মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আর্জেন্টিনাকে বিদায় করে শেষ আটে হন্ডুরাস


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৮.২০১৬

Argentina-v-Honduras-550x344 পূর্বাশা ডেস্ক:

অলিম্পিক ফুটবলে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না আর্জেন্টিনার। অসংখ্য সুযোগ নষ্ট করে হন্ডুরাসের সঙ্গে ১-১ গোলে ড্র করে অলিম্পিক ফুটবলের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ২০০৪ ও ২০০৮ আসরের চ্যাম্পিয়নরা।

বুধবার প্রথমার্ধের শেষ মুহূর্তে অ্যান্থনি লোজানোর গোলে এগিয়ে যায় হন্ডুরাস। যোগ করা সময়ে মাউরিসিও মার্তিনেসের গোল সমতা ফেরায় আর্জেন্টিনা। কিন্তু আরেকটি গোল পাওয়া হয়নি। কোয়ার্টার-ফাইনালে ৭ পয়েন্ট পাওয়া পর্তুগালের সঙ্গী হয়েছে হন্ডুরাসই।

আর্জেন্টিনার পয়েন্ট হন্ডুরাসের সমান ৪। তবে গোল ব্যবধানে পিছিয়ে বাদ পড়লো তারা। গ্রুপের অন্য ম্যাচে আলজেরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে পর্তুগাল।

প্রথম দুই রাউন্ড শেষে গোল ব্যবধানে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে থাকায় শেষ আট নিশ্চিত করতে ১ পয়েন্ট দরকার ছিল হন্ডুরাসের। সেই কৌশল নিয়েই মাঠে নামে তারা।

শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা আর্জেন্টিনা কোনো সুযোগই কাজে লাগাতে পারেননি। এদিন সবচেয়ে বেশি হতাশ করেছেন আক্রমণভাগের দুই ভরসা জোনাথান কায়েরি ও আনহেল কোয়েররা।

৩৮তম মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন কায়েরি। অনেক সময় পেয়েছিলেন তিনি, ধারে কাছে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। কিন্তু বল লক্ষ্যেই রাখতে পারেননি এই ফরোয়ার্ড। দুই মিনিট পর ডি বক্সের ভেতর থেকে গোলরক্ষক বরাবর মেরে সুযোগ হাতছাড়া করেন কোয়েররা।

যোগ করা সময়ে আর্জেন্টিনাকে চেপে ধরে প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলা হন্ডুরাস। এই সময়ে দারুণ ডাইভে একটি প্রচেষ্টা ব্যর্থ করেন দেন আর্জেন্টিনার গোলরক্ষক জেরোনিমো রুয়ি। একটু পরেই ফাউল থেকেই পেনাল্টি পায় প্রতিপক্ষ। তবে দারুণ ডাইভে ব্রায়ান একস্তার শট ঠেকিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধে ৫৪তম মিনিটে মার্সেলো পেরেরার ফাউলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। তবে কোরেয়ার শট পোস্টে লেগে বাইরে গেলে এগিয়ে যাওয়ার সুযোগটি নষ্ট হয়।

৭২তম মিনিটে আবার পেনাল্টি পায় হন্ডুরাস। এবার আর ফেরাতে পারেননি রুয়ি। লুজানোর শট তাকে ফাঁকি দিয়ে পৌঁছায় জালে। যোগ করা সময়ে ফ্রি-কিক থেকে মার্তিনেসের গোলে সমতা ফেরায় আর্জেন্টিনা। ক্ষণিকের জন্য আশা জাগলেও উঠে কিন্তু জয়সূচক গোলের দেখা আর পায়নি তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি