স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লার জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোলকে ঢাকায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ সচিব পদে বদলি করা হয়েছে এবং তাঁর স্থলে বাগেরহাটের জেলা প্রশাসক মো: জাহাংগীর আলমকে কুমিল্লার জেলা প্রশাসক করা হয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোলসহ ১৪ জন জেলা প্রশাসককে বদলি করা হয়েছে। বদলি হওয়া ১৪ জনের মধ্যে ৯ জন জেলা প্রশাসককে ঢাকায় পদায়ণ করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি রেদোয়ান আহমেদ ও উপ সচিব মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত দুইটি আদেশে তাঁদের বদলি করা হয়।
জানা গেছে, বদলি হওয়া ১৪ জন জেলা প্রশাসকের মধ্যে বেশ কয়েকজনের যুগ্ম সচিব পদে পদোন্নতির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। জেলা প্রশাসক হিসেবে যাদের দায়িত্ব পালনের মেয়াদ ৩ বছরের বেশি হয়েছে তাদেরই বদলি করা হয়েছে এবং তাদের যুগ্ম সচিব পদে পদোন্নতির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
কুমিল্লায় জেলা প্রশাসক হিসেবে হাসানুজ্জামান কল্লোল ২ বছর ৩ মাসের বেশি সময় দায়িত্ব পালন করেন। এর আগে তিনি রাজবাড়ির জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। সব মিলিয়ে জেলা প্রশাসক হিসেবে তিনি পৌণে চার বছর দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য যে, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল কুমিল্লায় দায়িত্ব পালন কালে জনসেবার নতুন নতুন পদ্ধতি প্রয়োগ করে বেশ আলোচিত হয়েছেন। কুমিল্লাকে নিজ মনে ধারণ করে উন্নয়নের বিষয়টি তিনি গুরুত্ব দিয়েছেন। তিনি তার উন্নয়ন কর্মকান্ড দিয়ে কুমিল্লার ইতিহাসের আলোচিত জেলা প্রশাসক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।


















































