পূর্বাশা ডেস্ক:
মুক্তিযোদ্ধার জাল সনদ দেখিয়ে পুলিশ বিভাগে চাকরি নেওয়া ১৯ জন কনস্টেবলকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।
পাবনা থেকে সোমবার তাদের গ্রেপ্তার করা হয় বলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
গ্রেপ্তার কনস্টেবলরা হলেন- আইয়ুব আলী, কামরুল ইসলাম, আব্দুল কুদ্দুছ শেখ, আলী আব্বাস, মোহাম্মদ আলী, সবুজ মিয়া, আবু হানিফ, সাইফুল ইসলাম (১), মো. ফেরদৌস, সাইফুল ইসলাম (২), হায়দার আলী, মো. বুদ্ধি মিয়া, সুমন কুমার সরকার, শহীদুল ইসলাম, আব্দুল আউয়াল, আমিরুল ইসলাম, আল আমিন, সোহেল রানা ও সুমন আহাম্মেদ।
দুদকের পাবনা কার্যালয়ের উপপরিচালক আবু বকর সিদ্দিক ও উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ তাদের গ্রেপ্তার করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদের সবারই স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বিভিন্ন গ্রামে।
সিরাজগঞ্জ থানায় ২০১৪ সালের ৪ নভেম্বর করা এক মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান প্রণব ভট্টাচার্য।
তিনি বলেন, এরা ভুয়া সনদ দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ কনস্টেবল পদে চাকরি নিয়েছিলেন। মামলার পর তাদের ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া স্থগিত ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাবনা প্রতিনিধি জানান, সোমবার বিকালে ১৯ জনকে গ্রেপ্তার করে জেলার হাকিম আদালতে নিয়ে যান দুদক কর্মকর্তারা।
দুদক কর্মকর্তা আবু বকর বলেন, মুক্তিযোদ্ধার সনদ জাল করে পুলিশ কনস্টেবল পদে চাকরি নেওয়ার অভিযোগে এই ১৯ জনের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মামলাটি করেছিল পুলিশ সদর দপ্তর।
“পরে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় দুদককে। দুদকের প্রাথমিক তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিকালে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। প্রমাণ মেলার পর তাদের গ্রেপ্তার করা হয়।”























































