
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার লাকসাম উপজেলায় দেশীয় অস্ত্রসহ দেলোয়ার হোসেন সবুজ (৩৪) নামের এক যুবককে আটক করেছে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
আটক হওয়া দেলোয়ার হোসেন সবুজ কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও বাগিচা পাড়ার তোফায়েল আহমেদের ছেলে। তিনি উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।
বুধবার (১০ আগস্ট) সকালে উপজেলার পশ্চিমগাঁও বাগিচা পাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিকেলে র্যাব আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। পরে বিকেলে তাকে লাকসাম থানায় হস্তান্তর করা হয়।
কুমিল্লা র্যাব-১১ , সিপিসি-২ এর কমান্ডার মেজর মোঃ মোস্তফা কাইজার জানান, র্যাব এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই সন্ত্রাসীর বাড়িতে অভিযান চালিয়ে ১ টি তরবারি, ১টি ছোরা ও ১ টি কুড়ালসহ সন্ত্রাসী দেলোয়ার হোসেন সবুজকে আটক করা হয়। সে বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের সাথে জড়িত এবং তার বাড়িতে দেশিয় অস্ত্রের মজুদ ছিল।

























































