শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জ্বালানি ব্যবসার আড়ালে নারী জঙ্গি প্রশিক্ষণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৮.২০১৬

jongi-001-300x199

পূর্বাশা ডেস্ক:

গাজীপুর ও টঙ্গী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নারী শাখার প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমিরসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব-১। আটককৃতরা হলো জেএমবির মহিলা শাখার প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমির কানাডা-ফেরত রাশেদুজ্জামান রোজ (৩০), আব্দুল হাই (৩৬), শাহাবুদ্দিন ওরফে শিহাব ওরফে রকি (২৩), ফিরোজ আহমেদ শেখ ওরফে ফিরোজ ওরফে আনসার (২৭) ও সাইফুল ইসলাম (২৯)। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে টঙ্গী চৌরাস্তা ও গাজীপুরের হাজির পুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, দুটি চাপাতি, ১২টি বিদেশি ছুরি, তিনটি ককটেল, পাঁচটি ডেটোনেটর, ৫০ গ্রাম পটাসিয়াম, ১৫টি চকোলেটবোমা, ২৫টি ইলেকট্রনিক ক্র্যাকার্স, একটি ল্যাপটপ, বিপুল পরিমাণ জিহাদি বই এবং বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তারা বলছেন, গ্রেপ্তারকৃতরা নাশকতা করে জঙ্গি সংগঠনের অস্তিত্ব জানান দিতে ঢাকায় আসছিল এবং বিকাশের মাধ্যমে জেএমবির আর্থিক লেনদেন ও নিজেদের মধ্যে ভুয়া নামে রেজিস্ট্রেশন করা সিম সরবরাহ করত। নারী শাখার প্রশিক্ষক রাশেদুজ্জামান জ্বালানি ব্যবসার আড়ালে জঙ্গি তৎপরতা চালাত। রাশেদুজ্জামান বাদে বাকি সবাই মাদ্রাসা ছাত্র।

প্রসঙ্গত, গত ২১ জুলাই জেএমবির দক্ষিণাঞ্চলীয় আমির মাহমুদুল হাসান ওরফে হাসানকে টঙ্গী থেকে আটক করেন র‌্যাব-১-এর সদস্যরা। এরপর নারী জঙ্গিদের তহবিল সংগ্রহের ব্যাপারে তথ্য পাওয়া যায়। এরপর ১৪ আগস্ট গাজীপুরের সাইনবোর্ড এলাকা থেকে আকলিমা রহমান মনি নামের এক নারী জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে ইসতিসনা আফরোজ ঐশী, খাদিজা পারভীন মেঘলা ও ইসরাত জাহান মৌকে গ্রেপ্তার করে র‌্যাব-৪। গ্রেপ্তারকৃত আকলিমা, মেঘলা ও মৌ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রী। ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করে ইন্টার্নি করছেন ঐশী। রিমান্ডে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত রবিবার রাজধানীর কলাবাগান থেকে ফুয়াদ আল মাহাদী নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। এই মামলাটি তদন্ত করছে র‌্যাব-৪। চার তরুণী দ্বিতীয় দফায় চার দিন এবং মাহাদীকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদে ছয়-সাতজন উসকানিদাতা এবং আরো ১০ জন নারী জঙ্গির নাম পেয়েছে র‌্যাব-৪। এরই ধারাবাহিকতায় রাশেদুজ্জামান রোজসহ পাঁচজন গ্রেপ্তার হয়েছে। তাদের র‌্যাব ৪-এ হস্তান্তর করা হতে পারে বলে জানা গেছে।

গতকাল গাজীপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১-এর উপ-অধিনায়ক মেজর সফিউল আজম বলেন, গত মঙ্গলবার গভীর রাতে প্রথমে অভিযান চালানো হয় টঙ্গীর স্টেশন রোড এলাকায়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, প্রচুর জিহাদি বই, দুটি বিদেশি চাকুসহ জেএমবির মহিলা শাখার প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমির রাশেদুজ্জামান রোজ, আব্দুল হাই ও শাহাবুদ্দিন ওরফে শিহাব ওরফে রকিকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল ভোর ৫টার দিকে অভিযান চালানো হয় গাজীপুর সিটি করপোরেশনের ছয়দানার হাজির পুকুর জামে মসজিদ মার্কেটে। ওই মার্কেটের বিসমিল্লাহ টেলিকম ও ইলেকট্রনিকস থেকে ফিরোজ আহম্মেদ ও আন-নূর লাইব্রেরি থেকে সাইফুলকে আটক করা হয়। এ সময় তাদের দোকান তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, তিনটি ককটেল, দুটি ম্যাগাজিন, দুটি চাপাতি, ১২টি বিদেশি ছুরি, পাঁচটি ডেটোনেটর, ৫০ গ্রাম পটাসিয়াম, ১৫টি চকোলেটবোমা, ২৫টি ইলেকট্রনিক ক্র্যাকার্স, একটি ল্যাপটপ, জিহাদি বই এবং বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যায়। মেজর আজম আরো বলেন, রাশেদুজ্জামান ঝিনাইদহে কেরোসিন ও ডিজেলের ব্যবসা করত। এর আড়ালেই সে সংগঠনের কার্যক্রম পরিচালনা করত।

র‌্যাব সূত্র জানায়, গত ২১ জুলাই মাহমুদুল হাসান গ্রেপ্তার হওয়ার পর সংগঠনের নারী শাখার প্রশিক্ষক রাশেদুজ্জামান রোজ ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব গ্রহণ করে। তার ল্যাপটপে জঙ্গিসংশ্লিষ্ট কিছু নৃশংস ছবি ও ভিডিও ফুটেজ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে রাশেদুজ্জামান রোজ র‌্যাবকে জানায়, সে ২০০১ সালে ঝিনাইদহ থেকে এসএসসি ও ২০০৩ সালে এইচএসসি পাস করে সরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএসে ভর্তির জন্য মনোনীত হয়। ওই বছর ভর্তি না হয়ে পরে ২০০৫ সালে বেসরকারি আইইউবিতে বিবিএতে ভর্তি হয়। দুই সেমিস্টার পড়ার পর ২০০৬ সালে পাড়ি জমায় কানাডায়। সেখানে সে সেইন্ট মারিজ বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে অর্থনীতিতে গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করে। কানাডায় পড়ালেখা করার সময় মধ্যপ্রাচ্য ও সিরিয়ান কয়েকজন বন্ধু-বান্ধবের সঙ্গে সখ্যের ভিত্তিতে উগ্র জঙ্গিবাদে আকৃষ্ট হয়। র‌্যাব জানায়, দেশে ফিরে পরিবারকে গ্রামে ব্যবসা করার মিথ্যা কথা বলে ২০১৪ সালে জ্বালানি তেলের ব্যবসা শুরু করে রাশেদ। পাশাপাশি জেএমবির প্রচার চালাত। পরে পরিচয় ঘটে জেএমবির সক্রিয় সদস্য আব্দুল হাইয়ের সঙ্গে। আব্দুল হাইয়ের মাধ্যমে পরিচয় হয় সংগঠনের দক্ষিণাঞ্চলের আমির মাহমুদুল হাসানের সঙ্গে। পরবর্তী সময়ে মাহমুদুল হাসানের সহযোগী হিসেবে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করত। বিশ্বস্ততা অর্জন করায় মাহমুদুল হাসান তাকে মহিলা শাখা পরিচালনা ও প্রশিক্ষণের দায়িত্ব দেয়। মহিলা শাখার প্রশিক্ষণ পরিচালনা করতে গিয়ে আকলিমার সঙ্গে পরিচয় হয় তার।

কালিহাতীতে দুই জঙ্গি গ্রেপ্তার : এদিকে আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানান, জেলার কালিহাতী থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম ও কিছু বই উদ্ধার করা হয়েছে। টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর অশোক কুমার সিংহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিহাতী উপজেলার এলেঙ্গার একটি ভাড়া বাসা থেকে মধুপুর উপজেলার জুয়েল মিয়া (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার বল্লমপুর গ্রাম থেকে বগুড়ার জাহিদ হোসেন (২৫) নামে আরেক যুবককে গ্রেপ্তার করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি