পূর্বাশা ডেস্ক:
চট্টগ্রামে ভরা মৌসুমেও ইলিশের আকাল চলছে। কাঙ্খিত ইলিশ ধরা পড়ছেনা জেলেদের জালে। সাগর থেকে হতাশ হয়ে ফিরছেন তারা।
শুধু এবারই নয়, গত কয়েক মৌসুম ধরেই এমন মন্দা চলছে। টিকতে না পেরে অনেকেই পেশা ছেড়ে দিয়েছেন। চাহিদা অনুযায়ী জোগান কম, ফলে দামও বেশ চড়া।
ভোরের আলো ফুটতেই কর্মচঞ্চল হয়ে উঠে চট্টগ্রামের হালিশহরের সমুদ্র উপকুল। নৌকা আর জাল নিয়ে সাগরে ছুটে যান জেলেরা। আগে অনেকেই ফিরে আসতেন জালে ধরাপড়া মাছ নিয়ে। কিন্তু এবার ভরা মৌসুমেও ইলিশ ধরা পড়ছে না। প্রতি জোয়ারে ৩০/৪০টি মাছ নিয়ে ফেরত আসছে নৌকা। অথচ এক সময় চট্টগ্রামের চাহিদা মিটিয়ে এখানকার ইলিশ বিক্রি হতো সারা দেশে। ইলিশের এমন আকালে বেকায়দায় পড়েছেন জেলেরা।
সকাল হলেই ইলিশ কিনতে বিভিন্ন ঘাটে ভিড় করেন ক্রেতা-ব্যবসায়ীরা। একদিকে চাহিদামত ইলিশ মিলছেনা অন্যদিকে দামও বাড়তি। ফলে খালিহাতে ফিরছে অনেকেই।
সাগরে ইলিশ না থাকায় পেশা ছেড়েছেন অনেকেই। কেউ কেউ দাদনের টাকা পরিশোধ করতে না পেরে পালিয়েছেন অন্যত্র। সব মিলিয়ে বেশ বড় ধরনের লোকসান গুনছেন পাইকার ব্যবসায়ীরাও।
জেলেদের দাবি, চট্টগ্রামের সমুদ্র উপকুলে জাহাজের দূষণ ও দীর্ঘ চর জেগে উঠায় দেখা দিয়েছে ইলিশের আকাল।


























































