মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শুরুতেই হোঁচট ব্রাজিল-আর্জেন্টিনার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৮.২০১৬

c9811b1d580ed4efcb0468f54f007866-25

পূর্বাশা স্পোর্স ডেস্ক:

ফুটবলে সম্ভাব্য সব শিরোপাই পাওয়া হয়ে গেছে। ব্রাজিলের ট্রফিকেসে শুধু অলিম্পিকের সোনাটাই নেই। নিজেদের মাঠে সোনাজয়ের সেই স্বপ্ন শুরুতেই একটা হোঁচট খেল। পরশু নিজেদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকেই হারাতে পারল না ব্রাজিল। ১০ জন নিয়েই দক্ষিণ আফ্রিকা রুখে দিয়েছে ব্রাজিলকে, ম্যাচটা হয়েছে গোলশূন্য ড্র। দুই বছর আগের বিশ্বকাপ-দুঃস্বপ্ন ভুলতে মাঠে এসেছিলেন যাঁরা, ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়াম থেকে হতাশা নিয়েই ফিরতে হয়েছে তাঁদের। দুয়োও শুনতে হয়েছে নেইমারদের। তবে বিশ্ব ফুটবলের আরেক শক্তি, ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার ফল হয়েছে আরও খারাপ। প্রথম ম্যাচেই পর্তুগালের কাছে তারা হেরে গেছে ২-০ গোলে।
পুরো শক্তির দল নিয়েই নেমেছিল ব্রাজিল। আক্রমণভাগে নেইমারের সঙ্গে ছিলেন উঠতি তারকা গ্যাব্রিয়েল বারবোসা আর সদ্যই ম্যানচেস্টার সিটিতে নাম লেখানো গ্যাব্রিয়েল জেসুস। কিন্তু সুযোগ পেয়েও এই ত্রয়ী তা কাজে লাগাতে পারেননি। দক্ষিণ আফ্রিকাই বরং শুরুটা করেছিল ভালো। লেবো মোথিবা তো দুবার সহজ সুযোগ নষ্ট করেছেন। তবে এরপরই খেলাটা ধরে নেয় ব্রাজিল। নেইমার খুব কাছ থেকে দুটি সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি। জেসুসের শট পোস্টে লেগে ফিরে এসেছে। ব্রাজিলের জয়ের আশাটা আরও উজ্জ্বল হয়ে ওঠে ৫৯ মিনিটে মোথোবি এমভালা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে। কিন্তু ১০ জনের দলের বিপক্ষেও জয় বের করতে পারলেন না নেইমাররা। নিতে পারলেন না ‘এ’ গ্রুপের নিয়ন্ত্রণ। এই গ্রুপে দিনের অন্য ম্যাচে গোলশূন্য ড্র করেছে ইরাক-ডেনমার্ক। চার দলের পয়েন্টই তাই সমান।
ব্রাজিলের তবু ড্রয়ের সান্ত্বনা আছে। আর্জেন্টিনা তো হেরেই গেছে। গত মাসের জ্বালাটা যেন নতুন করে ফিরে এল আর্জেন্টিনা সমর্থকদের কাছে। কোপা আমেরিকায় আর্জেন্টিনার ব্যর্থতার ক্ষতে নুন ছিটিয়েছিল ইউরোতে পর্তুগালের সাফল্য। লিওনেল মেসির কান্না দেখার কষ্টের চেয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সাফল্যমাখা হাসি দেখার যন্ত্রণা কি কম! মজার ব্যাপার হলো, এবারের অলিম্পিক ফুটবলে সেই পর্তুগালেরই মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। আর তাতে দুবারের অলিম্পিক চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়ে দিল পর্তুগাল।
দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৬৬ মিনিটে পর্তুগালকে এগিয়ে দেন পাচিয়েনসিয়া। আর্জেন্টিনার বদলি খেলোয়াড় ক্রিস্টিয়ান পাভন ৭৪ মিনিটে গোলটা প্রায় শোধই করে দিয়েছিলেন। কিন্তু দারুণভাবে ঠেকিয়ে দেন পর্তুগাল গোলরক্ষক ভারেলা। ৮৪ মিনিটে গোল করে আর্জেন্টিনার ফিরে আসার সম্ভাবনা শেষ করে দেন পিতি। এ গোলটি ছিল আর্জেন্টিনার দিক দিয়ে দৃষ্টিকটু। পিতির দূরপাল্লার শট অনায়াসে ঠেকানোর কথা ছিল গোলরক্ষক রুল্লির। উল্টো তাঁর দুই পায়ের ফাঁক দিয়ে বল ঢুকে যায় জালে!
সিনিয়রদের ফুটবলে এই দুই দলের ঠিক উল্টো খেলাটাই হয়েছে পরশু। বলের দখলে এগিয়ে ছিল পর্তুগাল। আর্জেন্টিনা খেলেছে পাল্টা আক্রমণে। প্রথমার্ধে লড়াইটা হয়েছে সমানে সমান। কিন্তু দ্বিতীয়ার্ধে পর্তুগাল নিখুঁত দুটি সুযোগ কাজে লাগিয়েছে বলেই ম্যাচ থেকে ছিটকে পড়ে আর্জেন্টিনা। গত ২০ বছরে এটিই অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনার প্রথম পরাজয়। ২০০৪ ও ২০০৮ সালের চ্যাম্পিয়নরা ২০০০ ও ২০১২ অলিম্পিক ফুটবলে খেলেনি। সর্বশেষ তারা হেরেছিল ১৯৯৬ অলিম্পিক ফুটবলে, নাইজেরিয়ার কাছে।
আগামী পরশু বাংলাদেশ সময় রাত ৩টায় আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ওই ম্যাচে না জিতলে কোপার হতাশার সঙ্গে অলিম্পিক ফুটবলের যন্ত্রণাও যোগ হয়ে যাবে!



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি