শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » জিয়ার লাশ খুনীরা পুড়িয়ে দিয়েছিলো: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী


জিয়ার লাশ খুনীরা পুড়িয়ে দিয়েছিলো: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৮.২০১৬

download-92

পূর্বাশা ডেস্ক:

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে জিয়াউর রহমানের মরদেহ নেই। সেখানে আছে অন্য কিছু। কারণ জিয়াকে হত্যা করার পর তাকে কবর দেওয়া হয়নি। খুনীরা তার লাশ পুড়িয়ে ফেলেছে- এই কথা বলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সোমবার দুপুরে এই প্রতিবেদককে তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের একজন রাষ্ট্রপতি ছিলেন। তিনি বিএনপিরও প্রতিষ্ঠাতা। তিনি সেনাবাহিনীরও প্রধান ছিলেন। এছাড়াও বিএনপির তরফ থেকে তার আরো অনেক অবদানের কথাই বলা হয়। আমার প্রশ্ন হলো তিনি এত কিছু ছিলেন, তাকে হত্যা করার পর তার লাশ যে পাওয়া গেলো না বিএনপি কি একবারও এই হদিস করেছে। তিনি বলেন, আমার কাছে খবর রয়েছে ও বিভিন্ন সূত্রে শুনেছি জিয়াউর রহমানকে যারা হত্যা করেছেন তার উপর তাদের অনেক ক্ষোভ ও রাগ ছিলো। এই রাগ ও ক্ষোভের কারণে তারা তার লাশটির চিহ্নও রাখেনি। আমি যাদের কাছ থেকে শুনেছি তারা আমাকে বলেছেন, জিয়াউর রহমানের লাশ ওই সময়ে পাওয়া যায়নি। এই কারণে তিনি একজন রাষ্ট্রপতি হওয়ার পরও তার লাশের কোন ছবি তোলা হয়নি। সুযোগও ছিলো না। আরো বলেছে, হত্যা করার পর তারা ঘটনা স্থল থেকে কোথাও নিয়ে লাশ পুড়িয়ে দিয়েছে। কিংবা সেখানেই পুড়িয়ে দিয়েছে। এটা আমরা শোনা কথা।

মন্ত্রী বলেন, আমি বিএনপির প্রতি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি তারা প্রমাণ দিতে পারেন জিয়াউর রহমানের লাশের ছবি তাদের কাছে আছে। আরো যদি প্রমাণ দিতে পারে সংসদ ভবনের যে জায়গায় তাকে কবর দেওয়া হয়েছে বিএনপি দাবি করে আসছে সেখানে জিয়াউর রহমানের লাশ দাফন করা হয়েছে। আমি জানি তারা আমার চ্যালেঞ্জ গ্রহণ করে প্রমাণ করতে পারবে না যে জিয়াউর রহমানের লাশই কবর দেওয়া হয়েছে। তাদের কাছে ছবি আছে। যদি থেকে থাকে তাহলে তারা তা বের করুক।

জিয়াউর রহমন লাশ কবরে নেই এই কথা এখন জানলেন, আর জানার পর এই ব্যাপারে কিছু করার বিষয়ে আপনাদেরই বা এতদিন মনে আসেনি কেন?

তিনি বলেন, বিএনপি বলে আসছে আমরা বিশ্বাস করেছি। কিন্তু এখনতো দেখা যাচ্ছে এগুলো বিএনপির ভুল তথ্য। তারা জাতি ও জনগনকে বিভ্রান্ত করছে।

এই ব্যাপারে আপনার সরকারের আরো আগে উদ্যোগ নেওয়া হয়নি কেন, এখন রাজনৈতিক কারণেই করা হচ্ছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে এটা করা হচ্ছে না। এটা করার পেছনে দুটি কারণ আছে এক হলো আমরা জাতির সামনে প্রমাণ দিতে চাই ওই কবরে জিয়ার লাশ নেই। মিথ্যে থেকেও মুক্তি দিতে চাই। আর সেটা নেই বলে সংসদ ভবনের পাশে চন্দ্রিমা উদ্যানে তার কবর থাকতে পারবে না। জাতিকে মিথ্যে ইতিহাসের মধ্যে রাখা যাবে না। এই কারণে আমরা তার কবর সরানোর জন্য প্রযোজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্পীকারের কাছে অনুরোধ করেছি। আশা করছি স্পীকার আমাদের প্রস্তাব বিবেচনা করবেন।

বিষয়টিতো এত সহজ নয়, চাইলেই একটি কবর স্থানান্তর করা যাবে? এখানে রাজনৈতিক বিষয় রয়েছে, এছাড়াও স্পর্শকাতর বিষয়ও বটে, এটা সরকারের জন্য সমস্যা হতে পারে, তিনি বলেন, এই কবর সরালে কিছুই হবে ন্।া কারণ বিষয়টি মিথ্যের উপর দাঁড়িয়ে আছে। আর এই মিথ্যে নিয়ে চলা যাবে না। তাছাড়া আরো একটি বড় বিষয় হলো জিয়াউর রহমানের নাম বঙ্গবন্ধুর খুনের পেছনের নায়ক হিসাবে এসেছে। এই অবস্থায় একজন খুনীর কবরতো জাতীয় সংসদ ভবনের এলাকায় থাকতে পারবে না। এই কবর সরাতেই হবে।

আপনি বলছেন তার কবর না, আবার বলছেন তার কবর থাকতে পারবে না তাহলে কেমন হলো তিনি বলেন, এটা বিএনপির তরফ থেকে নাম দেওয়া হয়েছে। আসলে তার নামে কবর করা হয়েছে। যেখানে তার লাশ ছিলো না। আর যেহেতু তার লাশ নেই সেই জন্য কবর থাকার প্রশ্নই আসে না। কার না কার লাশের কবর দেয়া হয়েছে সেটা এখানে থাকে কি করে? আমাকে একজন বলেছে সেখানে নাকি খালি কফিন কবর দেওয়া হয়েছিলো।

তিনি বলেন, তার কবর সরানোর পেছনে আরো একটি কারণ হলো সংসদ ভবনের মূল নকশাতে জিয়াউর রহমানের কিংবা দেশের কোন রাষ্ট্রপতির কবর হবে এমন কোন কথাও ছিলো না। সংসদ ভবন এলাকাতে জিয়াউর রহমান, সবুর খানসহ আরো বেশ কয়েকজনের কবর দেওয়া হয়েছে। ওই সব কবর ওখানে থাকতে পারবে না। আমরা সব কবর সেখান থেকে সরানোর জন্য স্পীকারের কাছে চিঠি লিখেছি। তিনি এই ব্যাপারে ব্যবস্থা নিবেন।

কবে নাগাদ ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, লুই আইকানের নকশা সংগ্রহ করা হচ্ছে। সেই নকশার ভেতরে যা যা আছে তা বহাল রেখে এর বাইরে সংসদ ভবন ও এর এলাকায় যত ধরনের স্থাপনা অতিরিক্ত করা হয়েছে সব সরিয়ে নিতে হবে। এর কোন বিকল্প নেই।

এই সিদ্ধান্ত কি মন্ত্রী পরিষদ নিবে জানতে চাইলে তিনি বলেন, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা সংসদের স্পীকারের কাছে কয়েকবার চিঠি লিখে অনুরোধ করেছি। এটা সিদ্ধান্ত স্পীকার নিবেন। এই মুহুর্তে কত খানি সময় লাগবে তা বলতে পারছি না।

জিয়ার কবর সরিয়ে নিচ্ছেন এবং তার স্বাধীনতা পুরস্কারও বাতিল করে দিচ্ছেন, সব কিছুই কেড়ে নিচ্ছেন এর কারণ কি তিনি বলেন, এগুলো আমরা নিচ্ছি এমন নয়, কেবল অনিয়ম দূর করা হচ্ছে। অনিয়ম করে ও নকশার বাইরে তার নামে ও তাকে সম্মানিত করার জন্য সংসদ ভবন এলাকায় কবর দেওয়া হয়েছে সেটা সরিয়ে নেওয়া হবে। এটা দোষের কিছু হবে না। বঙ্গবন্ধুর খুনীদের একজন হিসাবে জিয়াউর রহমানের নাম আসছে। সেখানে এই ধরণের ব্যক্তির নামে কোন কবর রাখা যাবে না। সেখানে কেবল সংসদ এলাকার নকশার প্রকৃত আদল ফিরিয়ে আনা হবে। এমন না যে তার কবর কেবল সরানো হচ্ছে। অন্যান্য সব কবরই সরানো হবে।

এই কবর সরিয়ে কোথায় নিতে চান কিংবা নেওয়া হবে এমন কোন সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনও পর্যন্ত বিএনপির দাবিকৃত কবর কোথায় সরিয়ে নেওয়া হবে সেই জন্য জায়গা ঠিক করা হয়নি। এই জায়গা ঠিক করা হবে। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান, বনানী সামরিক কবরস্থান কিংবা বগুড়াতে তার পারিবারিক কবরস্থানে কোন কবর দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনই বলতে পারবো না।

এই কবর কি সরকার ভেঙ্গে দিবে নাকি জিয়াউর রহমানের স্ত্রী ও পুত্র এবং পরিবারের সদস্যদের বলা হবে সরিয়ে নেওয়ার জন্য কিংবা তাদের কাছে হস্তান্তর করা হবে কবরের ভেতরে যা কিছু আছে কিংবা সেখানকার মাটি এই জন্য কত দিনের সময় দেওয়া হতে পারে জানতে চাইলে তিনি বলেন, তার পরিবারের সদস্যদের এই ব্যাপারে কিছু বলা হবে না। সরকারি সিদ্ধান্তে তা সরানো হবে। তার পরিবারের সদস্যদের কবর সরিয়ে নিতে বললে তা নিবে না। এনিয়ে রাজনীতি করার চেষ্টা করবে। সেই সুযোগ দেওয়া হবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি