পূর্বাশা ডেস্ক:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কেরিংচর এলাকায় মেঘনা নদীতে ডুবে যাওয়া পণ্যবাহী কার্গো জাহাজ থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রোববার (১৪ আগস্ট) বিকেলে হাতিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম ও কোস্টগার্ডের কমান্ডার ওমর ফারুকের নেতৃত্বে পুলিশ ও কোস্টগাড ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জেলেদের সহায়তায় ১৩ জনকে জীবিত উদ্ধার করে নলচিরা ঘাটে নিয়ে আসে।
উদ্ধারকৃতরা হলেন- কার্গো জাহাজের মাস্টার আবদুস সালাম (৫০), শাহাদাত হোসেন (৫৫), বিল্লাল (২৭), দেলোয়ার (২৭), শাহিন (২২), শাওন (১৮), ইব্রাহিম (২৩), কামরুল (২৫), রামিম (১৯), এমরান (২৭), বাবুল (২৩), ইউনুছ (২৪) ও ইউছুফ (২০)।
এ ঘটনায় আর কেউ নিখোঁজ নেই বলে জানা গেছে।
হাতিয়া কোস্টগার্ডের কমান্ডার ওমর ফারুক বাংলানিউজকে জানান, হাতিয়ার মেঘনা নদীর কেরিংচর থেকে ২০ কিলোমিটার দক্ষিণে কার্গো জাহাজটি ডুবে যায়। পরে দুপুরে ঘটনাস্থলে গিয়ে ১৩ জনকে জীবিত উদ্ধার করে নলচিরা ঘাটে নিয়ে আসা হয়। বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছেন।
এর আগে রোববার সকালে বৈরী আবহাওয়ার কবলে পড়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সিমেন্ট বোঝাই কার্গো জাহাজ কামরুন কানন বি-৩ মেঘনা নদীতে ডুবে যায়। এতে জাহাজের মাস্টারসহ ১৩ জন স্টাফ নিখোঁজ হন। পরে তাদের জীবিত উদ্ধার করা হয়।


























































