শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জামায়াতের ভারে ন্যুব্জ বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৮.২০১৬

BNP-sm20160807091259

পূর্বাশা ডেস্ক:

যুদ্ধাপরাধী দল ত্যাগ না করায় হতে হবে বন্ধুহীন, ঘরে-বাইরে বাড়বে অসন্তোষ, নেতিবাচক প্রভাবে ভোটও কমবে জামায়াতের সঙ্গ ত্যাগ করছে না বিএনপি। এটি এখন দিবালোকের মতো পরিষ্কার।

সম্প্রতি জোটের বৈঠকে জামায়াতের সরব উপস্থিতি এ নিয়ে সব ধোঁয়াশা ও সন্দেহকে অতিক্রম করেছে। এর ফলে এটিও পরিষ্কার হয়ে গেছে যে, স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতকে নিয়ে এখন বিএনপিকে কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

বিশ্লেষকরা মনে করেন, জামায়াত এখন বিএনপির কাঁধে হিমালয়ের মতো ভারি বোঝা হয়েই থাকবে। এ বোঝা যতদিন অপসারণ করতে না পারবে ততদিন দলটিকে জনসমর্থন হারাতে হবে। বারবার বিতর্কিত হতে হবে বিভিন্ন ইস্যুতে। জোটের শক্তি বাড়ানো তো দূরের কথা বরং বিএনপির সামনে বৃহত্তর রাজনৈতিক জোট করার যে সুযোগ ছিল তাও হাতছাড়া হয়ে যাবে। এ ছাড়া শুভাকাক্সক্ষী হিসেবে সমাজের কাছে গ্রহণযোগ্য যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধি বিএনপির পাশে ছিলেন তারাও দূরে সরে যাবেন। অপরদিকে দলের মধ্যে তরুণ গোষ্ঠীসহ জামায়াতবিরোধীরা চরম হতাশায় সাংগঠনিক কর্মকাণ্ডে সেভাবে সম্পৃক্ত হবে না। তারা আশংকা করছেন, শুধু জামায়াতের সঙ্গ ত্যাগ না করার কারণে বিএনপি ধীরে ধীরে বন্ধুহীন হয়ে পড়বে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, কী হবে তা সময়ই বলে দেবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গি উত্থান ও নিরাপত্তাহীনতাসহ চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। জাতীয় ঐক্য সৃষ্টি করতে যা বাধা হিসেবে দেখা দেবে তা দূর করতে হবে।

প্রসঙ্গত, জামায়াত ইস্যুতে বিএনপির দায়িত্বশীল কোনো নেতা মন্তব্য করতে চান না। অনেকে সাফ জানিয়ে দেন এ বিষয়ে তারা কোনো কথা বলবেন না। মঙ্গলবারও বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতার কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা এড়িয়ে যান। কেউ বলেন ব্যস্ত আছেন, পরে কথা বলবেন। আবার কেউ কেউ অন্য কোনো নেতার বক্তব্য নিতে পরামর্শ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, ভোটের রাজনীতিতে জামায়াতের বড় ভোট ব্যাংক নেই। তারপরও দলটির সঙ্গে আন্তর্জাতিক কানেকশন রয়েছে। বিএনপি হয়তো মনে করছে ভবিষ্যতে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে তারা জয়ী হবে। এমন ভাবনা থেকে তারা জামায়াতকে ছাড়ছে না। এ মুহূর্তে জোট থেকে বের করে দিলে জামায়াতের নেতাকর্মীরা উল্টো বিএনপির ওপর আক্রমণ করতে পারে। সেই আক্রমণ মোকাবেলা করার মতো দলটির সাংগঠনিক শক্তিও নেই। এ বিষয়টি চিন্তা করেও তারা এ মুহূর্তে জামায়াতকে না ছাড়ার সিদ্ধান্ত নিতে পারে।

তবে তিনি মনে করেন, বরং জামায়াতকে জোট থেকে বের করে দিলে বিএনপি সাধারণ মানুষের বেশি সমর্থন পাবে; এতে কোনো সন্দেহ নেই। রাজনৈতিক অঙ্গনে বিএনপির নতুন বন্ধুও জুটতে পারে। কিন্তু বিএনপির আচরণে মনে হয়, তারা সেদিকে নজর না দিয়ে জামায়াতকে জোটে রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, জামায়াতের অতীত এবং বর্তমান কর্মকাণ্ডের করণে দেশের বেশিরভাগ মানুষ জামায়াত সম্পর্কে নেতিবাচক অবস্থানে রয়েছে। এরপরও যদি বিএনপি জামায়াত-সঙ্গ ত্যাগ না করে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়, তাহলে ভোটের রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার যথেষ্ট আশংকা রয়েছে।

জানা গেছে, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ঐক্যের আহ্বানের সঙ্গে জোটের সম্পর্ক নেই। সম্প্রতি অনুষ্ঠিত ২০ দলীয় জোটের বৈঠকে বিএনপির পক্ষ থেকে এমন বার্তা দেয়ার পর সবার মধ্যে এক ধরনের হতাশা নেমে আসে। বিশেষ করে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতার ফাঁসি কার্যকর হওয়ার পর বিএনপির সাধারণ নেতাকর্মীদের ধারণা ছিল বিএনপি জোটে জামায়াতকে আর রাখা হবে না। তৃণমূলের বিএনপিকে

এ বিষয়ে বেশি সোচ্চার হতে দেখা যায়। কেন্দ্রীয় নেতাদের একটি বড় অংশ জামায়াত-সঙ্গ ত্যাগ করার পক্ষে শক্ত অবস্থানে ছিল। এ ছাড়া গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাক দিলে সবার আগে জামায়াতের বিষয়টি সামনে চলে আসে। বিএনপির চেয়ারপারসনের নেতৃত্বে জাতীয় ঐক্যে যোগ দেয়ার অন্যতম শর্ত হয়ে ওঠে বিএনপিকে আগে জামায়াত ত্যাগ করতে হবে। একই সময় বিএনপিপন্থী সুশীল সমাজের প্রতিনিধিদের পক্ষ থেকে দফায় দফায় জামায়াত ছাড়ার জন্য বক্তব্য ও চাপ সৃষ্টি করা হয়।

পরিস্থিতি বিশ্লেষণ করে সাধারণ মানুষও বলতে শুরু করে, বিলম্বে হলেও এবার হয়তো জামায়াত ছাড়ার সিদ্ধান্ত নেবে বিএনপি। কিন্তু জোটের বৈঠকে জামায়াতের উপস্থিতি দেখে সবাই হতবাক হন। রাতারাতি বিএনপি রাজনীতির হিসাব বদলাতে থাকে। তারপরও নাম প্রকাশ না করে বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, জামায়াত প্রশ্নে সঠিক উত্তর খুঁজতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সময় ভেদে এসব প্রশ্নের সম্ভাব্য উত্তরও নাকি পাল্টে যেতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি