বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রাণভিক্ষা না চাইলে যেকোন সময় ফাঁসি : মাহবুবে আলম


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৮.২০১৬

Mahabub20160615155553

পূর্বাশা ডেস্ক:

যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায় রিভিউয়ের আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়ায় ‘সন্তোষ’ প্রকাশ করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মঙ্গলবার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যটার্নি জেনারেল বলেন, ‘যে আশা নিয়ে সমগ্র জাতি ছিল এবং আমি ছিলাম, আজ তা পূর্ণ হয়েছে, আমি সন্তুষ্ট।’

২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ মজলিশে শুরার সদস্য মীর কাসেমকে যুদ্ধাপরাধের দুই অভিযোগে মৃত্যুদ- দেওয়া হয়। গত ৮ মার্চ আপিলের রায়ে এক অভিযোগে কাসেম খালাস পেলেও অন্যটিতে সর্বোচ্চ সাজাই বহাল থাকে।

ওই রায় পুনর্বিবেচনার আবেদন প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার খারিজ করে দেওয়ায় এখন কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ থাকল একাত্তরের বদর নেতা কাসেমের সামনে।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘মীর কাসেম আলী যদি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চায় তাহলে আলাদা কথা। না হলে সরকার যখন চাইবে রায় কার্যকর হবে।’

প্রসিকিউশনের আনা ১৪টি অভিযোগের মধ্যে ১১ ও ১২ নম্বর ঘটনায় ট্রাইব্যুনাল কাসেমকে মৃত্যুদন্ড দিলেও ১২ নম্বরে আপিল বিভাগে খালাস পেয়ে যান তিনি।

রিভিউ রায়ের পর এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘প্রসিকিউশন যদি মামলাটা ঠিকমত পরিচালনা করত, তাহলে ১২ নম্বর চার্জেও মৃত্যুদন্ড বহাল থাকত’।

আপিল বিভাগে এ মামলার শুনানির সময় প্রধান বিচারপতি এস কে সিনহাও প্রসিকিউশন ও তদন্ত সংস্থার কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন, যা আলোচনার জন্ম দেয়। রিভিউ শুনানিতে তিনি বলেন, ট্রাইব্যুনালে মীর কাসেমের মামলায় প্রসিকিউশনের পক্ষে যারা যুক্ত ছিলেন এবং যিনি তাদের দায়িত্ব দিয়েছেন (প্রধান প্রসিকিউটর), তাদের ওই দায়িত্বে থাকা ‘উচিত নয়’।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি