পূর্বাশা ডেস্ক:
আমরা নানা কারণে বিএনপির রাজনীতিকে পছন্দ করি না বলে এটা ভাবা ভুল যে তাদের শেকড় আলগা হয়ে আছে। প্রান্তিক নামে পরিচিত আম জনতার এক বিশাল অংশে এখনও তারা ভালোভাবেই বিরাজ করছে। বলা উচিত দাপটের সঙ্গে। আবার এটাও ঠিক এই যে নীরব সমর্থন তার পেছনে তাদের রাজনীতি বা আদর্শের চেয়ে অনেকগুণ বেশি কাজ করছে সরকারি দলের নানা ধরনের ভুলভ্রান্তি। সরকারে মেশা আওয়ামী লীগ ক্রমেই দুর্বল হয়ে ওঠার মূল কারণ তাদের ভেতরে থাকা সুবিধাবাদ। এটা মানি, সরকারে থেকে জনপ্রিয় হওয়া বা তা ধরে রাখা আমাদের মতো দেশে অসম্ভব। যেখানে সমস্যা ও নিয়ত হানাহানি সেখানে সরকারের ইমেজ সবসময় সমান্তরাল বা ঊর্ধ্বমুখী থাকতে পারে না। বাংলাদেশে রাজনীতির মতো কঠিন বিষয় দ্বিতীয় কিছু নেই। আজ আওয়ামী লীগ যেসব কাজ করতে চাইছে বা করছে সেটা মেয়াদপেরুণো কালে করা তামাদি কাজ। বঙ্গবন্ধুর মতো নেতা চার জাতীয় নেতা বা তাদের ত্যাগী নেতাদের অভাবে ভোগা ক্লিশ আওয়ামী লীগের দ্বারা এটা কতটা সম্ভব তার-ই টেস্ট হচ্ছে দেশে। আমি শেখ হাসিনাকে সমর্থন করি দুটি কারণে প্রথমত, তিনি একমাত্র আন্তরিক ও একনিষ্ঠ। তার রক্ত ও কাজে এখনও জ্বলজ্বলে মুক্তিযুদ্ধ। কিন্তু একাজ কি একার? না একাজে কেবল অনুগত বাহিনী থাকলেই চলে?
অন্যদিকে, বিএনপির রাজনীতি এখনও তার চেহারা পাল্টাতে পারেনি। তার সুযোগ ছিল বদলানোর। বিশ্বরাজনীতির যে খেলায় তার এই ধরাশায়ী চেহারা সেখানে তার কোনো দৃষ্টি আছে বলে মনে হয় না। মনে রাখতে হবে, রাজনীতি আর আগের জায়গায় নেই। মানুষের হাতে সময় কম। ইলেকট্রনিক দুনিয়ায় তার হাতে এত বিনোদন, এত বিষয় রাজনীতি সেখানে গৌণ। রাজনীতির ধারা গেছে বদলে। মানুষ এখন মাঠে-ময়দানে গিয়ে ভাষণ শুনবে না। তার সময় নেই মিছিল মিটিং করার। এমন এক সময় আসবে যখন টিভি, মিডিয়া বা কাগজ পড়ে দেখেই মানুষ সিদ্বান্ত নিবে তাদের ভোট যাবে কোনদিকে। আদর্শের বা কাজের জায়গাটা হবে মূখ্য। বিএনপিকে তা করতে হলে আমূল পরিবর্তনের দিকে মনযোগী হতে হবে। ভেবেছিলাম বিএনপি তা করবে। কিন্তু দীর্ঘসময় পর তাদের ঘোষিত কমিটি দেখে তা মনে হলো না। বিপদ দেখুন কমিটি ঘোষণার পরদিনই মূলত সেদিনই তাদের এককালের বিশ্বস্ত নেতা খালেদা জিয়ার কাছের মানুষ মোসাদ্দেক আলী ফালু পদত্যাগ করে ফেলেছেন। তার এই পদত্যাগ কিন্তু একধরনের সিগন্যাল। যে মানুষটির কারণে দল পড়ত বিপদে, যাকে নিয়ে নানা গুজবের পর গুজবে বিএনপির ভোটের বাক্সে নেগেটিভ প্রভাব পড়ত, তাকে ভাইস প্রেসিডেন্ট পদে রাখার দরকার কী ছিল? আর যদি রাখেইবা, পরদিন চলে যাবার ভেতর কি এটাই মনে হবে না যে আসলে দলের ঐক্য বা নিয়ন্ত্রণ এখন আর খালেদার হাতে বা তার ইমেজের ওপর নির্ভর করে না?
খালেদা জিয়া ছিলেন এদেশের ভাগ্যবতী নেত্রী। এককালের মুসলিম লীগার, এককালের নেজামে ইসলামীরা, জাসদ অতিবামের একাংশ আর স্বাধীনতা বিরোধিদের অশ্রয়, একজন পথভ্রষ্ট মুক্তিযোদ্ধার বিধবা পতœী হিসেবে তার যে জয়জয়াকার আজ তার সময় গেছে পাল্টে। আজকের বাংলাদেশ সে জায়গায় নেই। যুদ্বাপরাধীদের বিচার ও শাস্তির পর জামায়াতের রাজনীতি কিন্তু নতুন পথে যেতে বাধ্য। তারা জঙ্গিবাদের সঙ্গে থাকলেও এটা অব্যহত থাকবে না। তারা যখন ফিরবে বা নাম বদলাবে বা অন্যভাবে আসবে এখনকার বিএনপি কি পারবে আগের জায়গায় বা এই জায়গায় থাকতে? সেটা বিবেচনায় না রেখে সাকা পুত্র হুম্মামকে দলে নেওয়ার দায় চুকাতে হবে বিএনপিকে। আর একটা বিষয় বুঝলাম না, কিভাবে সালাহউদ্দিনকে তারা দলের এমন জায়গায় রাখলেন? তবে কি তারা জানেন সালাহউদ্দিন কেমন আছে? কীভাবে সে গেছে? কিভাবে ফিরবে? এভাবতো সরকারের কথাকেই সত্য প্রমাণ করল বিএনপি।
এই বিএনপি কি আলসেই পারবে কিছু করতে? না এ এক ফসিল এখন? সেটাই দেখার বিষয়।
লেখক : সিডনি প্রবাসী, কলামিস্ট ও বিশ্ববিদ্যালয় পরীক্ষক


























































