পূর্বাশা ডেস্ক:
ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় রাজশাহীতে পদ্মায় পানি বিপজ্জনক গতিতে বাড়ছে। ইতোমধ্যে রাজশাহীসহ অন্যান্য উপজেলায় বন্যার প্রকোপ বাড়ার পাশাপাশি ভাঙছে তীরবর্তী এলাকা। পদ্মায় চর ডুবে যাওয়ায় ক্ষতিগ্রস্ত অনেক পরিবার নিরাপদ আশ্রয়ে ছুটছেন। শনিবার দুপুর ৩টার দিকে পদ্মা বিপদসীমার মাত্র ১১ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়। এ নিয়ে নগরবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
পাউবির তথ্য মতে, রাজশাহীতে ১৮ দশমিক ৫০ মিটার থেকে বিপদসীমা শুরু। শনিবার দুপুর ৩টায় পদ্মায় পানি প্রবাহের উচ্চতা বেড়ে দাঁড়ায় ১৮ দশমিক ৩৯ সেন্টিমিটার। যা সকালে ছিল ১৮ দশমিক ৩৮ সেন্টিমিটার। শুক্রবার বিকাল ছয়টায় পানি প্রবাহের মাত্রা ছিল ১৮ দশমিক ৩১ সেন্টিমিটার। ১৮ ঘণ্টায় পদ্মায় পানি বৃদ্ধি পেয়েছে ৮ সেন্টিমিটার। এরইমধ্যে রাজশাহীর পবার মাঝ চর, চার খানপুর, খিদিরপুর, বাঘার চর আতারপুর, চরলক্ষ্মীপুর, চরনারায়ণপুরসহ ১৫টি চর ডুবে গেছে বন্যায়। এসব এলাকায় বানভাসী মানুষদের মাঝে নেমে এসেছে চরম দুর্ভোগ।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান সাংবাদিকদের জানান, ভাঙনের বিষয়টি নিয়মিত মনিটরিং করা হচ্ছে। রাজশাহী শহররক্ষা বাঁধের টি-গ্রোয়েনে পদ্মার পানি প্রবেশ মুখ বন্ধসহ বাঁধের উপর দিনে জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যানবাহন চলাচল বন্ধ করতে নিয়মিত পুলিশ পেট্রলিংয়ের ব্যবস্থাও করা হয়েছে।
আব্দুম মুনিব, কুষ্টিয়া: ফারাক্কা বাঁধের দরজা খুলে দেওয়ায় কুষ্টিয়ার দৌলতপুরের দুটি ইউনিয়ন ও হার্ডিঞ্জ সেতু এলাকায় পানি বিপদসীমার আরও কাছাকাছি চলে এসেছে। প্রতি তিন ঘণ্টায় ২ সেন্টিমিটার করে পানি বাড়ছে। পানি বাড়ার গতি যেভাবে অব্যাহত রয়েছে তাতে যেকোনো সময় বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এদিকে হঠাৎ করে পদ্মায় পানি বাড়ায় দৌলতপুর উপজেলার চিলমারি ও রামকৃঞ্চপুর ইউনিয়নের ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে অন্তত ৬০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
চিলমারি ইউনিয়নের ১৮টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নৈমূল হক জানান, যে গতিতে পানি বাড়ছে তাতে যেকোনো সময় পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করবে।’ আমাদের টিমের সদস্যরা সার্বক্ষণিক মনিটরিং করছে বলে তিনি জানান।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ভারতের বিহারের বন্যার কারণে ভারত ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়ায় চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি পাচ্ছে। এতে শিবগঞ্জ উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল পাকা, দুর্লভপুর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পানিবন্দি মানুষের মাঝে দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ব্যবস্থা ও গো-খাদ্যের ব্যাপক সংকট। এছাড়া নদীভাঙন অব্যাহত থাকায় অনেক মানুষ খোলা আকাশের নিচে বসবাস করতে দেখা গেছে। এখনও এ তিনটি ইউনিয়নে সরকারি ও বেসরকারিভাবে কোনো ত্রাণসামগ্রী বিতরণ না করায় চরাঞ্চলের মানুষের মাঝে ত্রাণের জন্য হাহাকার চলছে। ফলে অর্ধাহারে-অনাহারে মানবেতর দিনানিপাত করছে চরাঞ্চলের তিন ইউনিয়নের মানুষ। গত তিনদিন ধরে পদ্মার পানি বাড়তে থাকায় পাকা ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডের পুরো এলাকা এখন পানিবন্দি। জামাইপাড়া, ডুবাইপাড়া, কদমতলা, কাটাপাড়া, দশরশিয়া ও ৭নং ওয়ার্ডের আংশিক ডুবে গেছে। ২নং ওয়ার্ডের দক্ষিণ পাকা হলুদেসহ দু-একটি গ্রামে বন্যার পানি ঢুকেছে।
শিবগঞ্জ উপজেলার পাকা, দুর্লভপুর ও সদর উপজেলার নারায়ণপুর গ্রামের বানভাসীদের ত্রাণ সহায়তার ব্যাপারে জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি নিয়মিত তিনটি ইউনিয়নের বন্যাকবলিত এলাকার মানুষের খোঁজখবর রাখছি। পাকা ইউনিয়নের কয়েকটি গ্রাম পরিদর্শন করে কিছু মানুষকে আর্থিক সহায়তা দিয়েছি এবং শিবগঞ্জ ও সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছি যাতে দ্রুত সংশ্লিষ্ট এলাকায় চাল বিতরণ করা হয়।























































