ডেস্ক রিপোর্ট ঃ
রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় গ্রেফতার সন্দেহভাজন হাসনাত রেজা করিম ও ব্যবসায়ীপুত্র তাহমিদ হাসিব খানকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। ওই ঘটনায় তাদের জড়িত থাকা না থাকার বিষয়ে এখনো স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি পুলিশ। রিমান্ডের জিজ্ঞাসাবাদে হাসনাত ও তাহমিদের দেয়া বক্তব্যগুলো ও প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। সম্পৃক্ততার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণ হলে এই দুই সন্দেহভাজন ওই মামলার আসামি হবেন। আর তা না হলে তারা এ মামলার সাক্ষীও হতে পারেন। স্পর্শকাতর এ মামলার গভীর অনুসন্ধানে শিগগিরই এই দুই সন্দেহভাজনের ভূমিকা স্পষ্ট হবে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র।
৪ আগস্ট থেকে আট দিনের রিমান্ডে ছিলেন নর্থ সাউথ বিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজা করিম ও কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খান। এ সময় তাদের টানা জিজ্ঞাসাবাদ করেন তদন্ত সংস্থা কাউন্টার টেররিজম ইউনিটের তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। পুলিশ সূত্র জানায়, গতকাল শুক্রবার হাসনাত ও তাহমিদের রিমান্ড শেষ হয়েছে। আজ শনিবার দুপুরে তাদের আদালতে তোলা হবে। প্রয়োজনে দ্বিতীয় দফায় আরো সাতদিনের রিমান্ড চাওয়া হতে পারে। সংশ্লিষ্টরা জানান, এক সময় জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের অন্যতম সংগঠন ছিলেন এই হাসনাত করিম। অভিযোগ রয়েছে সে কারণেই নর্থ সাউর্থ বিশ্ববিদ্যালয় থেকে তাকে চাকরিচ্যুত করা হয়। তবে হাসনাতের পরিবার বিষয়টি অস্বীকার করেছেন। আর তাহমিদ হাসিব খান গুলশান হামলার একদিন আগে কানাডা থেকে বাংলাদেশে এসেছিলেন। বিশেষ কোনো উদ্দেশ্যে এসেছিলেন কিনা-তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, টানা আট দিনের রিমান্ডের ব্যাপক জিজ্ঞাসাবাদে হাসনাত ও তাহমিদ পুলিশের কাছে বারবার দাবি করেছেন, তারা গুলশান হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার সঙ্গে জড়িত নন। অস্ত্রের মুখে জিম্মি করে জঙ্গিরা তাদের ভবনটির ছাদে নিয়েছিল। জঙ্গিদের সঙ্গে কথা বলতে ও হাতে গুলিবিহীন অস্ত্র তুলে নিতে বাধ্য করা হয়েছিল। জঙ্গিদের কথামতো কাজ না করলে তাদের প্রাণে মেরে ফেলা হতো বলেও দাবি করেছেন জিজ্ঞাসাবাদকারী কর্মকর্তাদের কাছে।
তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এই সন্দেহভাজন দুই আসামির দাবির সত্যতা ও যৌক্তিকতা নিবিড়ভাবে পর্যালোচনা করে দেখছেন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তারা। পাশাপাশি তাদের ভূমিকার ব্যাপারে ঘটনাস্থলে থাকা অন্য প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও নেয়া হয়েছে। প্রাপ্ত সব তথ্যের চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। পুলিশের তদন্ত, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও হাসনাতের মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষায় ঘটনার সঙ্গে তাদের যোগসাজশ ছিল কিনা তা পরিষ্কার হবে।
কাউন্টার টেররিজম ইউনিটের এক কর্মকর্তা জানিয়েছেন, হাসনাত করিম ও তার স্ত্রী শারমীন করিম দাবি করে আসছেন, তাদের মেয়ের ১৩তম জš§দিন পালন করতেই তারা হলি আর্টিজান বেকারিতে গিয়েছিলেন। সেদিন হাসনাতের মেয়ের জš§দিন ছিল, সে বিষয়ে তারা নিশ্চিত হয়েছেন। তবে সেদিন জš§দিন উদযাপনের জন্য তারা সেখানে গিয়েছিলেন কিনা সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। ওই কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে তাহমিদের হাতে যে অস্ত্রটি ছিল তাতে কোনো ম্যাগাজিন ছিল না। এমনকি ওই আগ্নেয়াস্ত্র থেকে কোনো গুলি ছোড়ার প্রমাণও পাননি তারা। তবুও অস্ত্রটিতে প্রকৃতই ম্যাগাজিন ছিল কিনা ও গুলি ছোড়া হয়েছিল কিনা তা অধিকতর তদন্তের জন্য ব্যালিস্টিক পরীক্ষা করা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তা জানান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও কানাডা প্রবাসী শিক্ষার্থী তাহমিদ হাসিব খানকে গুলশান ট্র্যাজেডির ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেফতার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের গভীর তদন্তে দোষী সাব্যস্ত হলে তাদের ওই হামলার ঘটনায় দায়ের করা গুলশান থানার মামলায় গ্রেফতার দেখানো হবে। আর তাদের জড়িত থাকার প্রমাণ না পাওয়া গেলে তারা ছাড়া পাবেন। সেক্ষেত্রে হয়তো তারা ওই মামলার সাক্ষীও হতে পারেন।
আর তদন্ত সংস্থা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ও অতিরিক্ত ডিএমপি কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, হাসনাত ও তাহমিদ গুলশান হামলায় জড়িত কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত নন তারা। তদন্ত শেষে তা বলা যাবে। তবে শরীরী ভাষাসহ আলামতে সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই সঙ্গে বিভিন্ন ভিডিও ফুটেজ ও স্টিল ছবিগুলোতে তাদের ভূমিকা বিশ্লেষণ করা হচ্ছে।
এদিকে অপর একটি সূত্র মতে, সাম্প্রতিক সময়ে প্রকাশিত বিভিন্ন ছবিগুলোর ব্যাপারে নিশ্চিত হতে স্বজনরা সংশ্লিষ্ট ছবি ও তথ্য পাঠিয়েছিল লন্ডনভিত্তিক শরীরী ভাষা বিশেষজ্ঞ ইন্ডিয়া ফোর্ডের কাছে। গত মঙ্গলবার ইন্ডিয়া ফোর্ড তাদের মতামতে বলেছেন, ‘পরিস্থিতির শিকার হয়ে তাহমিদ হাতে অস্ত্র তুলে নিয়েছেন। তার একমাত্র অপরাধ ছিল ভুল সময় ভুল জায়গায় অবস্থান করছিলেন তিনি; যা আমাদের যে কারো জীবনেই ঘটতে পারে।’
এক গোয়েন্দা কর্মকর্তা জানান, হাসনাত করিম ও তাহমিদের দেয়া বক্তব্যগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। বিশেষ করে জিম্মি ঘটনায় উদ্ধার হওয়া ৩২ জনের সঙ্গেই তারা কথা বলেছেন। এদের মধ্যে ২১ জনের ১৬১ ধারায় জবানবন্দি নথিভুক্ত করেছে পুলিশ। এছাড়া ৯ জন সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দিও দিয়েছেন। সাক্ষী হিসেবে আদালতে দেয়া স্বীকারোক্তির মধ্যে ভারতীয় নাগরিক সত্য প্রকাশের সাক্ষ্যকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। দু-একদিনের মধ্যে তাহমিদের দুই বান্ধবী ফাইরাজ ও তানহারও জবানবন্দিও নেয়া হবে।
হলি আর্টিজান রেস্তেরাঁর ছাদে জঙ্গিদের সঙ্গে ‘ঘনিষ্ঠ অবস্থায়’ হাসনাত ও তাহমিদকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। একাধিক ছবিতে তাদের দু’জনকে দৃশ্যত ‘স্বাভাবিক’ মনে হয়েছে। এমন ছবি গণমাধ্যমে প্রকাশের পর জনমনে তাদের নিয়ে সন্দেহ আরো জোরালো হয়। তবে তদন্তকারী কর্মকর্তারা বলছেন, অনেক সময় শুধু ছবি দেখে কাউকে সন্দেহাতীতভাবে ‘আসামি’ হিসেবে শনাক্ত করা সম্ভব নয়। সন্দেহাতীতভাবে কাউকে অপরাধী হিসেবে প্রমাণ করতে হলে ছবির পাশাপাশি অন্যান্য তথ্য-উপাত্ত লাগে। এরপর তদন্তে সব সূত্র জোড়া লাগলেই চূড়ান্তভাবে সিদ্ধান্তে আসা সম্ভব।
এদিকে সন্দেহভাজন হাসনাত করিমের স্ত্রী শারমিন করিম দাবি করে বলেছেন, ‘আমার স্বামী নির্দোষ এবং ওই রাতে জঙ্গি হামলায় অন্যান্য জিম্মিদের মতোই তিনি ভিকটিম ছিলেন। আমরা সে রাতে ওই রেস্তোরাঁয় উপস্থিত থাকার একমাত্র কারণ, আমার মেয়ের ১৩তম জš§দিন উদযাপন। হলি আর্টিজানে সারারাত আমাদের বন্দুকের সামনে রেখেছিল ও আমার স্বামী হামলাকারীদের নির্দেশ মানতে বাধ্য হয়েছিলেন। তাদের নির্দেশ মতো কাজ না করলে আমাদের মেরে ফেলার হুমকিও দেয়া হয়েছিল। তারা তার (হাসনাতের) কাছ থেকে আইডি এবং মোবাইল ফোন নিয়ে তারপর ইন্টারনেট ব্যবহার করেছিল।
এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, তদন্তে যদি সন্দেহাতীতভাবে প্রমাণ হয় হাসনাত ও তাহমিদের সঙ্গে জঙ্গিদের যোগসাজশ ছিল, তাহলে সেটা হবে দেশের ইতিহাসে জঙ্গি হামলার পরিকল্পনার আরেকটি নতুন অধ্যায়। কারণ হলি আর্টিজানে সন্তান ও স্ত্রী নিয়ে গিয়েছিলেন হাসনাত। তখন প্রমাণ হবে, ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতেই ওই হোটেলে যান তিনি। একইভাবে দুই বান্ধবীকে নিয়ে গিয়েছিলেন তাহমিদ।
নানা নাটকীয়তা শেষে গুলশান হামলার ৩৩ দিনের মাথায় ৩ আগস্ট রাতে গুলশান ও বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ৫৪ ধারায় আটক করা হয় হাসনাত রেজা করিম ও তাহমিদ হাসিব খানকে। পরদিন ৪ আগস্ট তাদের আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে প্রত্যেকের ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, ১ জুলাই রাতে গুলশানের ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। ১৭ বিদেশিসহ ২০ জনকে নৃশংসভাবে হত্যা করে ওই জঙ্গিরা। জঙ্গিদের হামলায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তাও। পরদিন ভোরে সেনাবাহিনীর নেতৃত্বে অপারেশন ‘থান্ডারবোল্টে’ পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়। জিম্মি অবস্থা থেকে ৩২ জনকে উদ্ধার করা হয়। আহতদের মধ্যে পরে হাসপাতালে শাওন নামের আরেকজন মারা যায়।























































