শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় মা-শিশু হত্যাকারী নাজমুল রাঙ্গামাটি থেকে গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৮.২০১৬

14054255_1212927758730882_8613968899812166465_n

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ

কুমিল্লা নগরীতে মা ও শিশু হত্যাকারী নাজমুল হাসানকে (২২) রাঙ্গামাটি জেলা থেকে গ্রেফতার করেছে কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশ।

বুধবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসাইন মিট দ্য প্রেসে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ১১টায় রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার পাহাড়ি দুর্গম এলাকার মাইনামো লঞ্চঘাট থেকে নাজমুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নাজমুল হাসান কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইটের শ্রীমন্তপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসাইন জানান, নগরীর হাউজিং স্টেটের এক নম্বর গেটের মিমপ্যাক্স এগ্রো ক্যামিকেল লিমিটেড কোম্পানির ভবনের সেপটিক ট্যাংক থেকে নাসিমা আক্তার (২৮) ও তার ছেলে শিশু নাফিসের (১) মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার পর থেকে নিহত নাসিমার স্বামী নাজমুল পলাতক ছিলেন। এ মামলার তদন্তভার দেওয়া হয় কোতোয়ালি থানার ইন্সপেক্টর মো. সালাউদ্দিনের ওপর।

এরপর কোতোয়ালি থানার পুলিশ একটানা ৭২ ঘণ্টা কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে মঙ্গলবার বেলা ১১টায় রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার পাহাড়ি দুর্গম এলাকার মাইনামো লঞ্চঘাট দিয়ে পালিয়ে যাওয়ার সময় নাজমুল হাসানকে আটক করা হয়। রাতে তাকে কুমিল্লায় নিয়ে আসা হয়।

আটকের পর নাজমুল হাসান পুলিশের কাছে স্ত্রী ও শিশু সন্তান হত্যার বিষয়টি স্বীকার করেছেন।

13920782_1212928008730857_8595061355592399865_n

পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসাইন আরো জানান, হত্যাকাণ্ডের ২ দিন আগে পারিবারিক বিষয় নিয়ে নাজমুল ও নাসিমার মধ্যে ঝগড়া হয়। এসময় নাসিমা তার স্বামী নাজমুলকে চড় মারে। বিষয়টি সহ্য করতে না পেরে নাজমুল তার স্ত্রীকে হত্যা করার সিদ্ধান্ত নেন। ১৩ আগস্ট রাতে নাজমুল প্রথমে স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে। এসময় ছেলে নাফিস ঘুম থেকে জেগে চিৎকার শুরু করলে তাকেও শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর মরদেহ দু’টি সেপটিক ট্যাংকে ফেলে পালিয়ে যায়।

নিহত নাসিমা ছিলেন নাজমুলের তৃতীয় স্ত্রী। তার প্রথম বউ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে। এদিকে নাসিমারও এটি দ্বিতীয় বিয়ে ছিল।

রোববার (১৪ আগষ্ট) সন্ধ্যায় নগরীর হাউজিং স্টেটের এক নম্বর গেটের মিমপ্যাক্স এগ্রো ক্যামিকেল লিমিটেড কোম্পানির ভবনের সেপটিক ট্যাংক থেকে মা-ছেলের মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

নিহতরা হাউজিং স্টেটের এক নম্বর গেটের মিমপ্যাক্স এগ্রো ক্যামিকেল লিমিটেড কোম্পানির পার্শ্ববর্তী বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং ওই কোম্পানিতে নাসিমার স্বামী নাজমুল সপ্তাহ খানেক আগে পিয়ন হিসেবে কাজে যোগদান করেছিলেন।

মরদেহ উদ্ধারের পর প্রথমে মিমপ্যাক্স এগ্রো ক্যামিকেল লিমিটেডের কোম্পানির নৈশপ্রহরী আলী হোসেনকে আটক করে পুলিশ। পরে নৈশপ্রহরী আলী হোসেনের দেওয়া তথ্যমতে ঘাতক নাজমুল হোসেনের তথ্য পায় পুলিশ। বুধবার বিকেলে তাকে আদালতে পাঠানো হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি