শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রোববার মীর কাসেম আলীর ফয়সালা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৮.২০১৬

99999999

ডেস্ক রিপোর্ট : দুই দফা রিভিউ শুনানি পিছিয়ে রোববারই জামায়াত নেতা মীর কাসেম আলীর বিষয়টি ফয়সালা হচ্ছে। শুনানিতে আপিল বিভাগের রায় বহালের আদেশ হলে ঈদের আগেই রায় কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-াদেশপ্রাপ্ত মীর কাসেম আলীর রিভিউ (পুনর্বিবেচনা) শুনানি রোববার সুপ্রিম কোর্টের কার্যতালিকার ১০ নম্বর ক্রমিকে রাখা হয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চে মামলার শুনানি হবে। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।

এর আগে গত ২৪ আগস্ট আসামিপক্ষের আইনজীবী রিভিউ আবেদনের ওপর শুনানি শুরু করার পার পরবতী শুনানির জন্য রোববার দিন ঠিক করেন আপিল বিভাগ। ওই দিন মীর কাসেম আলীর পক্ষে করা সময় আবেদন খারিজ করে দেন আদালত। পরে তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন রিভিউ শুনানি শুরু করেন।

এর আগে রাষ্ট্রপক্ষের এক আবেদনের শুনানি নিয়ে গত ২১ জুন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শুনানির জন্য দিন ধার্য করেন। পরে ২৫ জুলাই আপিল বিভাগ রিভিউ শুনানিতে এক মাস সময় আবেদন গ্রহণ করে ২৪ আগস্ট শুনানির জন্য দিন ধার্য করেন। ধার্য দিনে শুনানি শুরু করে রোববার পর্যন্ত মুলতবি করেন। গত ১৯ জুন মীর কাসেমের আইনজীবীরা রিভিউ আবেদন করেন।

মীর কাসেম আলীকে আপিল বিভাগ যে সাতটি অভিযোগে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে তাকে কারাদণ্ড দিয়েছেন, তার সব কয়টিতেই খালাস চেয়ে এ আবেদন করা হয়। আবেদনে মীর কাসেমকে নির্দোষ দাবি করে ১৪টি যুক্তি তুলে ধরা হয়েছে।

এর আগে জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে দেওয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় গত ৬ জুন প্রকাশ করা হয়।

২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের রায়ে মীর কাসেমের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ১৪টি অভিযোগের মধ্যে ১০টি প্রমাণিত হয়। এগুলো হলো ২, ৩, ৪, ৬, ৭, ৯, ১০, ১১, ১২ ও ১৪ নম্বর অভিযোগ। এর মধ্যে দুটিতে (১১ ও ১২ নম্বর অভিযোগ) মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া চারটি অভিযোগে তাকে খালাস দেওয়া হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি