পূর্বাশা ডেস্ক:
বিএনপিকে নির্মূল করতেই খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। পাশাপাশি দলটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি প্রত্যাহারের দাবি জানিয়েছে।
বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এ অভিযোগ করেন।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আওয়ামী লীগের নেতারা প্রকাশ্য বিএনপিকে নির্মূল করার ঘোষণা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় নড়াইলে খালেদা জিয়ার নামে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে সরকার। সরকার আদালতকে প্রভাবিত করে দেশনেত্রীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বিএনপির এই নেতা বলেন, বিএনপি চেয়ারপারসনসহ দলের নেতাকর্মীদের নামে মামলার পাহাড় বানিয়ে ফেলেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শহীদ হওয়ার পরও বিএনপি নির্মূল হয় নাই। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে জেলে নেয়ার পরও বিএনপি গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করে যাচ্ছে। বিএনপি জনগণের দল। এ দলকে নির্মূল করা সম্ভব নয়। বিএনপি গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাবে।
তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই আওয়ামী লীগের নেতারা মনগড়া গণতন্ত্র আবিস্কার করে। তারা হুমকি দিয়ে বলে ‘বিএনপিকে নির্মূল করা হবে’। বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না। আওয়ামী লীগ নেতাদেও এসব কথা কোন গণতন্ত্রেও পর্যায়ে পড়ে জানি না। তবে এসব কথা অবশ্যই ফ্যাসীবাদ ও স্বৈরাচারী আচরণের মধ্যে পড়ে।
সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহ সাংগঠনিক আব্দুল আউয়াল খান, সহ দফতর সম্পাদক মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।























































