পূর্বাশা স্পোর্স ডেস্ক:
সেই চতুর্থ দিনে রাফায়েলা সিলভা জুডোতে সোনা জিতেছিলেন। ব্রাজিলের জন্য সেটিই সবেধন নীলমণি হয়ে ছিল পরের আট দিন। সোনার জন্য চলছিল হাহাকার। অলিম্পিকের স্বাগতিক দেশ, মাত্র একটি সোনা নিয়ে তারা কিনা পদক তালিকার ৩১ নম্বরে!
এই একটু আগে এক লাফে সেখান থেকে ১৬ নম্বরে উঠে এল ব্রাজিল। ‘লাফ’ কথাটা এখানে আক্ষরিক অর্থেই ধরুন। কারণ, এই অলিম্পিক থেকে ব্রাজিলের দ্বিতীয় সোনাটা এসেছে লাফ দিয়েই। যে লাফটা দিয়েছেন থিয়াগো ব্রাজ ডা সিলভা। পোলভল্টে ৬.০৩ মিটার লাফিয়ে সোনা জিতেছেন ২২ বছরের ব্রাজিলিয়ান তরুণ।
২০১২ সালে ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন। থিয়াগোকে নিয়ে ব্রাজিলিয়ানদের তাই একটা আশা ছিলই। তবে একের পর এক আশাভঙ্গের কারণে সেই আশার সঙ্গে লুকিয়ে ছিল ভয়ও। প্রত্যাশার এই বিশাল চাপ সামলাতে পারবেন তো থিয়াগো?
প্রবল বৃষ্টির কারণে এদিন এলোমেলো হয়ে গেছে অ্যাথলেটিকসের সূচি। ট্রাক ইভেন্টই যেখানে স্থগিত হয়ে গেছে, পোলভল্ট তো স্থগিত হবেই। একটু-আধটু বৃষ্টির মধ্যে তাও দৌড়-টৌড় চলে, কিন্তু পোলভল্টে সেটি বড় ঝুঁকি হয়ে যায়। বৃষ্টির কারণে অলিম্পিক স্টেডিয়ামে আজ দর্শকও খুব কম। তারা সবাই গলা ফাটাল থিয়াগো ব্রাজ ডা সিলভার জন্য। যেটিকে চাপের বদলে অনুপ্রেরণা বানিয়ে ফেললেন থিয়াগো। ক্যারিয়ারে কখনো ৬ মিটারের বেশি লাফাতে পারেননি। আর অলিম্পিকেই কিনা দিলেন জীবনের সেরা লাফটা! ৬.০৩ মিটার নতুন অলিম্পিক রেকর্ডও।
পোলভল্টার মাত্রই সের্গেই বুবকাকে আদর্শ মানেন। থিয়াগো ব্রাজ ডা সিলভার আদর্শও এই ইউক্রেনিয়ান পোলভল্ট কিংবদন্তি। ‘বুবকা’ হওয়ার স্বপ্ন পূরণের জন্য ২০১৪ সাল থেকে ইউরোপে ট্রেনিং করছেন। বুবকার কোচ ভিতালি পেত্রভের কাছেই।
ব্রাজিলের জন্য অলিম্পিকে আজকের দিনটি শুরু হয়েছিল বড় একটা হতাশা দিয়ে। বাস্কেটবলে আর্জেন্টিনার কাছে ক্ল্যাসিক ওই ম্যাচে জিততে জিততে হেরে যাওয়ার যন্ত্রণা অনেক দিনই তাড়িয়ে বেড়াবে ব্রাজিলিয়ানদের। নিয়তির কী নির্মম পরিহাস, কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য ব্রাজিল তাকিয়ে ছিল সেই আর্জেন্টিনার দিকেই! নাইজেরিয়াকে হারিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছিল ব্রাজিল। তবে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে স্পেনের বিপক্ষে জিততে হতো আর্জেন্টিনাকে। শুধু ফুটবলেই নয়, সব খেলাতেই ব্রাজিল-আর্জেন্টিনার সম্পর্কটা সাপে-নেউলে। আর্জেন্টিনার পরাজয়ে ব্রাজিলে আনন্দের ঢেউ ওঠে, ব্রাজিলের পরাজয়ে আর্জেন্টিনায়। সেসব ভুলে এদিন পুরো ব্রাজিল আর্জেন্টিনার সমর্থক! স্টেডিয়ামের দর্শকেরাও গলা ফাটিয়েছেন আর্জেন্টিনার জন্য। কিন্তু আর্জেন্টিনা হেরে গেছে ৯২-৭৩ পয়েন্টে। বিদায় নিয়েছে ব্রাজিলও। আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। আর্জেন্টাইনরা তাই জিততে সর্বোচ্চ চেষ্টা করেছে কি না, তা নিয়ে ব্রাজিলিয়ানদের মনে ঘোর সন্দেহ। সেটির কারণও ছিল। শুরুতেই ৮-০ পয়েন্টে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। সেখান থেকে স্পেনের ফিরে এসে লিড নেওয়া এবং শেষ পর্যন্ত তা ধরে রাখাতে সন্দেহের যথেষ্টই উপকরণ ছিল।
ক্ষোভমিশ্রিত সেই হতাশার মধ্যে আনন্দের নির্ঝরণী হয়ে এলেন থিয়াগো ব্রাজ ডা সিলভা। ব্রাজিল পেয়ে গেল নতুন নায়ক। নেইমারও বোধ হয় একজন প্রতিদ্বন্দ্বী!


























































