
০ নবনির্বাচিত চেয়ারম্যানের অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতার তথ্যপ্রমাণ নেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে
০ শপথগ্রহণের পরই শুরু করেছেন নাগরিক ও চারিত্রিক সনদ প্রদান
জাকারিয়া মানিক ॥
গত ২২ মার্চ দেশের প্রথমদফা ইউপি নির্বাচনে কুমিল্লা জেলায় দেবিদ্ধার উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২২ বছর বয়সী প্রবাসী যুবক কামরুল হাসান অংশ নিয়ে ভোটের দিন লঙ্কাকান্ড ঘটিয়ে নৌকা প্রতীকে বিজয়ী হন। এ নির্বাচনে বিজয়ী প্রার্থীর তথ্যগোপন ও বয়স জালিয়াতির অভিযোগে সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম সরকার। এতে কোন প্রতিকার না পাওয়ায় এ নিয়ে কুমিল্লার নির্বাচন ট্রাইব্যুনাল আদালতে গত ২১ এপ্রিল একটি মামলা (নং ০১/১৬) দায়ের করেন। এ মামলাটি আমলে নিয়ে বিজয়ী চেয়ারম্যান কামরুল হাসান ও সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাসহ ১৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেন আদালত। পরে ২৮ এপ্রিল কুমিল্লার জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যান কামরুল হাসানের শপথগ্রহণ হয়। বিজয়ী চেয়ারম্যানের প্রার্থীতা বাতিলের লক্ষ্যে এ নিয়ে পরে হাইকোর্টে একটি সিভিল রিভিশন মামলা (নং ১৬৪৪/২০১৬) করেন। এ মামলায় গত ৬ জুন শুনানী শেষে নবনির্বাচিত চেয়ারম্যান কামরুল হাসানের দায়িত্ব পালনে তিন মাসের জন্য নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত। হাইকোর্টের এ আদেশকে চ্যালেঞ্জ করে বিজয়ী চেয়ারম্যান কামরুল ইসলাম সরকার সুপ্রীম কোর্টের আপিল বিভাগে চেম্বার জজের কাছে লিভ টু আপিল (সিপি নং ২৩২৯/২০১৬) দাখিল করেন। লিভ টু আপিল শুনানী শেষে সিরাজুল ইসলাম সরকারের দায়ের করা মামলাটি (সিভিল রিভিশন নং ১৬৪৪/২০১৬) চলতি ২৯ আগস্ট পূর্ণাঙ্গ শুনানী করতে নির্দেশ দেন আপিল বিভাগ। এদিতে, উচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করে নবনির্বাচিত চেয়ারম্যান কামরুল হাসানের কাছে দায়িত্ব হস্তান্তর করতে সদ্য সাবেক চেয়ারম্যান বরাবরে গত ২ আগস্ট এক অফিস আদেশ (স্বারক নং ৫৯৯ তাং ০২.০৮.২০১৬ইং) প্রেরন করেছেন দেবিদ্ধার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাইফুল ইসলাম।
জানা গেছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বিধি অনুযায়ি একজন চেয়ারম্যানের শপথ গ্রহণের পর ৩০ দিনের মধ্যে প্রথম সভা সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। সেখানে নবনির্বাচিত চেয়ারম্যান কামরুল হাসানের শপথগ্রহণ গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত হলেও এখনও পর্যন্ত পরিষদের কোন সভা অনুষ্ঠিত হয়নি। যদিও, সভার স্থল উল্লেখ না করে দেবিদ্ধার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর প্রেরিত পত্রে জানিয়েছেনে, গত ২৮ জুলাই ১ম সভাটি অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া, কতো দিনের মধ্যে সদ্য সাবেক চেয়ারম্যান নবনির্বাচিত চেয়ারম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন ওই পত্রে তা’ উল্লেখ না করলেও রসুলপুর ইউনিয়নকে ‘নবগঠিত’ বলে উল্লেখ করেছেন। এ পত্রের অনুলিপি দেয়া হয়েছে কুমিল্লার জেলা প্রশাসক, উপ-পরিচালক স্থানীয় সরকার কুমিল্লা, দেবিদ্ধার উপজেলা পরিষদের চেয়ারম্যান, দেবিদ্ধার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এবং রসুলপুর ইউপ’র সচিবকে। হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে ২২ বছর বয়সী ইউপি চেয়ারম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর করতে ইউএনও স্বাক্ষরিত পত্র এবং শপথগ্রহণের পরই শুরু নবনির্বাচিত চেয়ারম্যান কামরুল হাসান কর্তৃক নাগরীক ও চারিত্রিক সনদ প্রদান নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনীতি সচেতন মহলের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
দেশে স্থানীয় সরকার (ইউপি) নির্বাচন প্রকৃয়া শুরু হলে ওই নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ি রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল ভোটে বিজয়ী হন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সরকার। তৃণমূলে তিনি দলের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত হন। কেন্দ্রীয় আওয়ামী লীগের চুরান্ত প্রার্থী তালিকায় অনুমোদন পেতে তাঁর নাম পাঠানো হয় ঢাকায়। পরে কেন্দ্র থেকে দলটির প্রার্থী হিসেবে নাম আসে খাইয়ার গ্রামের মৃত আব্দুল বারি’র পুত্র প্রবাস ফেরত কামরুল হাসান নামের এক যুবকের। দলের কোন সদস্য পদ না থাকলেও পরে কামরুল হাসানই নৌকা প্রতীক বরাদ্ধ পান। পরে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন সিরাজুল ইসলাম সরকার।
প্রার্থীতা যাচাই-বাছাইকালে বয়স ও তথ্য গোপনসহ নানা অভিযোগ দায়ের করেন কামরুল হাসানের বিরুদ্ধে। এর মধ্যে প্রধান অভিযোগ হলো কামরুল হাসানের বয়স জালিযাতি। ৯নং খাইয়ার ওয়ার্ডে পুরুষ ভোটার তালিকায় ১০৫৮ নম্বর ক্রমিকে কামরুল হাসানের ভোটার নং ১৯৩৫৭৮০০০৪৩২, জন্ম তারিখ ১০ মে ১৯৯৪ইং। অপরদিকে, এই কামরুল হাসানেরই ১৯৭৪১৯১৪০৮৯০০০০৩১ নং জাতীয় পরিচয়পত্রে তাঁর জন্ম তারিখ ১০ মে ১৯৭৪ইং। অপরদিকে, কামরুল হাসানের মাতা শাহানা আক্তারের ৪৫৮ নম্বর ভোটার ক্রমিকে জন্ম ২০ অক্টোবর ১৯৬০ইং এবং বড় ভাই মুস্তফা সারোয়ারের ৩৭৬ নম্বর ভোটার ক্রমিকে জন্ম ১৫ অক্টোবর ১৯৭৯ইং।
এদিকে, জাতীয় পরিচয়পত্র অনুযায়ি নবনির্বাচিত চেয়ারম্যান কামরুল হাসান তাঁর বড় ভাইয়ের ৫ বছর পূর্বে এবং মায়ের ১৪ বছর বয়সে জন্মগ্রহণ করেছেন এবং ভোটার তালিকা অনুযায়ি তাঁর বয়স বর্তমানে ২২ বছর চলমান। স্থানীয় নির্বাচন কমিশন বিধিমালা মতে ২২ বছর বয়সে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ারই কোন সুযোগ নেই। অপরদিকে, মনোনয়নপত্রে কামরুল হাসান নিজের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ উল্লেখ করলেও সংশ্লিষ্ট বিদ্যালয়ে এ সংক্রান্তে কোন তথ্য নেই। এসব ঘটনায় উপজেলা রিটানিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিলের পরও কামরুল হাসানের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে বৈধতালাভ করে।
এ বিষয়ে দেবিদ্ধার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছে, কুমিল্লার নির্বাচন ট্রাইব্যুনাল এবং উচ্চ আদালতের সিদ্ধান্তের বিষয়ে তিনি দাপ্তরিকভাবে অবগত নন, তাই দায়িত্ব হস্তান্তর করতে সদ্য সাবেক চেয়ারম্যানকে তিনি চিঠি দিয়েছেন। তাছাড়া, পূর্ববর্তী চেয়ারম্যানের সময়কাল থেকে যাওয়ায় শপথ গ্রহণের ৩০ দিনের মধ্যে প্রথম সভা নির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠিত হয়নি। এ ক্ষেত্রে কুমিল্লার জেলা প্রশাসকের লিখিত নির্দেশনা তিনি মেনেই দায়িত্ব পালন করেছেন। কতদিনের মধ্যে নয়া চেয়ারম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর করবে এমন প্রশ্নে তিনি জানিয়েছেন, এ বিষয়টি পত্রে উল্লেখ না থাকলেও তাদের অফিসিয়াল নোটে উল্লেখ রয়েছে। শপথগ্রহণের পরই নবনির্বাচিত চেয়ারম্যান কর্তৃক নাগরিক ও চারিত্রিক সনদ প্রদান বিষয়ে তিনি বলেন, প্রথম সভা অনুষ্ঠিতের পর চেয়ারম্যান কর্তৃক নাগরিক ও চারিত্রিক সনদ প্রদান করলে তেমন কোন সমস্যা নেই।
এদিকে, মামলার বাদি চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম সরকার জানিয়েছেন, রসুলপুর ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালনে হাইকোর্টের দেয়া তিন মাসের স্থগিতাদেশ তিনি নিজে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ডাক ফাইলে জমা দিয়ে এর রিসিভ কপিও সংগ্রহ করেছেন।

























































