শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপি ভবিষ্যতে ঘর থেকে বের হতে পারবে না, আশঙ্কা ফখরুলের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৮.২০১৬

bnp-logo-1

পূর্বাশা ডেস্ক:

দলের নেতাকর্মীরা আরও সুশৃঙ্খল না হলে ভবিষ্যতে ঘর থেকে বের হতে পারবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের আরও সুশৃঙ্খল না হলে আওয়ামী লীগের হামলায় এখন যেমন ঘর থেকে কেউ বের হতে পারছে না, তেমনি ভবিষ্যতেও পারবে না।

গতকাল শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কুমিল্লা জাতীয় পার্টি দক্ষিণ আয়োজিত ‘সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী’ শীর্ষক এক মিলাদ মাহফিলে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

মির্জা ফখরুল বলেন, জনগণের বিরোধিতা সত্ত্বেও সরকার ভারতের স্বার্থে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। যার ফলে নদীতে মাছশূন্য ও দক্ষিণাঞ্চল মরুভূমিতে পরিণত হবে। দেশের স্বার্থ রক্ষায় সরকার জনগণের দাবির প্রতি ক্ষমতাসীনরা কর্ণপাত করছে না বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, সরকার অসংখ্য মামলা প্রস্তুত করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরানোর ষড়যন্ত্র হচ্ছে। তবে জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্রই টিকে থাকতে পারবে না বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, সরকার জোর করে ক্ষমতায় টিকে রয়েছে। কিন্তু জোর করে ক্ষমতায় টিকে থাকা যায় না। ক্ষমতায় টিকে থাকতে হলে জনগণের হৃদয় জয় করতে হবে।

বাংলাদেশের জনগণ বর্তমানে কারাগারের মধ্যে বন্দি রয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কুমিল্লা জাতীয় পার্টির দক্ষিণের সভাপতি এয়ার আহমেদ সেলিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাপার (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, জাগপার চেয়ারম্যান শফিউল আলম প্রধান প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি