সোমবার,১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বিসিবি সভাপতির দুশ্চিন্তার নাম তাসকিন-মুস্তাফিজ


বিসিবি সভাপতির দুশ্চিন্তার নাম তাসকিন-মুস্তাফিজ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৮.২০১৬

Capture-140-550x305

পূর্বাশা ডেস্ক:

সেই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছে বাংলাদেশ। আর ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে বাইরে আছেন দলের দুই নির্ভরযোগ্য পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তাইতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের দুশ্চিন্তার কারণ এদুজন।

পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে মুস্তাফিজের ফিরতে ফিরতে আরও চার-পাঁচ মাস সময় লাগবে। সেক্ষেত্রে ইংল্যান্ড সিরিজে নিশ্চিতভাবেই থাকছেন না মুস্তাফিজ। অন্যদিকে আগামী ৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় পরীক্ষা দেবেন তাসকিন। ইতিবাচক ফলাফল পেলেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন ডানহাতি এই পেসার।

কিন্তু এই মুহূর্তে তাদের না পাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় বিসিবি সভাপতি পাপন। শুধু তাই নয়, অনেকদিন ধরে বাংলাদেশ খেলার মধ্যেও নেই। এটাও ভাবিয়ে তুলছে বোর্ড সভাপতিকে।

বললেন, ‘অন্য দলগুলো সবাই খেলার মধ্যে আছে। আমাদের সমস্যা হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে খেলার মধ্যে আমরা নেই। হঠাৎ করে এমন একটা গুরুত্বপূর্ণ সিরিজে খেলা আমাদের জন্য বিরাট একটি মাইনাস পয়েন্ট। খেলায় এসে ফর্মওতো পেতে হয়। দ্বিতীয়ত আমাদের মেজর বোলার মুস্তাফিজ নেই। তাসকিনও এখন পর্যন্ত নিশ্চিত না। এই দিক থেকে আমরা একটু পিছিয়ে আছি।’

তারপরও তরুণদের ওপর আস্থা রাখতে ভুলেননি পাপন, ‘আমাদের যে দলটা আছে সেখানে ভালো মানের কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে। মাশরাফি, সাকিব, মুশফিক, রিয়াদ আছে। এছাড়া তরুণদের মধ্যে সৌম্য সরকার, সাব্বির, নাসির আছে। উদীয়মানদের মধ্যে মোসাদ্দেক হোসেন সৈকত আছে। বোলিংয়ে আল-আমিন, তাসকিন যদি খেলতে পারে আশা করি কোনও সমস্যা হবে না।’

তিনি আরও বলেন, ‘লংগার ভার্সনে আমরা হয়তো ভালো অবস্থায় নেই। যতটুকু সফলতা আছে ওয়ানডেতেই। এখানে নতুনদের একটা সুযোগ আসবেই তাদের পারফরম্যান্স তুলে ধরার জন্য। আমাদের নতুন নতুন অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। পাইপ লাইনে ভালো মানের ক্রিকেটার আছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি