পূর্বাশা ডেস্ক:
বৈধ পাস বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে ঢুকলেই যেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয় সেই বন্দর থেকেই গায়েব হয় ২০-৪০ ফুট দীর্ঘ আস্ত কনটেইনার। চুরি হয় আমদানি করা যন্ত্রাংশ, দামি পণ্যসামগ্রী। ইয়ার্ডে কনটেইনার লোড-আনলোডের সময় যেমন দুর্ঘটনা ঘটে তেমনি বেপরোয়া ভারী গাড়ির ছোটাছুটিতেও প্রাণহানি বা পঙ্গুত্ববরণের ঘটনা ঘটছে। এসব বিষয় ছাপিয়ে নতুন করে মাথাব্যথা হচ্ছে সন্ত্রাসী হামলা।
তাই দেশের প্রধান সমুদ্রবন্দরের নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ লক্ষ্যে বন্দর নিরাপত্তা উপদেষ্টা কমিটি বৈঠকে বসছে আজ। বন্দর ভবনের বোর্ড রুমে সোমবার বিকেল তিনটায় ওই বৈঠকে বর্তমান নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম বাংলানিউজকে বলেন, রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বন্দরের অভ্যন্তরে সবসময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। এরপরও বন্দর ব্যবহারকারীদের বক্তব্য ও বাস্তব পরিস্থিতি পর্যালোচনার জন্যেই সভাটি আহ্বান করা হয়েছে।
শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহফুজুল হক শাহ বাংলানিউজকে বলেন, জাতীয় স্বার্থে চট্টগ্রাম বন্দরের গুরুত্ব অপরিসীম। দেশের আমদানি-রপ্তানির ৯২-৯৩ ভাগ পণ্যই চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবাহিত হয়। স্বাভাবিকভাবে বন্দরকে নিরবচ্ছিন্ন সেবা যেমন দিতে হয় তেমনি কঠোর নিরাপত্তা বলয়ও নিশ্চিত করতে হয়।
তিনি বলেন, আজকের (সোমবার) বৈঠকে বন্দরের নিরাপত্তা ব্যবস্থার উৎকর্ষের বিষয়ে আলোচনা হবে। বিশ্বের উন্নত বন্দরগুলোর মতো এ বন্দরেও আধুনিক প্রযুক্তি নির্ভর নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বন্দরের সব ইয়ার্ড ও গুরুত্বপূর্ণ মোড়গুলো সিসিটিভির আওতায় নিয়ে আসতে হবে। ইয়ার্ডে ছোটখাটো যে চুরি তা যদি বন্ধ করা না যায় তবে বড় ধরনের ঘটনার আশঙ্কা থেকে যায়।
তিনি বলেন, বন্দরে একসময় সিটিএমএস, ভিটিএমআইএস ছিল না। এখন আছে। এর ফলে দ্রুততম সময়ে কনটেইনার যেমন খুঁজে পাওয়া যায় তেমনি কর্ণফুলী নদী তথা বন্দর চ্যানেলের নৌযানগুলো কম্পিউটার স্ক্রিনের সামনে বসে নিয়ন্ত্রণ করা যাচ্ছে। কমেছে নৌদুর্ঘটনা। নিশ্চিত হয়েছে বন্দর চ্যানেলের নিরাপত্তা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২ মে বন্দর চট্টগ্রাম বন্দর নিরাপত্তা উপদেষ্টা কমিটি এবং ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটিজ (আইএসপিএস) কোড বাস্তবায়ন কমিটি আলাদাভাবে বৈঠক করেছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল বন্দরকে চারটি জোনে ভাগ করে বন্দরের নিজস্ব নিরাপত্তারক্ষী, কোস্ট গার্ড, নৌ-বাহিনি এবং পুলিশকে দায়িত্ব দেয়া হয়েছিল। সিদ্ধান্ত অনুযায়ী- সংরক্ষিত জেটি ও জেটি সংলগ্ন নদীর সাইটে বন্দরের নিজস্ব নিরাপত্তা কর্মীরা, কর্ণফুলী নদীপথে বহির্নোঙরে ও হারবার মাউথে কোস্টগার্ড, মুক্ত সাগরের বন্দর সীমানার কুতুবদিয়াসহ আশপাশের এলাকায় নৌবাহিনী এবং স্থলভাগে পুলিশ দায়িত্ব পালন করবে। বন্দরে নিরাপত্তা দপ্তর সূত্রে জানা গেছে, বন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে ২০০৭ সালে চট্টগ্রাম বন্দরে ১২৮টি সিসিটিভি ক্যামেরা, ১৬৪টি ফায়ার অ্যালার্ম এবং ৫০টি পাবলিক অ্যাড্রেস যন্ত্র স্থাপন করা হয়।
বন্দরের মাত্র ৩০ শতাংশ সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। বাকি ৭০ শতাংশে সিসিটিভি ক্যামেরা নেই। স্থাপিত সিসিটিভি ক্যামেরার মধ্যে অনেকগুলোই বর্তমানে অকার্যকর। বন্দরের ফায়ার অ্যালার্মটিও ঠিকভাবে কাজ করছে না। নষ্ট হয়ে গেছে অনেকগুলো পাবলিক অ্যাড্রেস যন্ত্রও। মোবাইল ভেহিক্যাল স্ক্যানারও প্রায় নষ্ট থাকে। অতীতে বন্দরের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বন্দরের বিভিন্ন স্থানে ৫৩টি পর্যবেক্ষণ টাওয়ার পোস্ট তৈরি করা হয়েছিল। সবগুলোতে জনবল সংকটের কারণে সীমিত পরিসরে এখানে দায়িত্ব পালন করেন আনসার সদস্যরা।
এর আগে নিরাপত্তার স্বার্থে গত ১১ আগস্ট বন্দর অভ্যন্তরে কালো গ্লাস ব্যবহৃত যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল বন্দর কর্তৃপক্ষ। এ ছাড়া বন্দরে প্রবেশকারী ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পরিচয়পত্রও রাখতে বলা হয়েছিল। বন্দরের নিরাপত্তা বিষয়ে গত ১০ আগস্ট সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল বলেছিলেন, বন্দরের সিকিউরিটি সিস্টেম উন্নত করে এর নিরাপত্তা ও মনিটরিং নিশ্চিত করা হবে। আট শতাধিক সিসিটিভি লাগানো হবে।


























































