কুমিল্লার দেবিদ্বারে গুলি ভর্তি বিদেশী পিস্তলসহ আন্তঃজেলা ডাকাত সর্দার সুমনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলি ভর্তি ৭.৬৫ বোরের বিদেশী পিস্তল , দুইটি কিরিচ, একটি তালা ভাঙ্গার কোরাবারি, মুখোশ ও দুইটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।
শনিবার (২০ আগষ্ট) ভোররাতে উপজেলার বিহারমন্ডল গ্রাম সংলগ্ন বিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিকেল সোয়া ৪ টায় দেবিদ্বার থানা পুলিশ এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া সুমন (৩২) দেবিদ্বার উপজেলার কুরুইন গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে ।
থানা পুলিশ জানায়, গভীররাতে ডাকাতির প্রস্তুতিকালে বিহারমন্ডল গ্রাম সংলগ্ন বিলে অবস্থান নিয়েছিল সুমন ও তার সহযোগীরা। বিলের মাঝে লাইটের আলো দেখে গ্রামবাসির সন্দেহ হলে তারা থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ গ্রামবাসীর সহায়তায় বিলের মাঝে নেমে অভিযান চালিয়ে একটি এক রাউন্ড গুলি ভর্তি ৭.৬৫ বোরের বিদেশী পিস্তল সহ ডাকাত সুমনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় সুমনের সহযোগীরা পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, অবৈধ অস্ত্র উদ্ধার ও ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার দায়ে দেবিদ্বার থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে দেবিদ্বার, মুরাদনগর, বুড়িচং, চান্দিনা ও দাউদকান্দি থানায় মোট অন্তত ২০ টির মত ডাকাতির মামলা রয়েছে।
পুলিশ সূত্র আরো জানায়, কুখ্যাত সুমন সর্বশেষ গ্রেফতার হয়েছিল ২০১৪ সালে। এরপরে জামিনে বেরিয়ে দলকে পুর্নগঠিত করে আবারো অপরাধে নেমে পড়ে। বরুড়া, চান্দিনা, মুরাদনগর, দেবিদ্বার ও বুড়িচংসহ কয়েকটি থানা এলাকায় রীতিমত রাতের ত্রাসরূপে আবির্ভূত হয় সুমন। বিলে অবস্থান নিয়ে পায়ে হেঁটে বিলের সংলগ্ন বিল্ডিং বাড়ির ঘরগুলো তারা ডাকাতির জন্য টার্গেট করত। দলে অস্ত্র থাকে একটি। সেটিও রাখত সে তার নিজের কাছে। তার দলের অন্যান্য ডাকাতদের কাছে দেশীয় অস্ত্রশস্ত্র ও তালা ভাঙ্গার যন্ত্র থাকত। নগদ টাকা, স্বর্নলংকার ও মোবাইল ছিল তাদের লুণ্ঠনের প্রধান টার্গেট। বিলের মাঝখানে অবস্থান নিয়ে গভীর রাতে গ্রামের মানুষ ঘুমিয়ে পড়লে তারা বিলের কাছাকাছি বাড়িতে হানা দিত। বিল্ডিং ঘরের কেঁচি কাটা গ্রীলের গেইটের ফাঁক দিয়ে তালা ভাঙ্গার যন্ত্র ঢুকিয়ে চোখের পলকে তালা ভেঙ্গে ফেলত। অতঃপর ঘরে ঢুকে কাল মুখোশ পরিহিত ডাকাতরা বাড়ির লোকজনদের জিম্মি করে ২০/৩০ মিনিটের মধ্যে ডাকাতি সেরে সবাইকে এক রুমে আটকে আবার বিল দিয়ে পায়ে হেঁটে পালিয়ে যেত। গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে অকপটে এসব তথ্য দেয় ডাকাত সুমন। এদের হাত থেকে রক্ষা পেতে পুলিশ প্রশাসনের উদ্যোগে ও ইউপি চেয়ারম্যান, মেম্বার ও কমিউনিটি পুলিশিং সদস্যদের সহায়তায় পুলিশ টহলের পাশাপাশি গ্রামবাসিও ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাত জেগে ৩/৪ ঘন্টা করে পাহারা দিত। রাত্রিকালীন পাহারার কারনে দেবিদ্বারে ডাকাত সুমন গ্রুপের অন্তত ৫/৬ টি ডাকাতির উদ্যোগ ব্যর্থ হলেও সর্বশেষ গত ৪ আগষ্ট খয়রাবাদ গ্রামে সুলতান মাষ্টারের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় আটক উটখাড়ার সুমন ডাকাত বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে উল্লেখিত ডাকাত সুমনের নেতৃত্বে ডাকাতি সংঘটনের তথ্য প্রকাশ করে। উক্ত জবানবন্দিতে প্রকাশিত ৯ জন ডাকাতের মধ্যে ইতিমধ্যে ৮ জনকে দেবিদ্বার থানা পুলিশ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।


















































