বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » এলপিজি আমদানি বিপণনে নীতিমালা না থাকায় অতিমুনাফা করছে ব্যবসায়ীরা


এলপিজি আমদানি বিপণনে নীতিমালা না থাকায় অতিমুনাফা করছে ব্যবসায়ীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৮.২০১৬

LPG-gas

পূর্বাশা ডেস্ক:

গ্যাসের ঘাটতি পূরণ করতে সরকার বাসা-বাড়িতে পাইপ লাইনে গ্যাস দেওয়া থেকে সরে আসছে। বাসা-বাড়িতে পাইপ লাইনে গ্যাসের বদলে তরলকৃত প্রেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ব্যবহারে পরামর্শ সরকারের। বিশেষজ্ঞদের মতে, দেশে এলপিজি আমদানি ও বিপণনে কোন নীতিমালা না থাকার সুযোগে ব্যবসায়ীরা অতি মুনাফা করছে।

তরলকৃত প্রেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চাহিদা ও সরবরাহের সঠিক কোন তথ্য নেই সরকারের কাছে। তবে বেসরকারি সংস্থাগুলোর হিসাবে এলপিজির বার্ষিক চাহিদা বছরে ৪ লাখ মেট্রিকটন। আন্তর্জাতিক বাজারে সাড়ে বারো কেজি এলপিজি সিলেন্ডারের দাম ৫শ’ থেকে ৬শ’ টাকা। অথচ একই গ্যাস প্রেট্রোবাংলা বিক্রি করছে ৭শ’ টাকায়। বেসরকারি পর্যায়ে যার দাম এক হাজার টাকারও বেশি। এরচেয়ে বেশি ওজনের সিলিন্ডারের অবস্থাও একই রকম।

বাড়তি দামের কথা স্বীকার করে ব্যবসায়ীরা বলছেন, এলপিজি সিলিন্ডার আমদানিতে অতিরিক্ত খরচের কারণে দাম বেশি পড়ছে। প্রেট্রো গ্যাস মহাব্যবস্থাপক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ‘এন্ট্রি বেরিয়ারের কারণে বাজার খুব বেশি বড় করা যাচ্ছে না। একইভাবে বিতরণ খরচ বেশি হওয়ার কারণে কোন কোন ক্ষেত্রে দাম একটু বেড়ে যাচ্ছে।’

তবে এলপিজি সিলিন্ডার বিক্রির সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় বেসরকারি পর্যায়ে আমদানিকৃত গ্যাস কিনতে হয় মূল্যেরও দ্বিগুণ দামে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী মনে করেন, এলপিজির চাহিদা পূরণে সরকারি প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সংকট কমে আসবে।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আমাদের আমদানিকৃত এলপিজি বাল্কওয়েতে আসতে পারে না। সিঙ্গাপুর থেকে ছোট জাহাজে নিয়ে আসতে হয়। কারণ, আমাদের গভীর সমুদ্র বন্দর টার্মিনাল নেই। গভীর সমুদ্র বন্দর টার্মিনাল হওয়া না পর্যন্ত এলপিজির মূল্য কমানো খুব মুশকিল।’

বর্তমানে সরকারি পর্যায়ে ৩০ হাজার মেট্রিকটন এবং বেসরকারি পর্যায়ে এলপিজি সরবরাহ করা যাচ্ছে প্রায় ৯০ হাজার মেট্রিকটন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি