পূর্বাশা ডেস্ক:
রোববার সকাল থেকে সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত চলতে থাকা বৃষ্টিতে যশোর শহর ও জেলার ৭ উপেজেলার বড় অংশ তলিয়ে গেছে। রোববার (২১আগষ্ট) ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা চলতি বর্ষা মৌসুমে দ্বিতীয় সর্বাধিক। এর আগে গত ১১ আগস্ট বৃষ্টিপাত হয়েছিল ২০০ মিমি।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ১০-১১ আগস্টের টানা বৃষ্টিতে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তৃর্ণ অঞ্চল পানিতে তলিয়ে যায়। ভেসে যায় হাজার হাজার পুকুর, ঘের, জলাশয়। ডুবে যায় ধান-সবজির অধিকাংশ ক্ষেত। ভবদহ-সংলগ্ন এলাকার হাজারো মানুষ বাড়িঘর ছেড়ে রাস্তায় এসে অস্থায়ী নিবাস গড়তে বাধ্য হন। তারা এখনো বাড়িতে ফিরতে পারেননি।
রোববারের (২১আগষ্ট) একটানা বৃষ্টি তাদের দুর্দশা আরো বাড়িয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। আরো বেশি মাছের ঘের-পুকুর ভেসে গেছে। জেগে ওঠা ফসলের ক্ষেত নতুন করে প্লাবিত হয়েছে। পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে শহরের শঙ্করপুর, বেজপাড়া, মুড়লী, ষষ্ঠিতলা, সিটি কলেজপাড়া, বারান্দীপাড়া, খালধার রোড, শেখহাটি মোড়, শিক্ষাবোর্ড এলাকা, খড়কী-কারবালাসহ শহরের বেশিরভাগ এলাকায়। বিশেষ করে শহরের দক্ষিণাঞ্চল শঙ্করপুর, নাজির শঙ্করপুর, বেজপাড়া এলাকার বাড়িতে বাড়িতে পানি ঢুকে পড়েছে। ফলে দুবির্ষহ জীবনযাপন করতে হচ্ছে এসব এলাকায় বসবাসকারী হাজার হাজার মানুষকে।
মণিরামপুর, অভয়নগর ও কেশবপুরের বিস্তৃর্ণ অঞ্চল পানিতে তলিয়ে গেছে। ফসলের মাঠ সব পানির নিচে। হাজার হাজার খামার উপচে মাছ বেরিয়ে গেছে। বাড়িঘর ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দিরে নতুন করে পানি উঠেছে। গবাদিপশু নিয়ে বিপাকে রয়েছেন গেরস্তরা।
নওয়াপাড়া শিল্পশহরের প্রায় সব এলাকা তলিয়ে গেছে। মৌলভী বাড়ি, নতুন মাছবাজার, মডেল কলেজ ও রেলস্টেশন এলাকাসহ বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে।























































