ধরে রাখতে বদ্ধপরিকর। বিএনপির নেতারা বলছেন, আওয়ামী লীগ সাড়া না দিলে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়েই জাতীয় ঐক্য গড়ে তোলা হবে। আর এই জন্য ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জামায়াত নেতাদের সঙ্গে নিয়ে আলোচনা শুরু করেছেন বিএনপির একাধিক শীর্ষস্থানীয় নেতা।

তবে জানা গেছে, জাতীয় ঐক্য গড়ে তুলতে হিমশিম খাচ্ছে বিএনপি। কারণ যে সব রাজনৈতিক দলগুলোকে ডাকা হচ্ছে তারা ইতোমধ্যে বিএনপির সঙ্গে দর-কষাকষি শুরু করেছে। দলগুলো বলছে, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের কয়টি আসন দেওয়া হবে এবং কয়টি মন্ত্রণালয় দেওয়া হবে। ফলে জাতীয় নির্বাচনে কোন কোন রাজনৈতিক দলকে কয়টি আসন ও বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পর কোন কোন দলকে কয়টি মন্ত্রণালয় দেওয়া হবে এই বিষয়গুলো নিয়ে বিপাকে পড়েছে বিএনপি। মূলত এ কারণেই জাতীয় ঐক্য গড়ে তুলতে বিলম্বিত হচ্ছে। সুতরাং জাতীয় ঐক্যের নামে তলে তলে রাজনৈতিক ঐক্য গড়ে তোলা হচ্ছে। যার প্রধান উদ্দেশ্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন।

জাতীয় ঐক্য প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘জাতীয় ঐক্য হয়ে গেছে’ এই কথা বলে প্রধানমন্ত্রী জাতিকে বিভক্ত করছেন। কিন্তু আমরা জাতিকে বিভক্ত করতে চাই না। বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়তে চাই। আর এই ঐক্য কোনো দলের নয়, দেশের স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তোলা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক শীর্ষস্থানীয় নেতা বলেন, জাতীয় ঐক্য গড়ে তুলতে দেরি হওয়ার কারণ, যাদের সঙ্গে আমরা ঐক্য করতে চাচ্ছি তারা সবাই জাতীয় নির্বাচনে আসন ও বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে মন্ত্রণালয় দাবি করছে। এই কারণে মূলত জাতীয় ঐক্য করতে দেরি হচ্ছে।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এই রাজনৈতিক ঐক্যে জামায়াত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে মিটিং-মিছিলসহ মাঠপর্যায়ের কর্মসূচিতে নেতৃত্ব দেবে এই বিতর্কিত দলটি। অন্যদিকে, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে গঠিত তথাকথিত জাতীয় ঐক্য ধীরে ধীরে রাজনৈতিক ঐক্যে রূপ লাভ করবে। এখানে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে সরকারের পতন পরবর্তী অবস্থার প্রেক্ষাপটে আসন বন্টন নিয়ে আলোচনা করা হবে এবং ভবিষ্যতে ক্ষমতায় এসব দলের প্রতিনিধিত্ব থাকবে। ফলে প্রাথমিকভাবে এই জাতীয় ঐক্য জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হলেও অচিরেই তা সরকার পতনের আন্দোলনে কার্যকর হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, জাতীয় ঐক্যতে আওয়ামী লীগ নাও আসতে পারে। তবুও আমরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়েই জাতীয় ঐক্য গড়ে তুলবো। দেশকে রক্ষা করতেই আমরা এই কাজ করব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি