পূর্বাশা ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নমূলক কাজের মাধ্যমে দেশকে দারিদ্র্যমুক্ত করতে কাজ করছে সরকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করবো, বাংলার দুখী মানুষের মুখে হাসি ফোটাবো।
শনিবার (১৩ আগস্ট) সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ছয়টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন। সেটি উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষণ-বঞ্চনা থেকে মানুষকে মুক্ত করতে এবং মৌলিক চাহিদা নিশ্চিত করতে আজীবন সংগ্রাম করেছেন। স্বাধীনতার পর তিনি দেশ গড়ার কাজে হাত দিয়েছিলেন। মাত্র নয় মাসের মাথায় তিনি দেশকে সংবিধান উপহার দেন’।
‘দেশের অর্থনীতিকে মজবুত করার ব্যাপারেও উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধু। এরই মধ্যে একটি পল্লীবিদ্যুৎ। যুদ্ধবিধ্বস্ত একটি দেশের হাল ধরেছিলেন তিনি। বাংলার মানুষের ভালো চেয়েছিলেন তিনি। সেটাই আমরা এগিয়ে নিয়ে চলেছি। এজন্য যখনই কোনো ভালো কাজ করি আমি অনুভব করি, আমার বাবার আত্মা শান্তি পাবে’।
পর্যায়ক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের বাস্তবায়নাধীন সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন এবং পায়রা বন্দরের বহির্নোঙ্গর থেকে পণ্য খালাসের মাধ্যমে অপারেশনাল কার্যক্রমসহ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন হতে যাওয়া অন্য উন্নয়ন কাজগুলো হচ্ছে- আটলেনে উন্নীত যাত্রাবাড়ী-কাঁচপুর মহাসড়ক, যাত্রাবাড়ী ইন্টারসেকশন থেকে (ইকুরিয়া-বাবুবাজার লিংকসহ) মাওয়া এবং পাচ্চর-ভাঙ্গা মহাসড়ক উভয়দিকে ধীরগতির যানবাহনের জন্য পৃথক সার্ভিস লেনসহ ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের (পদ্মাসেতু লিংক রোড) নির্মাণ কাজ।























































