শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গুলশান হামলা তদন্তে নতুন মোড়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৮.২০১৬

6120d687b7339d139cbcabe5bc17e32f-Untitled-35

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলা তদন্তে নতুন মোড় নিয়েছে। তদন্তে প্রকৃতপক্ষেই কী ঘটতে যাচ্ছে তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। সম্প্রতি গণমাধ্যমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রকৌশলী হাসনাত এবং কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদের একাধিক ছবি প্রকাশের পর এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ তদন্ত সংশ্লিষ্টরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক কর্মকর্তার দীর্ঘ স্ট্যাটাসও ইঙ্গিত দিয়েছিল অন্য কিছুর। তবে মাত্র কয়েক দিনের মাথায় তদন্তের চাকা ঘুরে যায় অন্যদিকে। হলি আর্টিজান হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে পুনরায় আট দিনের রিমান্ডে নেওয়া হয় হাসনাত রেজা করীমকে। ৫৪ ধারায় দ্বিতীয় দফা ৬ দিনের রিমান্ডে নেওয়া হয় তাহমিদকে। গতকাল তাদের দুই দিনের রিমান্ড শেষ হয়েছে।

অন্যদিকে, মারজান সম্পর্কে একের পর এক তথ্য আসায় রীতিমতো বিস্মিত গোয়েন্দারা। তার পুরো নাম নুরুল ইসলাম মারজান।

তদন্ত-সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, এ পর্যন্ত হলি আর্টিজানের ঘটনায় সাক্ষী হিসেবে আদালতে দেওয়া ১১ জনের ১৬৪ ধারায় জবানবন্দি এবং তদন্ত-সংশ্লিষ্টদের কাছে ৩১ জনের ১৬১ ধারায় জবানবন্দিতে হাসনাত কিংবা তাহমিদের জড়িত থাকার বিষয়ে কোনো বক্তব্য পায়নি। তবে মারজানকে গ্রেফতার করতে পারলে অনেক রহস্যই খোলাসা হবে বলে মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা।

আদালতে ১৬৪ ধারায় ভারতীয় নাগরিক সত্য প্রকাশ তার জবানবন্দির একটি অংশে উল্লেখ করেছেন, আমি এক হামলাকারীর সঙ্গে ইসলাম নিয়ে এক যুবককে কথা বলতে শুনি (পরে আমি ওই যুবকের নাম তাহমিদ বলে জানতে পারি)। তারা আমাদের মোবাইল ফোনের কল রিসিভ করতে বলেন। আমি নিজের মোবাইল ফোন বন্ধ করি। একজন হামলাকারী আমার কাছে জানতে চায় মিডিয়ার কিংবা পুলিশের কাউকে আমি চিনি কিনা। আমি জবাব দিই ‘না’। এ কথা শুনে এক মেয়ে তার মাকে ফোন করে লাউড স্পিকারে কথা বলে। সে তার মাকে বলে, আম্মা তাড়াতাড়ি বেনজীর আঙ্কেলকে বল, আমি এখানে (গুলশান) আটকে আছি। মেয়েটির মা তখনো ওই ঘটনা সম্পর্কে জানতেন না। এরপর আরেকটি ফোন বেজে ওঠে। আমার সামনে বসা এক ব্যক্তি লাউড স্পিকারে কথা বলেন। (পরে আমি জেনেছি তিনি হাসনাত)। ফোনে বলা কথাগুলো আমি মনে করতে পারছি না।

সত্য প্রকাশ আরও উল্লেখ করেন, সাহরির পর হামলাকারীরা আবারও আমাদের টেবিলে মাথা রাখতে বলে। আমার আবছাভাবে মনে পড়ে, কেউ একজন নির্দেশনা দিচ্ছিল। দুই ব্যক্তি (হামলাকারী) থাকবে উপরের সিঁড়িতে, দুজন থাকবে সিঁড়ির নিচের দিকে। একজন কিছু একটা করবে, যা আমার মনে পড়ছে না। পরে তারা দুই ব্যক্তিকে তাদের (হামলাকারীদের দিকে) কাছে আসতে বলে। আমি তাদের সিঁড়ি দিয়ে উঠতে দেখি। কিছু সময় পর তারা ফিরে আসেন এবং আমার সামনে টেবিলে মাথা নিচু করে বসেন। এ সময় আমি একমাত্র হামলাকারীকে চলাফেরা করতে দেখি। আমি দেখি, টাক মাথার ব্যক্তি (হাসনাত) সামনের দরজা খুলছেন। আমি বাকি সবার সঙ্গে উঠে দাঁড়াই এবং তারা আমাদের ছড়িয়ে পড়তে বলে। হঠাৎ আমি দেখি, এক ব্যক্তি (হামলাকারী) তাহমিদকে পবিত্র কোরআন শরিফ দিচ্ছিল। কিন্তু তাহমিদ তা নিতে অস্বীকৃতি জানান। আমি তা নেওয়ার সিদ্ধান্ত নেই। তারা আমাদের ফোন (টেবিলের ওপর রাখা) ফিরিয়ে দিতে রাজি হয়। আমরা রেস্তোরাঁ থেকে বের হওয়ার জন্য হাঁটা শুরু করি।

মারজান সম্পর্কে তদন্ত-সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলেন, মারজানের বয়স মাত্র ২২ বছর হলেও সে একজন ভয়ঙ্কর জঙ্গি। মারজান তার কোড নাম হলেও প্রকৃত নাম হচ্ছে নূরুল ইসলাম। গ্রামের বাড়ি পাবনার পাইটকাবাড়ী। বাবার নাম নিজাম উদ্দীন। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র। এর আগে সে হাটহাজারী মাদ্রাসায় পড়াশোনা করেছে। আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) প্রধান তামীম আহমেদ চৌধুরীর ঘনিষ্ঠ কয়েকজনের একজন মারজান। কল্যাণপুরের জাহাজ বিল্ডিংয়ে মারজানের সঙ্গে একাধিকবার বিশেষ বৈঠক করেছেন তামীম। দেওয়া হয়েছিল বিশেষ নির্দেশনা। হলি আর্টিজান রেস্তোরাঁয় নৃশংসতার চিত্র বিশেষ অ্যাপসের মাধ্যমে মারজানের কাছে পাঠিয়েছিল হামলাকারীরা। একই সঙ্গে ওই অ্যাপসের মাধ্যমে তারা মারজানের সঙ্গে কথাও বলেছিল বলে ইতিমধ্যে নিশ্চিত হয়েছেন তারা। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, এটা একটি গুরুত্বপূর্ণ ঘটনা। অনেক তথ্যের যাচাই-বাছাই এবং রহস্য উদ্ঘাটনের জন্য তাদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি