স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লায় নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী জনমত গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ আগষ্ট) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসন ও কুমিল্লা জেলা তথ্য অফিসের উদ্যোগে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনরার নেতৃত্বে বাংলাদেশ ২০৪১ সনের মধ্যে উন্নত দেশে পরিণত হতে চলেছে। ইতিমধ্যে বাংলাদেশ নিন্ম মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। অচিরেই মধ্যম আয়ের দেশে এবং এরপর উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়ন এখন আন্তর্জাতিকভাবে অনুকরণীয় বলে স্বীকৃতি পাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের অভিজ্ঞতা অর্জন করে ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে এবং মালদ্বীপ ও ভূটানও তাদের দেশকে ডিজিটাল করার প্রচেষ্টা নিচ্ছে। এক শ্রেনীর দুষ্কৃতিকারী ইসলামের নামের অপব্যবহার করে সন্ত্রাস ও জঙ্গি কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের এই উন্নয়নের ধারাকে বাধাগ্রস্থ করতে চেষ্টা করছে। কিন্তু সর্বস্তরের জনগনের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সরকারের দৃঢ় পদক্ষেপের কারনে তাদের এই অপচেষ্টা রুখে দেয়া হয়েছে। তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদের মূল উৎপাটনের জন্য সকলকে পারিবারিক বন্ধনকে আরো দৃঢ় করার ও বিশেষভাবে তরুন সমাজের নিকট ইসলামের প্রকৃত বাণী পৌঁছে দেয়ার আহবান জানান।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (অতি: দা:), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ. এস আবদুল ওয়াহাব, ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনএসআইয়ের যুগ্ন পরিচালক মো: মুজিবুর রহমান, কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মো: আবদুল মজিদ, কুমিল্লা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো: আবুল কাশেম মজুমদার, কুমিল্লা পেইজ ডেভলাপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক মো: লোকমান হাকিম, সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসনাত বাবুল, কুমিল্লা প্রেসক্লাবের সি. সহ-সভাপতি মো: জাহাঙ্গীর আলম রতন, সাধারণ সম্পাদক কাজী এনামুল হক ফারুক। আলোচনা সভায় ইমাম, শিক্ষক, এনজিও প্রতিনিধি, বিশিষ্ট নাগরিকবৃন্দ, গণমাধ্যমকর্মীবৃন্দ ও সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


















































