মানবতাবিরোধী অপরাধের দায়ে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসি বহাল থাকায় বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ রায় ঘোষণার পরপরই দলটির পক্ষ থেকে বিবৃতি পাঠিয়ে হরতাল ডাকা হয়।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সদস্য এম. আলম স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, সরকার পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে জামায়াতের শীর্ষ নেতাদের একের পর এক হত্যা করছে। মীর কাসেম আলীও সরকারের সেই ষড়যন্ত্রের শিকার। তিনিসহ দলের আটক সব নেতার মুক্তির দাবিতে জামায়াত বুধবার সারাদেশে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করেছে। এর আগে ট্রাইব্যুনাল ও আপিল বিভাগে জামায়াত নেতাদের যুদ্ধাপরাধ মামলার সব রায়ের পরও হরতাল ডাকে জামায়াত। আর এসব কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক নাশকতা চালানোর নজির রয়েছে।
তাই বিগত সময়ের মতো হরতালের নামে দলটির আত্মগোপনে থাকা নেতাকর্মীরা যাতে আকস্মিক রাস্তায় নেমে কোনো ধরনের তা-ব চালাতে না পারে এ জন্য প্রস্তুতি নিয়ে মাঠে নামছে পুলিশ। কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা মাত্র হার্ডলাইনে যাওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ করে পুলিশের ওপর হামলা চালানো হলে সরাসরি গুলি চালাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাঠে নেমে তা-ব চালানোর আগেই জামায়াত-শিবিরের ক্যাডারদের গ্রেপ্তারেরও তাগিদ দেয়া হয়েছে।
পুলিশের মাঠ কর্মকর্তারা জানান, শীর্ষ প্রশাসনের নির্দেশে রোজার ঈদের পর থেকেই জামায়াত-শিবিরের দাঙ্গাবাজ নেতাকর্মীদের ধর-পাকড় শুরু হয়েছে। নজরদারিতে রয়েছেন দলটির প্রথম সারির নেতারা। কোথাও কোনো ধরনের নাশকতার পরিকল্পনার আভাষ পাওয়া মাত্র ইন্ধনদাতা নেতাদের গ্রেপ্তারেরও প্রস্তুতি রয়েছে পুলিশের।
গোয়েন্দাদের ধারণা, দলের বিপুলসংখ্যক নেতাকর্মী মামলার আসামি হয়ে আত্মগোপনে থাকায় এবং প্রথম সারির নেতারা কারাবন্দি হওয়ায় সোচ্চার আন্দোলনের শক্তি তাদের নেই। এ অবস্থায় পুলিশের ওপর সশস্ত্র হামলা চালিয়ে রাজপথে উত্তাপ ছড়ানোর চেষ্টা করতে পারে দলটির সশস্ত্র ক্যাডাররা। তাই এ ব্যাপারে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।
হরতালের সমর্থনে আন্দোলনকারীরা যাতে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নামতে না পারে সেজন্য স্পর্শকাতর পয়েন্টগুলোতে জলকামানের পাশাপাশি রায়টকার, টিয়ারশেল গান এবং চাহিদা অনুযায়ী আর্মস ফোর্স ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হচ্ছে। বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা দেখা দিলে নির্বিচারে লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ, এমনকি প্রয়োজনে রাবার বুলেট চালাতেও র্যাব-পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে জামায়াত-শিবিরের সহিংস আন্দোলনকারীরা যাতে র্যাব-পুলিশের ওপর চোরাগুপ্তা হামলা চালাতে না পারে সে অনুযায়ী কৌশলী নিরাপত্তা ছক তৈরি করা হয়েছে। ঢাকা ও এর আশপাশের এলাকার কওমি ও সাধারণ মাদ্রাসা, হোস্টেল এবং মেসগুলোর ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, হরতালের নিরাপত্তায় মেট্রোপলিটন এলাকায় মঙ্গলবার ভোর থেকে ডিএমপির প্রায় ৫ হাজার পোশাকধারী ফোর্স ও ১ হাজার রিজার্ভ ফোর্সসহ ছয় সহস্রাধিক সদস্য মোতায়েন থাকছে। এছাড়া টহলে থাকছে র্যাবের প্রায় এক হাজার সদস্য। দাঙ্গা ফোর্সের পাশাপাশি আমর্ড পুলিশ ব্যাটালিয়ন, (এপিবিএন), সোয়াট টিম ও বোম ডিস্পোজাল টিমকে মঙ্গলবার দিবাগত মধ্য রাত থেকে প্রস্তুত রাখা হয়েছে। দাঙ্গা পুলিশের প্রতিটি ইউনিটে পর্যাপ্ত টিয়ারশেল মজুদ নিশ্চিত করা হয়েছে।
এদিকে হরতাল-পূর্ববর্তী কোনো ধরনের নাশকতা যাতে কেউ ঘটাতে না পারে, এজন্য মঙ্গলবার দুপুর থেকে মাঠে সাদা পোশাকে র্যাব ও পুলিশের গোয়েন্দাদের নামানো হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে স্ট্রাইকিং ফোর্স ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্য মোতায়েন করা হয়। চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান জোরদার করে র্যাব ও পুলিশ। এছাড়াও মাঠে নামানো হয়েছে ডিবিসহ একাধিক গোয়েন্দা সংস্থার প্রায় এক হাজার সদস্য। তারা সাদা পোশাকে নগরীর ব্যস্ততম সড়কসহ বিভিন্ন অলিগলিতে টহলে থাকবে।
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যুদ্ধাপরাধী মীর কাসেমের ফাঁসির রায় বহাল থাকায় এবারের হরতালকে তারা বেশ গুরুত্ব দিয়ে দেখছে। কারণ বিগত সময়ে তার ইঙ্গিতে বড় ধরনের নাশকতার ঘটনা ঘটেছে বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে।
এদিকে ঢাকা মহানগরের মতো চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীসহ দেশের বাকি ৬টি মহানগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও প্রতিটি জেলা শহর থেকে শুরু করে উপজেলা শহরগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, হরতালের নামে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে সন্দেহভাজন পিকেটারদের তালিকা হাতে নিয়ে মঙ্গলবার মধ্যরাত থেকে পুলিশ ধরপাকড় অভিযানে নামছে। ভাড়াটে বোমাবাজ ও অস্ত্রধারী চিহ্নিত পলিটিক্যাল ক্যাডারদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র, বোমা ও ককটেলসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক উদ্ধারে দেশব্যাপী তৎপরতা চলছে। হরতাল চলাকালে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নামলেই গ্রেপ্তার, এমনকি ৩/৪ জনের অধিক বে আইনি জমায়েত হলেই ধরপাকড়ের নির্দেশ দেয়া হয়েছে। হরতালে যানবাহন চলাচল নিশ্চিত করতে হাইওয়েসহ জেলা শহরের রাস্তায় র্যাব-পুলিশের বিশেষ টিম নামানো হচ্ছে।























































